শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২২:২২, ৩ অক্টোবর ২০২৬

১২ লাখ টাকা ভ্যাট ফাঁকিতে নিউজিল্যান্ড ডেইরিকে নোটিশ

১২ লাখ টাকা ভ্যাট ফাঁকিতে নিউজিল্যান্ড ডেইরিকে নোটিশ

ছবি সংগৃহীত

মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনবিআরের ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ীকৃত মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধে গত ২৭ সেপ্টেম্বর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ঠিকানাযুক্ত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ফেব্রুয়ারি, ২০২৫ থেকে জুন, ২০২৫ মেয়াদে এবং জুলাই, ২০২৫ থেকে জুন, ২০২৬ মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে মূসক না দেওয়ার বিষয়টি উঠে আসে। 
নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারি, ২০২৫ থেকে জুন, ২০২৫ মেয়াদের মসলা বিক্রির বিপরীতে অব্যাহতিপ্রাপ্ত সুবিধা ও অন্যান্য হিসাবের পর অপরিশোধিত মূসকের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা। আর দ্বিতীয় মেয়াদ জুলাই, ২০২৫ থেকে জুন, ২০২৬ পর্যন্ত কোম্কানিটির অপরিশোধিত মূসকের বা ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির নিকট থেকে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ি ভ্যাট আদায়ের লক্ষ্যে নোটিশ জারি করেছে এলটিইউ-ভ্যাট। মূল্য সংযোজন কর ও সম্কূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-৭৩, ৪৫ এবং ১৬০-এর অধীনে ওই নোটিশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, নোটিশ জারির ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দাখিলের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর ব্যক্তিগত শুনানির জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে অংশ না নিলে বা লিখিত জবাব না দিলে নথিপত্রে থাকা দলিলের ভিত্তিতে এক তরফা চূড়ান্ত সিদ্ধান্ত এবং জরিমানা আরোপের আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও নোটিশে উল্লেখ করা হয়েছে।