সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সাখাওয়াত সাব্বির, চট্টগ্রাম

প্রকাশ: ২৩:০৯, ৯ নভেম্বর ২০২৬

বছরে হাজার কোটি টাকার বাণিজ্য আছাদগঞ্জের শুঁটকি বাজারে

বছরে হাজার কোটি টাকার বাণিজ্য আছাদগঞ্জের শুঁটকি বাজারে

ছবি সংগৃহীত

চট্টগ্রামের শুঁটকির স্বাদ ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। সেই শুঁটকির বড় পাইকারি বাজার নগরের আছাদগঞ্জ। শত বছরের বেশি সময় ধরে গড়ে ওঠা এ বাজারে বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি কেনাবেচা হয়। প্রতি কেজি গড়ে ৮০০ টাকা হিসাবে বছরে এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪০০ কোটি টাকার বেশি। দেশের শুঁটকির চাহিদার ৩০ থেকে ৩৫ শতাংশও সরবরাহ হয় এ বাজার থেকে।
শুধু বেচাকেনা নয়, চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে শুঁটকি উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও বিপণন পর্যন্ত বিস্তৃত হয়েছে বড় একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। এ খাতে প্রত্যক্ষভাবে কাজ করছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী রয়েছেন। তবে দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারের চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। সংরক্ষণব্যবস্থার সীমাবদ্ধতা ও উৎপাদন খরচও এ খাতের ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
আসাদগঞ্জ খুচরা শুঁটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু নাছের বলেন, অক্টোবর থেকে শুঁটকির মৌসুম শুরু হয়েছে, চলবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। সারা বছরই বাজারে বেচাকেনা হয়। তবে মৌসুমে সরবরাহ বেশি থাকে। বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয় এ বাজারে। আসাদগঞ্জে প্রতি শনি ও মঙ্গলবার বসে সাপ্তাহিক শুঁটকির হাট। হাটের দিন ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা আসতে শুরু করেন। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, উত্তরবঙ্গের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকেও ব্যবসায়ীরা এখানে আসেন। বাজারটিতে রয়েছে প্রায় ৪৫টি আড়ত ও ৩০০টি খুচরা দোকান। হাটের দিন ছাড়াও সপ্তাহের অন্য দিনগুলোতে চলে বেচাকেনা।
তিনি আরও বলেন, দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারের চাহিদার বড় অংশ আমদানি করে মেটাতে হচ্ছে। প্রতি কেজি শুঁটকি আমদানিতে সরকারি শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে ১৭০ থেকে ১৮০ টাকা ব্যয় হয়। এ খরচ শেষ পর্যন্ত বাজারদরে প্রভাব ফেলে।
আসাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশে বছরে শুঁটকির চাহিদা প্রায় ৬০ হাজার টন। এর বিপরীতে দেশীয় উৎপাদন প্রায় ২৭ হাজার টন। বাকি ৩৩ হাজার টন আমদানি করতে হয়। অর্থাৎ দেশের মোট চাহিদার প্রায় ৫৫ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ভারত ও মিয়ানমার থেকে লইট্টা, ফাইস্যা, পোয়া, নাইলা ও ছোট ছুরি মাছের শুঁটকি বেশি আমদানি করা হয়। পাকিস্তান থেকেও শুঁটকি আসে। আমদানি করা শুঁটকি সংরক্ষণে হিমাগার ব্যবহার করতে হয়। এতে পণ্যের মান ও স্থায়িত্ব বজায় রাখা গেলেও খরচ বেড়ে যায়।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীর ও বঙ্গোপসাগর উপকূলজুড়ে গড়ে উঠেছে শুঁটকি উৎপাদনের অসংখ্য পল্লি। বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট, ফিশারিঘাট, চাক্তাই, রাজাখালী, মইজ্যারটেক ও জুলধায় চলে শুঁটকি তৈরির কাজ। এ ছাড়া বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা, জালিয়াখালী নতুন বাজারসংলগ্ন এলাকা, শেখেরখীল এবং আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা উপকূলেও রয়েছে শুঁটকি উৎপাদনকেন্দ্র। এসব এলাকায় দুই শতাধিক স্থানে সাগর থেকে আহরণ করা ২০ থেকে ২৫ প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। নারী-পুরুষ মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক এ কাজে নিয়োজিত।
নগরের বাকলিয়া ও ডাঙ্গারচর শুঁটকিপল্লিতে সরেজমিনে দেখা যায়, বাকলিয়া থানা 
বাস্তুহারা এলাকার কর্ণফুলীর তীরে ৯৮ একর জায়গাজুড়ে বিস্তৃত শুঁটকিপল্লিতে ১২০টি মাচায় মাছ শুকানো হচ্ছে।
