বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫০, ৮ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে তদন্তে লাগবে না কমিশন সভার অনুমোদন

পুঁজিবাজারে তদন্তে লাগবে না কমিশন সভার অনুমোদন

ছবি সংগৃহীত

পুঁজিবাজারের নজরদারি ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর করতে সিদ্ধান্ত গ্রহণের স্তর কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে কোনো কোম্পানির শেয়ারে অস্বাভাবিক লেনদেন, দরবৃদ্ধি বা দরপতনের মতো বিষয় শনাক্ত হওয়ার পর সেটি তদন্ত বা পরিদর্শনের জন্য কমিশন সভার অনুমোদনের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ইউনিট থেকেই প্রাথমিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। এতে অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরুর প্রক্রিয়ায় সময় কমবে এবং বাজারে অনিয়ম বা কারসাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে পুঁজিবাজারে দুর্বল মৌলভিত্তির ও ছোট মূলধনের কোম্পানির শেয়ারে কারসাজি ঠেকাতে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদেরও গুজব বা যাচাই না করা তথ্যের ওপর নির্ভর না করে বিনিয়োগের আগে কোম্পানির ব্যবসায়িক মডেল, আর্থিক সক্ষমতা, ব্র্যান্ড ইমেজসহ বিভিন্ন তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে থাকা ব্যক্তিদের পুঁজিবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। ‘১০ঃয ওঙঝঈঙ ডড়ৎষফ ওহাবংঃড়ৎ ডববশ ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগ সুরক্ষা এবং পুঁজিবাজারে আস্থা বাড়ানোর প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, বর্তমানে কোনো কোম্পানির শেয়ারের দরে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হয়। এরপর কমিশনের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত বা পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এখন থেকে এ ধরনের বিষয় কমিশন সভায় না এনে সংশ্লিষ্ট ইউনিট থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান প্রক্রিয়ায় একটি অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের স্তর তৈরি হচ্ছে। কোনো অস্বাভাবিকতা শনাক্ত হওয়ার পর বিষয়টি কমিশন সভায় উপস্থাপন, অনুমোদন গ্রহণ এবং এরপর তদন্ত বা পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে। পুঁজিবাজারে অনিয়মের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো কারসাজির ঘটনা চলমান থাকলে দীর্ঘসূত্রতার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, যত বেশি স্তর তৈরি হবে, সিদ্ধান্ত নিতে তত বেশি সময় লাগবে। তাই কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও গতিশীল করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার মাধ্যমে অস্বাভাবিক লেনদেন বা দরের পরিবর্তনের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করা হবে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে কোনো শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি বা লেনদেনের পেছনে কারসাজি, গুজব কিংবা কৃত্রিম চাহিদা তৈরির মতো বিষয় থাকতে পারে। এ ধরনের ঘটনায় দ্রুত নজরদারি ও তদন্ত শুরু করা গেলে অনিয়মের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একই সঙ্গে বিনিয়োগকারীদের ক্ষতির মাত্রাও কমানো যেতে পারে। ফলে তদন্ত শুরুর আগে সিদ্ধান্ত গ্রহণের স্তর কমানোর উদ্যোগকে বাজারের নজরদারি ব্যবস্থাকে আরও সক্রিয় করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পুঁজিবাজারের আকার ভবিষ্যতে আরও বড় হবে উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, বর্তমানে কয়েকশ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকলেও ভবিষ্যতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা আরও বাড়তে পারে। তখন শুধু জনবলনির্ভর ব্যবস্থায় পুরো বাজারের ওপর কার্যকর নজরদারি করা সম্ভব হবে না। এ কারণে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাজারের পরিধি যত বাড়বে, লেনদেন ও তথ্যের পরিমাণও তত বাড়বে। প্রতিদিন বিপুল পরিমাণ লেনদেনের তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য অনিয়ম শনাক্ত করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। শুধু কর্মকর্তাদের ম্যানুয়াল পর্যবেক্ষণের ওপর নির্ভর করলে অনেক ক্ষেত্রে অস্বাভাবিকতা শনাক্ত করতে সময় লাগতে পারে।
এ কারণে বিএসইসি একটি ট্র্যাকিং সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে সফটওয়্যারটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের ওপর আরও কার্যকরভাবে নজরদারি করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি চালু হলে কোনো কোম্পানির শেয়ারে হঠাৎ অস্বাভাবিক লেনদেন, দরবৃদ্ধি বা লেনদেনের ধরনে পরিবর্তন হলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে নির্দিষ্ট কোনো শেয়ারে ধারাবাহিকভাবে অস্বাভাবিক লেনদেন হচ্ছে কি না, সেটিও পর্যবেক্ষণের আওতায় আনা যাবে।
এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং সম্ভাব্য অনিয়মের ঝুঁকি আগে থেকেই শনাক্ত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়ানোর সুযোগ রয়েছে।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, ব্রোকারেজ হাউসগুলোর ব্যাক অফিস ব্যবস্থায় বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। একেকটি প্রতিষ্ঠান একেক ধরনের সফটওয়্যার ব্যবহার করায় তথ্যের সমন্বয় ও নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।
তিনি জানান, ব্রোকারেজ হাউসগুলোর ব্যাক অফিস সফটওয়্যার একীভূত ও মানসম্মত করার জন্য একটি কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে একটি সমন্বিত সফটওয়্যারের মাধ্যমে বাজারের তথ্য ও লেনদেন পর্যবেক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, ব্রোকারেজ হাউজের অভ্যন্তরীণ তথ্যব্যবস্থা শক্তিশালী করা পুঁজিবাজারের সার্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগকারীদের আদেশ, লেনদেন, হিসাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ব্রোকারেজ হাউসের প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত ও পরিচালিত হয়। এসব তথ্যের নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত না হলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
একটি সমন্বিত ও মানসম্মত সফটওয়্যার কাঠামো চালু হলে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ এবং বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান আরও কার্যকর হতে পারে। পাশাপাশি লেনদেন পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করাও সহজ হবে।
সেমিনারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম পুঁজিবাজারে ছোট মূলধনের ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি বলেন, পুঁজিবাজারে ছোট মূলধনের ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারে অনেক সময় অস্বাভাবিক লেনদেন ও দরবৃদ্ধির প্রবণতা দেখা যায়। এসব শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করার পাশাপাশি নজরদারি আরও কঠোর করা প্রয়োজন।
মমিনুল ইসলাম মনে করেন, এসব কোম্পানির শেয়ারের লেনদেনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে বিনিয়োগকারীরা আগে থেকেই সতর্ক হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে যেসব কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সক্ষমতা কিংবা মৌলভিত্তি দুর্বল, সেসব কোম্পানির শেয়ারে অস্বাভাবিক লেনদেন হলে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
বাজার বিশ্লেষকদের মতে, কম মূলধনের কোম্পানির শেয়ারে তুলনামূলক কম অর্থের লেনদেনের মাধ্যমে দরে বড় ধরনের পরিবর্তন ঘটানোর সুযোগ তৈরি হতে পারে। ফলে এ ধরনের শেয়ারে নজরদারি জোরদার করা হলে কৃত্রিমভাবে দর বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তবে একই সঙ্গে বিনিয়োগকারীদেরও নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। কোনো কোম্পানির শেয়ারের দর হঠাৎ বেড়ে গেলেই সেখানে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কোম্পানির আয়, মুনাফা, সম্পদ, দায়, ব্যবসার ভবিষ্যৎ, ব্যবস্থাপনা এবং প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বিনিয়োগকারীদের গুজব ও যাচাই না করা তথ্যের ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবসায়িক মডেল, আর্থিক সক্ষমতা, ব্র্যান্ড ইমেজসহ বিভিন্ন বিষয় যাচাই করতে হবে। বিনিয়োগকারীরা যদি কোম্পানির প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা নিয়ে বিনিয়োগ করেন, তাহলে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।
পুঁজিবাজারে গুজব একটি বড় সমস্যা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক সময় কোনো কোম্পানিকে কেন্দ্র করে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। এসব তথ্যের সত্যতা যাচাই না করে বিনিয়োগের সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা থাকে।
কোনো কোম্পানির শেয়ারের দর বাড়ছে—শুধু এই তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করে কেন দর বাড়ছে, কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে কোনো পরিবর্তন হয়েছে কি না, আর্থিক ফলাফল কেমন, কোম্পানি কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
সিএসই চেয়ারম্যানের বক্তব্যেও বিনিয়োগকারীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে শুধু নিয়ন্ত্রক সংস্থার নজরদারি যথেষ্ট নয়; বিনিয়োগকারীদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ।

সেমিনারে ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন পুঁজিবাজারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুঁজিবাজারে যারা এতদিন নেতৃত্ব দিয়েছেন, তাদের এই বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও বোঝাপড়ার ঘাটতি ছিল।
