বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:০০, ৬ নভেম্বর ২০২৬

পোশাক খাতে অস্থিরতা

অর্থায়নের অভিযোগে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ

অর্থায়নের অভিযোগে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ

ছবি সংগৃহীত

তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি ও এতে অর্থায়নের অভিযোগে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রায় ১২৫টি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, সংস্থাটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’

ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরাও রয়েছেন। তাদের কেউ কারাগারে আছেন, আবার কেউ পলাতক।

এই তালিকায় রয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য ও এনভয় গ্রুপের মালিক আবদুস সালাম মুর্শেদী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এ ছাড়া ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হোসেন, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এস এম মান্নান কচিও তালিকায় রয়েছেন। তাদের কয়েকজনের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।