সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

​​​​​​​মাজহারুল ইসলাম কাঞ্চন, গাজীপুর

প্রকাশ: ২৩:৪৫, ৮ নভেম্বর ২০২৬

দুই যুগের যানজট নিরসন

জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস

জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস

ছবি সংগৃহীত

গাজীপুরবাসীর দুই যুগেরও বেশি সময়ের সীমাহীন দুর্ভোগের নাম জয়দেবপুর রেলগেটের যানজট। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা এই রেলক্রসিংয়ে আটকে থাকতে হয় হাজারো মানুষকে। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, আদালতগামী বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ যাত্রী—কেউই রেহাই পান না এ ভোগান্তি থেকে। এমনকি মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিসের গাড়িও প্রতিনিয়ত যানজটে আটকে পড়ে। এতে অতীতে ঘটেছে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বিগত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক পদে এমপি-মন্ত্রীসহ একাধিক প্রতিনিধিত্ব থাকলেও এই জনগুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

তবে অবশেষে গাজীপুরবাসীর দীর্ঘদিনের এ দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় জয়দেবপুর রেলজংশনের ওপর মেগা ওভারপাস নির্মাণের উদ্যোগ চূড়ান্ত বাস্তবায়নের পথে। ইতোমধ্যে প্রকল্পের প্রয়োজনীয় প্রকৌশল কার্যক্রম ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে। গতকাল  রোববার গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়দেবপুর রেলগেটের যানজট এখন শুধু নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি নয়, এটি গাজীপুরের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম বড় প্রতিবন্ধকতা। শহরের প্রধান সড়কের ওপর অবস্থিত এই রেলক্রসিংয়ের পূর্ব পাশে রয়েছে গাজীপুর জেলা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ, ফায়ার সার্ভিস স্টেশন ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া গাজীপুর সরকারি মহিলা কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজ, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। ফলে প্রতিদিন প্রায় লাখো মানুষকে এই রেলক্রসিং পার হতে হয়।

জয়দেবপুর রেলজংশন দিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ময়মনসিংহ ও জামালপুর রুটে প্রতিদিন নিয়মিত ৩২ জোড়া বা ৬৪টি ট্রেন চলাচল করে। ট্রেন আসার সংকেত পেলেই বন্ধ হয়ে যায় রেলগেট। একটি ট্রেন চলে যাওয়ার পর যানজট স্বাভাবিক হওয়ার আগেই অনেক সময় একাধিক ট্রেনের সংকেত পড়ে। এভাবে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় মানুষকে। এতে দুই যুগের অধিক সময়ে ধরে চরম ভোগান্তিসহ নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

এর আগে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় জয়দেবপুর রেলগেটের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করে গাজীপুর সিটি করপোরেশন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার শেয়ার বিজকে বলেন, জয়দেবপুর রেলজংশনের ওপর দিয়ে ওভারপাস নির্মাণে ২১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে টেন্ডার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রয়োজনীয় মাঠপর্যায়ের পরিদর্শন, সয়েল টেস্ট, ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও বিস্তারিত কর্মপরিকল্পনাও শেষ হয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রশাসনিক কার্যক্রম চলছে। আশা করছি, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কার্যাদেশ দেওয়া এবং ঠিকাদার নিয়োগের কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিকনির্দেশনায় সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় গাজীপুরবাসীর দুই যুগের এই মহাসংকট নিরসনের উদ্যোগ বাস্তবায়নের পর্যায়ে নেওয়া সম্ভব হয়েছে। এটি গাজীপুরের ইতিহাসে অন্যতম বড় মাইলফলক হতে যাচ্ছে। দ্রুততম সময়ে কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

প্রস্তাবিত মেগা ওভারপাসটির কারিগরি দিক তুলে ধরে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাক শেয়ার বিজকে বলেন, ওভারপাসটি দৈর্ঘ্যে ৯৭৭ মিটার এবং প্রস্থে ১২ মিটার হবে। এতে শক্তিশালী পিলার থাকবে। মূল অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি টাকা। এটি নগরের শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর রেলজংশনের ওপর দিয়ে গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ের পাশ দিয়ে সরাসরি রথখোলা সড়কের সঙ্গে যুক্ত হবে। ফলে ট্রেন চলাচলের সময় নিচের রেলগেট বন্ধ থাকলেও ওপর দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করতে পারবে।

দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্ভোগের পর মেগা ওভারপাস নির্মাণের এই উদ্যোগকে ঐতিহাসিক ও যুগান্তকারী হিসেবে দেখছেন গাজীপুরের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের কাছে এই ওভারপাস কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ থেকে মুক্তির এক কাঙ্ক্ষিত আশার আলো।