উৎপাদনকারীদের হিসাবে, এ পল্লিতে 
প্রতিদিন গড়ে দুই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিক রোকেয়া বেগম (৪৫) জানান, সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তাদের কাজ শুরু হয়। চলে সূর্য ডোবা পর্যন্ত।
পাশের আড়তে কাজ করা ছখিনা খাতুন বলেন, সারা দিন কাজ শেষে তিনি ৫০০ টাকা মজুরি পান। এ আয় দিয়েই চলে তার সংসার। ডাঙ্গারচরের শ্রমিক করিম মিয়া জানান, সাগর থেকে আনা মাছ প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নাড়িভুঁড়ি ফেলে দেওয়া হয়। এরপর মাচায় শুকাতে দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকলে তিন থেকে চার দিনের মধ্যে মাছ শুকিয়ে শুঁটকিতে পরিণত হয়। পরে বস্তায় ভরে ট্রাকে করে আসাদগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়।
আসাদগঞ্জের পাইকারি বাজারে মাছের প্রজাতি, আকার, শুষ্কতা ও গুণগত মান অনুযায়ী শুঁটকির দামে রয়েছে বেশ পার্থক্য। সম্প্রতি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি লইট্টা শুঁটকি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। ছুরি শুঁটকি ৬০০ থেকে দুই হাজার, রূপচাঁদা দুই হাজার থেকে পাঁচ হাজার এবং বড় আকারের লাল চিংড়ি এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের সবচেয়ে দামি শুঁটকির মধ্যে রয়েছে লাক্ষা। প্রতি কেজি লাক্ষা শুঁটকির দাম ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ফাইস্যা ৩০০ থেকে ১ হাজার, মইল্ল্যা ৬০০ থেকে ৮৫০ এবং পাত্তারা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। নোনা ইলিশ আকারভেদে প্রতিটি ৩০ থেকে ১ হাজার ২০০ টাকা।
মিঠাপানির মাছের শুঁটকির মধ্যে দেশি শোল প্রতি কেজি ১ হাজার, বোয়াল ৭০০ থেকে ৮০০, বাইম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০, পুঁটি ৫০০ থেকে ৬০০ এবং টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
আসাদগঞ্জের বাজারে হাঁটলে সারি সারি মাটির কলসি চোখে পড়ে। এসব কলসিতে রাখা হয় চ্যাপা শুঁটকি। বহু বছর ধরে প্রচলিত এ পদ্ধতিতে ছোট আকারের শুঁটকি সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। মেসার্স সুকোমল বড়ুয়া প্রতিষ্ঠানের কর্ণধার সুমন বড়ুয়া জানান, মাটির কলসিতে রাখলে শুঁটকি দীর্ঘদিন ভালো থাকে। একেকটি কলসিতে ৮ থেকে ৯ কেজি শুঁটকি রাখা যায়। তবে কলসির মুখ ভালোভাবে বন্ধ রাখতে হয়, যাতে বাতাস ঢুকতে না পারে।
শুটকি ব্যবসায়ী আলী আহমদ বলেন, ছোট শুঁটকি এখনো কলসিতে সংরক্ষণ করা সম্ভব। তবে বড় আকারের শুঁটকি রাখতে হিমাগারের প্রয়োজন হয়। এতে ব্যবসার খরচ বাড়ছে। পণ্যের গুণগত মান ধরে রাখতে বাধ্য হয়েই ব্যবসায়ীদের বাড়তি ব্যয় করতে হচ্ছে।
দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মোট শুঁটকির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ আসাদগঞ্জ ও চাক্তাইয়ের পাইকারি বাজার থেকে সরবরাহ করা হয় বলে ব্যবসায়ীরা জানান।
আসাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহীম বলেন, আশির দশক পর্যন্ত বাংলাদেশে শুঁটকি উৎপাদনের প্রচলন বেশি ছিল। এখন উপকূলবর্তী বিভিন্ন দেশেও শুঁটকি তৈরি হচ্ছে। শুষ্ক মৌসুমে উৎপাদন সবচেয়ে বেশি হয়। আসাদগঞ্জ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুঁটকি সরবরাহের পাশাপাশি দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।
তিনি বলেন, সরকারি সহযোগিতা, আধুনিক সংরক্ষণব্যবস্থা ও রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে শুঁটকি বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে। চট্টগ্রামের শুঁটকির স্বাদ ও সুনাম দেশি-বিদেশি ক্রেতাদের কাছে এর চাহিদা তৈরি করেছে।
সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে আহরণ করা বিভিন্ন প্রজাতির ছোট মাছ দিয়ে শুঁটকি তৈরি হয়। চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি শুধু স্থানীয় চাহিদাই নয়, ঢাকা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদাও পূরণ করছে। উৎপাদিত শুঁটকির উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণেও এ পণ্যের ভূমিকা রয়েছে।