পুঁজিবাজারে বড় দরপতন কমেছে লেনদেন
ছবি সংগৃহীত
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পাশাপাশি কমেছে মূল্যসূচক। একই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হওয়ার পরপরই দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের শেষ দিকে দরপতনের মাত্রা আরও বেড়ে যায়। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্কানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৫২টির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১৪টি কোম্কানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৫৯টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্কানিগুলোর মধ্যে ১৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া চারটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ২৭টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্কানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭২৩ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৮০ কোটি ১৩ লাখ টাকা।
এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্কানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকার। ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্কিনিং।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং, সোনালী লাইফ, সেনা ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, মতিন স্কিনিং, সায়হাম কটন এবং আইপিডিসি ফাইন্যান্স।
অন্য পুঁজিবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১১৪টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭১ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।