মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

​​​​​​​নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২২, ১০ নভেম্বর ২০২৬

অক্টোবরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশ

অক্টোবরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশ

ছবি সংগৃহীত

দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে মাসওয়ারি কমলেও গত বছরের একই মাসের (অক্টোবর ২০২৫) তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে। গত বছরের ঐ মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ । সোমবার বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতিতে বেশ কিছুটা স্বস্তি এসেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে।

খাদ্য মূল্যস্ফীতি কমলেও বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। এদিকে বছরওয়ারি তুলনায় দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।

বিএিসসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গ্রাম ও শহর—দুই জায়গাতেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ ।

শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসেবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ। তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বাড়ার গতিও কমেছে।