না.গঞ্জে উৎপাদন ক্ষতি ৩০০ কোটি টাকা
নাশকতার আশঙ্কা, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার
ছবি সংগৃহীত
শ্রমিক আন্দোলনের ধাক্কা সামলে উঠতে পারছেন না নারায়ণগঞ্জের গার্মেন্টস মালিকরা। তিন দিনের আন্দোলনে শিল্পাঞ্চলে উৎপাদন ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। তাদের হিসাবে, প্রতিদিন কমপক্ষে ১০০ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। শুধু উৎপাদন বন্ধ থাকাই নয়, ব্যাহত হয়েছে কাঁচামাল সরবরাহ, পণ্য পরিবহন ও রপ্তানির প্রস্তুতি। সময়মতো পণ্য জাহাজীকরণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শিল্প মালিকরা। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো নিয়ে বাড়ছে উদ্বেগ। তাদের আশঙ্কা, দীর্ঘদিনের আর্থিক চাপের সঙ্গে নতুন করে এই ক্ষতির বোঝা যুক্ত হলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। তাতে কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়বেন হাজার হাজার শ্রমিক।
এদিকে শ্রমিক আন্দোলনের রেশ কাটলেও শিল্পাঞ্চলে পুরোপুরি স্বস্তি ফিরেনি। নতুন করে বিক্ষোভ, সংঘাত কিংবা নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। চাষাঢ়া, ফতুল্লার বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট, জালকুড়ি, কাঁচপুর ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকায় চলছে নজরদারি। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।
ব্যবসায়ী নেতাদের মতে, আন্দোলনের কারণে নারায়ণগঞ্জের শিল্প মালিকদের আর্থিক ক্ষতির পরিমাণ কেবল তাৎক্ষণিক উৎপাদন বন্ধের হিসাব দিয়ে নির্ধারণ করা যাবে না। একটি কারখানায় উৎপাদন বন্ধ হলে তার প্রভাব পড়ে পুরো সরবরাহব্যবস্থায়। সুতা, কাপড়, ডাইং, ওয়াশিং, প্রিন্টিং ও প্যাকেজিংয়ের কাজ একে অপরের সঙ্গে যুক্ত। একটি পর্যায়ে কাজ বন্ধ হলে পরবর্তী পর্যায়ের কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে একটি কারখানার অচলাবস্থা অন্য কারখানার উৎপাদনেও প্রভাব ফেলে।
তাদের হিসাবে, নারায়ণগঞ্জে প্রতিদিন অন্তত ১০০ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। তিন দিনের হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকার বেশি। তবে এটি ব্যবসায়ী নেতাদের দেওয়া প্রাথমিক হিসাব। কারখানাভিত্তিক পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির নিরীক্ষা এখনো হয়নি। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও কম বা বেশি হতে পারে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমও শ্রমিক অসন্তোষের কারণে পোশাকশিল্পে বড় ধরনের উৎপাদন ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন। তার দেওয়া জাতীয় পর্যায়ের হিসাব অনুযায়ী, আন্দোলনের তৃতীয় দিনে দেশের পোশাকশিল্পে প্রতিদিন প্রায় চার কোটি মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হচ্ছিল। তবে জাতীয় পর্যায়ের এই ক্ষতির হিসাবের সঙ্গে নারায়ণগঞ্জের ১০০ কোটি টাকার স্থানীয় হিসাব এক করে দেখার সুযোগ নেই।
নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের চাষাঢ়া ও আশপাশের এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
একই সঙ্গে ফতুল্লার বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়ক ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে নিয়মিত টহল।
বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মো. আরাফাত বলেন, বেশ কিছুদিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন চললেও বর্তমানে নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তেমন নেই। তবে সতর্কতা হিসেবে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবির টহল অব্যাহত রয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, আনসার, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ চলছে।
