না.গঞ্জে চলতি বছর ক্রয়াদেশ কমেছে ১৪ শতাংশ
ছবি সংগৃহীত
মাত্র তিন দিনের শ্রমিক আন্দোলন। সড়ক অবরোধ, কারখানার সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ আর উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা। রাজপথের উত্তাপ হয়তো কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যে কমে যাবে। কিন্তু এর রেশ কত দিন বয়ে বেড়াতে হবে নারায়ণগঞ্জের পোশাকশিল্পকে? বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের শিল্পাঞ্চল সম্পর্কে যে নেতিবাচক বার্তা পৌঁছেছে, তার মূল্য দিতে হতে পারে আগামী কয়েক বছর। তাৎক্ষণিক ক্ষতির চেয়ে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কাই এখন বেশি ভাবাচ্ছে শিল্পমালিকদের।
নারায়ণগঞ্জে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তির প্রশ্ন। শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং সড়ক অবরোধের খবর বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশকে অনিশ্চিত উৎপাদনকেন্দ্র হিসেবে তুলে ধরছে। এর প্রভাব পড়তে পারে নতুন ক্রয়াদেশ, পণ্যের দর, উৎপাদন পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কে।
ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গত আট মাসের তথ্য অনুযায়ী ২০২৪ সালের তুলনায় বাংলাদেশে ক্রয়াদেশ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ কমেছে। শ্রমিক আন্দোলনের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ মেয়াদে ক্রয়াদেশ কমে যেতে পারে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, ক্রয়াদেশ কমে যাওয়ার পেছনে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ক্রেতাদের ব্যবসায়িক কৌশলসহ নানা কারণ রয়েছে। তবে এর সঙ্গে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীলতা যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
বেশি দামের পণ্য দিতে চাইবেন না ক্রেতারা: নারায়ণগঞ্জের গার্মেন্টস নেতাদের ভাষ্য, আন্তর্জাতিক পোশাকবাজারে শুধু পণ্যের দাম ও মান দিয়ে প্রতিযোগিতা হয় না। ক্রেতারা এখন উৎপাদন সক্ষমতা, সময়মতো পণ্য সরবরাহ, শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার স্থিতিশীল পরিবেশকেও সমান গুরুত্ব দেন। কোনো দেশে উৎপাদন কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হলে ক্রেতারা বিকল্প দেশের দিকে ঝুঁকতে পারেন।
একাধিক শিল্প উদ্যোক্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের দেশের ইমেজ নষ্ট হচ্ছে। ভবিষ্যতে ক্রেতারা বাংলাদেশকে আরও বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করতে পারেন। কোনো দেশের ঝুঁকির মাত্রা যত বেশি হয়, সেই দেশে পণ্যের দাম তত কম দেওয়া হয়। ভালো ভ্যালু বা বেশি মুনাফার পণ্য দিতে চান না ক্রেতারা। দীর্ঘমেয়াদি ক্রয়াদেশের পরিবর্তে স্বল্পমেয়াদি ক্রয়াদেশ দিতে আগ্রহী হন। আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি।
শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, এর ফলে বাংলাদেশের কারখানাগুলো উচ্চমূল্যের ও বিশেষায়িত পোশাক তৈরির সুযোগ হারাতে পারে। ক্রেতারা কম দামের পণ্য উৎপাদনের জন্য চাপ দিলে মালিকদের মুনাফার পরিমাণ কমবে। অথচ গ্যাস, বিদ্যুৎ, পরিবহন, কাঁচামাল ও শ্রমিকের মজুরিসহ প্রায় সব খাতেই উৎপাদন ব্যয় বেড়েছে। এমন পরিস্থিতিতে কম দামে পণ্য সরবরাহের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
তিন দিনে ক্ষতি কত দূর গড়াবে: নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সাম্প্রতিক তিন দিনের শ্রমিক অসন্তোষে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে ফতুল্লা, পঞ্চবটি, বিসিক, জালকুড়ি ও আশপাশের শিল্পাঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ায় উৎপাদন ও পণ্য পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শিল্পমালিকদের মতে, একটি কারখানায় কয়েক ঘণ্টা উৎপাদন বন্ধ থাকলে শুধু ওই দিনের উৎপাদনই ক্ষতিগ্রস্ত হয় না। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারলে পুরো সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। বিদেশি ক্রেতার সঙ্গে চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহে বিলম্ব হলে জরিমানা, মূল্যছাড় কিংবা ভবিষ্যৎ ক্রয়াদেশ হারানোর ঝুঁকিও থাকে।
বিশেষ করে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উৎপাদন ও সরবরাহ পরিকল্পনা করে। একটি দেশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে তারা বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজতে পারে। ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও অন্যান্য প্রতিযোগী দেশের কারখানাগুলো তখন বাড়তি সুযোগ পেতে পারে।