তিনি মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে থাকা ব্যক্তিদের পুঁজিবাজারের মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। কারণ বাজারের নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ, বিনিয়োগকারী সুরক্ষা এবং সংস্কারের সঙ্গে নেতৃত্বের দক্ষতা সরাসরি সম্পর্কিত।
তার মতে, নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাজারের কাঠামো, লেনদেন ব্যবস্থা, কোম্পানির আর্থিক প্রতিবেদন, বিনিয়োগকারীদের আচরণ, কারসাজির ধরন এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তা না হলে বিনিয়োগকারী সুরক্ষা এবং পুঁজিবাজার সংস্কারে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন।
বাজারসংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজার পরিচালনায় নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তব বাজার পরিস্থিতি বোঝার সক্ষমতাও প্রয়োজন। কারণ বাজারের একটি সিদ্ধান্ত শুধু একটি কোম্পানি বা নির্দিষ্ট একটি শেয়ারের ওপর নয়, বরং সামগ্রিক বিনিয়োগ পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আল-আমিন পুঁজিবাজারে অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, পুঁজিবাজারে অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের আপস বা ‘গিভ অ্যান্ড টেকিং’ হলে এ বাজার টিকবে না। পুঁজিবাজারকে পুরোপুরি স্বাধীনভাবে পরিচালনা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সরকারেরও প্রয়োজনীয় কর্তৃত্ব নিশ্চিত করতে হবে।
তার বক্তব্যে মূলত নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা ও কার্যকর ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাজারে কোনো অনিয়ম শনাক্ত হলে সেটির বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকা প্রয়োজন। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব যাতে নিয়ন্ত্রক সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, সেটিও নিশ্চিত করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার অন্যতম ভিত্তি হলো নিয়ন্ত্রক ব্যবস্থার নিরপেক্ষতা। কোনো অনিয়মের ক্ষেত্রে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া গেলে বাজারে একটি ইতিবাচক বার্তা যায়। বিপরীতে অনিয়মের ঘটনায় দীর্ঘসূত্রতা বা আপসের ধারণা তৈরি হলে বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হতে পারে।
পুঁজিবাজারে অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ার পর কমিশন সভার অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট ইউনিট থেকে তদন্ত বা পরিদর্শনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। কারণ কোনো শেয়ারের দর বা লেনদেনে অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হলে কারসাজির প্রকৃতি দ্রুত বোঝা যাবে।
তবে শুধু দ্রুত তদন্ত শুরু করাই যথেষ্ট নয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে কার্যকর ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়াও জরুরি। একই সঙ্গে তদন্তের প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত গ্রহণের স্তর কমানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলে বাজার পর্যবেক্ষণে নতুন সক্ষমতা তৈরি হতে পারে। ট্র্যাকিং সফটওয়্যার, সমন্বিত তথ্যব্যবস্থা এবং ব্রোকারেজ হাউসগুলোর সফটওয়্যার কাঠামো উন্নত করার উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে পুঁজিবাজারের নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ। কারণ নিয়ন্ত্রক সংস্থা যতই নজরদারি করুক, বিনিয়োগকারীরা যদি গুজব বা অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে ছুটে বিনিয়োগ করেন, তাহলে ঝুঁকি থেকেই যায়। তাই কোম্পানির মৌলভিত্তি, আর্থিক সক্ষমতা ও প্রকাশিত তথ্য যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
পুঁজিবাজারের নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় দ্রুততা, প্রযুক্তির ব্যবহার, নেতৃত্বের সক্ষমতা এবং বিনিয়োগকারীদের সচেতনতার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেমিনারে। কমিশন সভার অনুমোদনের একটি ধাপ বাদ দিয়ে সংশ্লিষ্ট ইউনিটকে দ্রুত তদন্তের সুযোগ দেওয়া এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে অনিয়ম শনাক্ত ও নিয়ন্ত্রণে নতুন গতি আসতে পারে। তবে এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে সেগুলো কতটা নিরপেক্ষ, স্বচ্ছ ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে তার ওপর।
একই সঙ্গে দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারে কারসাজি ঠেকানো, গুজবনির্ভর লেনদেন কমানো, ব্রোকারেজ হাউসের তথ্যব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়ন্ত্রক নেতৃত্বের সক্ষমতা বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পথ আরও সুগম হতে পারে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত, কার্যকর নজরদারি এবং কঠোরভাবে নিয়ম প্রয়োগ—এই তিনটি বিষয়ই এখন পুঁজিবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।