ফিরতে পারবেন, তবে পাসপোর্ট পাবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’
গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ সরকার এ ধরনের আবেদনকে কোনো গুরুত্ব দিচ্ছে না।
এর আগে গতকাল সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এ-সংক্রান্ত একটি চিঠির বরাত দিয়ে দাবি করা হয়, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগের অংশ হিসেবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট চেয়ে তার আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠিয়েছেন। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘যে কেউ হাইকমিশনে যেকোনো কিছু লিখে পাঠাতে পারেন, আমিও হাইকমিশনে কিছু লিখে পাঠাতে পারি। কিন্তু তাতে আবেদনটির কোনো আইনগত বা প্রশাসনিক গুরুত্ব তৈরি হয় না। এর কোনো মূল্য নেই।’
এ ধরনের আবেদন অস্বাভাবিক নয় বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আইনগত, নৈতিক ও চারিত্রিক দৃষ্টিকোণ থেকে এমন আবেদনের ভিত্তি অত্যন্ত দুর্বল।’
প্রত্যর্পণের মাধ্যমে দণ্ডিত ব্যক্তিদের হস্তান্তরের ক্ষেত্রে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ফেরত চায়। বাংলাদেশ শেখ হাসিনাকে কেবল ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় এবং বিষয়টি ভারত সরকারকেও স্পষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা অন্য কোনো ব্যবস্থায় দেশে ফেরার প্রত্যাশাই বা কেন করছেন, সেই প্রশ্নও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি ফিরতে চান, তাহলে ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে বলতে পারেন।’
শেখ হাসিনার পাশাপাশি তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের অন্য জ্যেষ্ঠ নেতাদেরও পলাতক হিসেবেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনাকে একজন সাধারণ ভ্রমণকারীর মতো বিবেচনা করার যেকোনো প্রস্তাবও নাকচ করেন তিনি; বলেন, ‘প্রকাশ্য বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি কোনো প্রহসনের বিচার নয়। প্রমাণের ভিত্তিতেই বিচার করা হয়েছে।’
এ সময় শেখ হাসিনার আইনজীবীদেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। আর্থিক লাভের আশায় তার স্বার্থ রক্ষায় আইনজীবীদের তৎপর না হওয়ার আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘তার দুর্গন্ধযুক্ত অর্থ, বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের পেছনে আপনারা ছুটবেন না। নিজেদের নৈতিক ও চারিত্রিক সীমারেখা বজায় রাখুন।’