তবে তিন দিনের আন্দোলনে ঠিক কত কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে কিংবা কতটি ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, সে বিষয়ে নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, এই ক্ষতির বড় অংশ তাৎক্ষণিক হিসাবের বাইরে থেকে যাবে। কারণ ক্রেতারা অনেক সময় প্রকাশ্যে কোনো অভিযোগ না করেই পরবর্তী মৌসুমের ক্রয়াদেশ কমিয়ে দেন।
৩০ হাজার মজুরির দাবি, মালিকদেরও সংকট: শ্রমিকদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। দীর্ঘদিনের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়িভাড়া, খাদ্যপণ্য ও চিকিৎসা ব্যয়ের চাপে শ্রমিকদের এই দাবির পেছনে বাস্তব সংকট রয়েছে। শ্রমিকদের অভিযোগ, বর্তমান আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপণ্যের বাজারে যে হারে দাম বেড়েছে, সে তুলনায় আয় বাড়েনি।
অন্যদিকে শিল্পমালিকদের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, গ্যাস সংকট ও ডলারের বিনিময়মূল্যের চাপের মধ্যে হঠাৎ বড় অঙ্কের মজুরি বৃদ্ধি বাস্তবায়ন করা কঠিন। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি চাপে পড়বে।
শিল্পসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বহু কারখানা ইতোমধ্যে উৎপাদন ব্যয় ও জ্বালানি সংকটের সঙ্গে লড়াই করছে। ফতুল্লা-পঞ্চবটি শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানাকে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কারখানার আর্থিক সক্ষমতা ধরে রাখা—দুদিকেই ভারসাম্য প্রয়োজন।
কারা লাভবান: সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ঘিরে শিল্পমহলে আরও একটি প্রশ্ন উঠেছে। শ্রমিকদের প্রকৃত দাবি আদায়ের আন্দোলন এবং শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা—দুটিকে কি আলাদা করে দেখা হচ্ছে? মালিকপক্ষের কেউ কেউ আন্দোলনের পেছনে ইন্ধনদাতা থাকার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি। শ্রমিকদের ন্যায্য দাবিকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ তৈরি হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ই।
শিল্প উদ্যোক্তাদের মতে, একটি কারখানা বন্ধ হয়ে গেলে মালিকের আর্থিক ক্ষতির পাশাপাশি শত শত শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে। ক্রয়াদেশ কমে গেলে নতুন নিয়োগ বন্ধ হয়, অতিরিক্ত কর্মঘণ্টা কমে এবং একপর্যায়ে শ্রমিক ছাঁটাইয়ের পরিস্থিতিও তৈরি হতে পারে। অর্থাৎ যে শ্রমিকরা উন্নত মজুরির দাবিতে আন্দোলন করছেন, শিল্পের সক্ষমতা ভেঙে পড়লে তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বেন।
সমাধান কোথায়: শিল্পমালিকরা বলছেন, শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে শিল্পের উৎপাদন সক্ষমতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে মালিক-শ্রমিক-সরকারের মধ্যে কার্যকর আলোচনার বিকল্প নেই।
শ্রমিকদের অভিযোগ ও দাবিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একটি গ্রহণযোগ্য আলোচনার কাঠামো প্রয়োজন। পাশাপাশি কারখানার নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য পাওনা, নিয়মিত বেতন পরিশোধ এবং উৎপাদন অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকা জরুরি।
নারায়ণগঞ্জের পোশাকশিল্প শুধু একটি জেলার অর্থনীতির চালিকাশক্তি নয়, দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানেরও গুরুত্বপূর্ণ অংশীদার। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত। ফলে শিল্পাঞ্চলের প্রতিটি অস্থিরতা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে।
তিন দিনের আন্দোলনের উত্তাপ হয়তো স্তিমিত হবে। কিন্তু বিদেশি ক্রেতাদের মনে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করা সহজ হবে না। ১২ থেকে ১৪ শতাংশ ক্রয়াদেশ কমে যাওয়ার তথ্য যখন সামনে এসেছে, তখন নতুন করে অস্থিরতা তৈরির ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
প্রশ্ন হচ্ছে, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের যে ক্ষোভ, তার সমাধান কি আলোচনার টেবিলে হবে, নাকি রাজপথের সংঘাত আরও বাড়বে? আর সেই সংঘাতের সুযোগে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জায়গা দখল করে নেবে প্রতিযোগী দেশগুলো? শিল্পমালিকদের আশঙ্কা, আজকের অস্থিরতার মূল্য দিতে হতে পারে আগামী দিনের ক্রয়াদেশ, বিনিয়োগ ও কর্মসংস্থান দিয়ে।