দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
৩য় সংশোধনীতে বাড়ছে তিস্তা সেচ প্রকল্পের চেয়েও ব্যয়
ছবি সংগৃহীত
দেশে যে কোনো ধরনের বড় ভূমিকম্প কিংবা আকস্মিক রাসায়নিক ও প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং নিরবচ্ছিন্ন জরুরি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে নেওয়া একটি বিশেষ প্রকল্পের বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। পর্যাপ্ত বাজেট না পাওয়া, বিশ্ববাজারে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং নতুন কিছু বাহিনীর জন্য প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম যুক্ত করার অজুহাতে ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩ পর্যায়)’-এর ৩য় সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে প্রকল্পটির ব্যয় এক ধাক্কায় বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে ২,৯৬৫.১৭ কোটি টাকা, যা মূল ও ২য় সংশোধিত ব্যয়ের চেয়ে ৬০.১৭ শতাংশ বা ১,১১৩.৮৬ কোটি টাকা বেশি। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে প্রকল্পের ৫ বছর ৮ মাসের দীর্ঘ পথচলায় বাস্তব অগ্রগতি মাত্র ২৬.৮৬ শতাংশ হওয়ায় এবং উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দিকে ঝুঁকে পড়ায় পরিকল্পনা কমিশন একাধিক প্রশ্ন ও পর্যবেক্ষণ তুলেছে।
ব্যয় ও মেয়াদের অস্বাভাবিক উল্লম্ফন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ২০২০ সালের নভেম্বর মাসে শুরু হয়। শুরুতে এর মেয়াদ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত থাকলেও পরবর্তীতে ২য় সংশোধনীতে তা ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, কাজ শেষ হতে ২০২৯ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে, যার অর্থ প্রাথমিক মেয়াদের চেয়ে এটি অতিরিক্ত প্রায় ৫ বছর বেশি সময় নিচ্ছে। মে ২০২৬ পর্যন্ত প্রকল্পটিতে খরচ হয়েছে মাত্র ৪০৫.৪৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২১.৯০ শতাংশ আর্থিক অগ্রগতি নির্দেশ করে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, সিংহভাগ কাজ (প্রায় ৭৬ শতাংশ) বাকি রেখেই এই বিপুল ব্যয় বৃদ্ধি ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব যৌক্তিক মূল্যায়নের দাবি রাখে।
ক্রয় পদ্ধতিতে অস্বচ্ছতা ও সুশাসনের প্রশ্ন: ৩য় সংশোধনীর প্রস্তাবনায় সবচেয়ে বড় যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তা হলো আগে অনুমোদিত উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) বাতিল করে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অন্তর্ভুক্ত করা। পরিকল্পনা কমিশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যাকেজে ওটিএম বাদ দিয়ে সরাসরি ডিপিএম করার প্রস্তাব করা হয়েছে, যা পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) ২০০৬ এবং পিপিআর ২০২৫-এর বিধিমালা লঙ্ঘনের শামিল হতে পারে যদি না এর সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ ব্যাখ্যা করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ‘উন্মুক্ত দরপত্র ও রিয়েল টাইম অডিট নিশ্চিত করার’ মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, সরাসরি ক্রয়ের এই প্রবণতা তার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে কমিশন।
এছাড়া বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-কে সহযোগী বাস্তবায়নকারী সংস্থা হিসেবে যুক্ত করা হলেও উদ্ধারকাজে ব্যবহূত আধুনিক যন্ত্রপাতি তৈরিতে তাদের কারিগরি সক্ষমতা কতটুকু এবং তারা এই সরঞ্জামের একমাত্র দেশীয় উৎপাদক কি না, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণক আরডিপিপিতে দেওয়া হয়নি।
বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত ও পর্যবেক্ষণ: পরিকল্পনা কমিশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগকালীন জরুরি সাড়াদানের জন্য আধুনিক প্রযুক্তি ও ৪থ জেনারেশন (৪র্থ জেনারেশন) সেলুলার যোগাযোগের মতো ব্যবস্থা গড়ে তোলা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক এবং এটি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি-১১) অর্জনে সহায়ক। তবে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং বিভিন্ন খাতের অসংগতিপূর্ণ ব্যয় প্রস্তাব নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কমিশনের তথ্যানুযায়ী, বিগত ৫ বছরে যানবাহন ভাড়া, জনবল (আউটসোর্সিং), আবাসিক টেলিফোন, পানি, মোবাইল বিল কিংবা ফায়ার সার্ভিস ও আর্মড ফোর্সেসের শেড নির্মাণের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে কোনো অর্থই ব্যয় করা হয়নি বা বিপুল পরিমাণ টাকা অব্যয়িত রয়েছে। অথচ নতুন সংশোধনীতে এসব খাতেই আবার অতিরিক্ত কোটি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, মাঠপর্যায়ের বাস্তবভিত্তিক সমীক্ষা ছাড়া থোক বরাদ্দ বা আনুমানিক ব্যয় ধরে প্রকল্প সংশোধন করা হলে তা রাষ্ট্রীয় অর্থের অপচয় বাড়াবে।
সার্বিক চিত্র ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ: সার্বিকভাবে প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরসহ সারা দেশের দুর্যোগঝুঁকি হ্রাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুর্যোগের পর মূল অবকাঠামো ভেঙে পড়লে স্যাটেলাইট, এলটিই হ্যান্ডসেট এবং ক্লাউড সার্ভারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও উদ্ধার তৎপরতা সচল রাখা সম্ভব হবে। তবে পরিকল্পনা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ফায়ার সার্ভিস বা বিএমটিএফের মতো সংস্থাকে দুর্যোগ মন্ত্রণালয়ের একক ছাতার নিচে এনে এই প্রকল্প বাস্তবায়ন করা কতটা প্রশাসনিকভাবে কার্যকর হবে, তা খতিয়ে দেখতে হবে। ৩য় সংশোধিত আরডিপিপি অনুমোদনের পূর্বে বছরভিত্তিক ব্যয়ের স্পষ্ট বিভাজন এবং উন্মুক্ত দরপত্রের নিয়মকানুন যথাযথভাবে নিশ্চিত না করলে প্রকল্পটির মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।