তিনি আরও বলেন, অধিকাংশ কারখানার শ্রমিক স্বাভাবিকভাবে কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রম চলছে। তবে কিছু কারখানায় বেতন-ভাতা ও কর্মপরিবেশ নিয়ে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। এসব বিষয় সমাধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করছে। শ্রমিকদের অভিযোগের বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
শিল্প মালিকদের উদ্বেগের বড় কারণ হচ্ছে ছোট ও মাঝারি কারখানার আর্থিক সক্ষমতা। বড় প্রতিষ্ঠানগুলোর তুলনায় এসব কারখানার নগদ অর্থের প্রবাহ কম। ব্যাংকঋণ, শ্রমিকদের বেতন, গ্যাস-বিদ্যুৎ বিল, কাঁচামাল কেনা ও অন্যান্য পরিচালন ব্যয় মেটাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। উৎপাদন বন্ধ থাকলেও এসব ব্যয় থেমে থাকে না। বরং কারখানা বন্ধ থাকার প্রতিটি দিন নতুন আর্থিক চাপ তৈরি করে।
একদিকে শ্রমিকদের বেতন-ভাতা, অন্যদিকে ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের বাধ্যবাধকতা। এর মধ্যে উৎপাদন বন্ধ থাকলে বিদেশি ক্রেতাদের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে অর্ডার বাতিল, মূল্যছাড় কিংবা ভবিষ্যতে অর্ডার কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে। ফলে আন্দোলন শেষ হলেও ক্ষতির প্রভাব দীর্ঘদিন বহন করতে হতে পারে।
অন্যদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে কেন্দ্র করে কয়েক দিনের আন্দোলনে ফতুল্লা, কুতুবাইল, কাঠেরপুল ও শিবু মার্কেট এলাকায় উত্তেজনা ছড়ায়। কোথাও সড়ক অবরোধ, কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকদের মধ্যে বহিরাগতদের ইন্ধন এবং কারখানায় হামলার অভিযোগও ওঠে। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে কারখানায় ভাঙচুর কিংবা জোর করে উৎপাদন বন্ধ করার কোনো সম্পর্ক থাকতে পারে না।
এই পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা ঠেকাতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিজিবির সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে। চাষাঢ়া, শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নজরদারি চলছে। পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজিবি সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে জেলাভিত্তিক সুনির্দিষ্ট প্লাটুনসংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিজিবি সদর দপ্তর থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন। উৎপাদনও শুরু হয়েছে। শিল্পাঞ্চলের সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সব কারখানায় পরিস্থিতি এক নয়। কোথাও শ্রমিকদের উপস্থিতি স্বাভাবিক হলেও কোথাও বেতন-ভাতা, কর্মপরিবেশ ও অন্যান্য দাবি নিয়ে অসন্তোষ রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান না হলে আবারও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শিল্প মালিকদের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিল্পের সক্ষমতা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে গেলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হন। কারখানা বন্ধ হলে শ্রমিকের কর্মসংস্থান থাকে না। অন্যদিকে মালিকের বিনিয়োগ ও ব্যবসা ঝুঁকিতে পড়ে। তাই আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া এ সংকট কাটানো কঠিন।
সংশ্লিষ্টদের মতে, শ্রমিক আন্দোলনের তাৎক্ষণিক উত্তেজনা কমলেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সংকটের অর্থনৈতিক ক্ষত রয়ে গেছে। ৩০০ কোটি টাকার উৎপাদন ক্ষতির দাবি কতটা বাস্তব, তা নির্ধারণে কারখানাভিত্তিক তথ্য সংগ্রহ জরুরি। একই সঙ্গে বন্ধ ও আংশিক চালু থাকা কারখানার সংখ্যা, শ্রমিক উপস্থিতি, বাতিল বা পিছিয়ে যাওয়া রপ্তানি আদেশ এবং বকেয়া বেতন-ভাতার হিসাবও প্রকাশ করা প্রয়োজন।
কারণ নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্প শুধু মালিকদের ব্যবসা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা, পরিবহন, কাঁচামাল সরবরাহ, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতি। শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি উৎপাদন ও কর্মসংস্থান টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।