বিটিআরসির কারণ দর্শানোর নোটিশ
এয়ারটেলের পর সার্কেল নিয়ে বিতর্কে রবি
ছবি সংগৃহীত
এয়ারটেল ব্র্যান্ডের ব্যবহার নিয়ে জটিলতার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড নাম ব্যবহারের অভিযোগে বিতর্কে জড়িয়েছে দেশের মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এবার ‘সার্কেল’ নামে নতুন মোবাইল সেবা ব্র্যান্ড চালু করাকে কেন্দ্র করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশ্নের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে লাইসেন্স নিয়ে দেশব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানের আপত্তির পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন।
বিটিআরসির গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখের নোটিশে বলা হয়েছে, সার্কেল নেটওয়ার্ক ২০১৩ সাল থেকে কমিশনের লাইসেন্স নিয়ে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করছে। অথচ রবি আজিয়াটা কমিশনের পূর্বানুমোদন ছাড়াই ‘সার্কেল’ নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। কমিশনের পর্যবেক্ষণে এ ধরনের কার্যক্রম মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সার্কেল নেটওয়ার্কের পক্ষ থেকে এ বিষয়ে বিটিআরসিতে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে অভিযোগটি পর্যালোচনা করে রবির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে কমিশন। নোটিশে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না কেন, সে বিষয়েও রবির অবস্থান জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিটিআরসির আইনগত শাখা থেকে জারি করা নোটিশটি রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নির্ভর করছে রবির জবাব এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার ওপর।
রবির নতুন ব্র্যান্ডের ইংরেজি বানান ‘ঈরৎশষব’। অন্যদিকে, দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির নাম ‘ঈরৎপষব ঘবঃড়িৎশ’। দুটি নামের বানানে পার্থক্য থাকলেও উচ্চারণ ও সামগ্রিক পরিচিতিতে মিল রয়েছে। ফলে একই ধরনের নাম ব্যবহার করে দুটি প্রতিষ্ঠান আলাদা সেবা পরিচালনা করায় ব্র্যান্ড পরিচয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসার পর নতুন ব্র্যান্ড চালুর আগে রবি বিদ্যমান ব্র্যান্ড স্বত্ব ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক বিধিবিধান যথাযথভাবে যাচাই করেছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ২০১৩ সাল থেকে একটি প্রতিষ্ঠান যখন বিটিআরসির লাইসেন্স নিয়ে সার্কেল নামে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করছে, তখন একই রকম উচ্চারণের কাছাকাছি নাম ব্যবহার করে নতুন ব্র্যান্ড চালুর ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছিল, সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একই নাম বা কাছাকাছি উচ্চারণের ব্র্যান্ড ব্যবহারের ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরির আশঙ্কাও রয়েছে। কোনো গ্রাহক ‘সার্কেল’ নাম শুনে বা দেখে দুটি প্রতিষ্ঠানের সেবাকে একই প্রতিষ্ঠানের সেবা মনে করতে পারেন। বিশেষ করে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মতো একই খাতসংশ্লিষ্ট বাজারে কাছাকাছি নাম ব্যবহারের বিষয়টি ব্র্যান্ড পরিচয় ও গ্রাহক শনাক্তকরণের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। তবে এ ধরনের বিভ্রান্তি বাস্তবে ঘটেছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নোটিশে উল্লেখ করা হয়নি।
বিটিআরসির নোটিশে বিষয়টিকে শুধু দুটি নামের বানান বা উচ্চারণের পার্থক্য হিসেবে বিবেচনা করা হয়নি। বরং কমিশনের পূর্বানুমোদন ছাড়া একই ধরনের নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়টি মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ফলে রবির জন্য বিষয়টি কেবল নতুন ব্র্যান্ডের নাম নিয়ে আপত্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না; এর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং মেধাস্বত্ব-সংক্রান্ত বিধিবিধান অনুসরণের প্রশ্নও যুক্ত হয়েছে।
এদিকে, রবি আজিয়াটার ব্র্যান্ড ব্যবহারের বিষয়টি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি চিঠিতেও রবি এয়ারটেল নাম ব্যবহার করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। ফলে এয়ারটেল ব্র্যান্ডের পর এবার সার্কেল নাম নিয়ে নতুন বিতর্কে পড়েছে অপারেটরটি। একের পর এক ব্র্যান্ড ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার আপত্তি ও নির্দেশনার বিষয়টি কোম্পানির ব্র্যান্ড ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট অনুমোদন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এ বিষয়ে রবি আজিয়াটার কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেনি।
সার্কেল নেটওয়ার্কের এক কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, “আমরা ২০১৩ সাল থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স নিয়ে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করে আসছি। দীর্ঘদিন ধরে এই নামে আমাদের একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচিতি ও ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। এমন পরিস্থিতিতে একই টেলিযোগাযোগ খাতে কাছাকাছি উচ্চারণ ও পরিচিতিসম্পন্ন ‘ঈরৎশষব’ নাম ব্যবহার করে রবি আজিয়াটার নতুন ব্র্যান্ড চালুর বিষয়টি আমাদের ব্র্যান্ড পরিচয় ও ব্যবসায়িক স্বার্থের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আশঙ্কা, একই ধরনের নাম ব্যবহারের ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ব্র্যান্ড পরিচিতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিটিআরসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা নিয়ন্ত্রক সংস্থার কাছে বিষয়টির যথাযথ পর্যালোচনা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছি। আমরা চাই, টেলিযোগাযোগ খাতে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্র্যান্ড পরিচয় ও ব্যবসায়িক স্বার্থ যেন অন্য কোনো প্রতিষ্ঠানের কাছাকাছি নাম ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, সার্কেল নেটওয়ার্ক ২০১৩ সাল থেকে কমিশনের লাইসেন্স নিয়ে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করে আসছে। এর মধ্যে রবি আজিয়াটা কমিশনের পূর্বানুমোদন ছাড়াই ‘সার্কেল’ নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। কমিশনের মতে, এ ধরনের কার্যক্রম মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সার্কেল নেটওয়ার্কের পক্ষ থেকে গত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তা পর্যালোচনা করে রবিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির এ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হবে না কেন, সে বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
বিটিআরসির নোটিশ অনুযায়ী, সার্কেল নেটওয়ার্কের অভিযোগ পাওয়ার পর কমিশন বিষয়টি পর্যালোচনা করে রবির কাছে ব্যাখ্যা চেয়েছে। সাত দিনের সময়সীমার মধ্যে কোম্পানিকে জানাতে হবে, কেন তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না। অর্থাৎ কমিশনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে রবির বক্তব্য ও ব্যাখ্যা বিবেচনার সুযোগ রাখা হয়েছে।
এখন দেখার বিষয়, বিটিআরসির নোটিশের জবাবে রবি কী ব্যাখ্যা দেয় এবং বিদ্যমান সার্কেল নেটওয়ার্কের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে নতুন ‘ঈরৎশষব’ ব্র্যান্ডের মিলের বিষয়টি কীভাবে ব্যাখ্যা করে। একই সঙ্গে কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট নামে সেবা পরিচালনা করে আসার পর একই ধরনের নাম নিয়ে আরেকটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে ব্র্যান্ড পরিচয়, গ্রাহক বিভ্রান্তি এবং নিয়ন্ত্রক অনুমোদনের বিষয়গুলো সামনে আসাই স্বাভাবিক।