রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

আমিনুল ইসলাম

প্রকাশ: ২২:৪৭, ২২ নভেম্বর ২০২৬

নাশকতা ভাঙচুর রুখতে মাঠে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি

নাশকতা ভাঙচুর রুখতে মাঠে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি

আব্দুল্লাহ আল মামুন বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশের চলমান পরিস্থিতিতে নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতা প্রতিরোধে রাজপথে সরব অবস্থান নিয়েছে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও  বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

রোববার সকালে আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সংলগ্ন লাসানিয়া রেষ্টুরেন্ট  এর সামনে  থেকে এ কর্মসূচি শুরু হয়। 

এ সময় নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় ক্ষয়ক্ষতি প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন বাবুল বলেন, গার্মেন্টস খাতে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অসন্তোষের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি সমাধানে সরকার ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করেছে। কমিশনের কার্যক্রম চলমান থাকা অবস্থায় শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অরাজকতা, বিশৃঙ্খলা, ভাঙচুর কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর নির্দেশনা অনুযায়ী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কোনো শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা সাধারণ মানুষের সম্পদের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আতাউর রহমান আতাল চিশতী বলেন, দেশের চলমান পরিস্থিতিতে হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন কিংবা রাজনৈতিক যোগসাজশের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন, তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কারের সিদ্ধান্তও আসতে পারে।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির শান্তি পূর্ণ কর্মসূচী  শেষে বিকেএসপি সংলগ্ন এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিরানী থেকে শুরু হয়ে চক্রবর্তী ইউটার্ন, কবিরপুর, বাড়ইপাড়া ও নন্দন পার্কের ইউটার্ন ঘুরে জিরানী-আমতলা সড়কের গোহাইলবাড়ি বাজার প্রদক্ষিণ করে। পরে আতাল চিশতীর বাড়ির সামনের মাঠে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় শিমুলিয়া ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।