বড় উত্থানের পর ফের পতনে পুঁজিবাজার, কমেছে লেনদেন
ছবি সংগৃহীত
দেশের পুঁজিবাজারে দুই কার্যদিবস বড় উত্থান ঘটার পর ফের দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে হ্রাস পেয়েছে লেনদেনের পরিমাণ। তবে অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে।
এর আগে গত সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে পুঁজিবাজারে টানা দরপতন হয়। তবে চতুর্থ ও পঞ্চম কার্যদিবসে বড় উত্থান হয়। সেই সঙ্গে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এতে এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটে।
এই উত্থানের পর গতকাল রোববার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। লেনদেনের প্রথম দুই ঘণ্টা অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষদিকে একপ্রকার ঢালাও দরপতন হয়। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা এর বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৯৮টির কমেছে এবং ২৯টির অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৩৭টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬৪টির এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া ছয়টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে নয়টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে দুই হাজার ৫৮ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে এক হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৫৮কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮৬ কোটি ৬৩ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ২৯ লাখ টাকার। ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ইভিন্স টেক্সটাইল, মতিন স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, মালেক স্পিনিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স।
অন্য পুঁজিবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৯টির কমেছে এবং ২৯টির অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১১ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৯ কোটি ৫২ লাখ টাকা।