ভালো মানুষ ভালো দেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ!
ছবি সংগৃহীত
১৯৭১ সালে আমরা একটা যুদ্ধ করেছিলাম। সেটা ছিল আমাদের স্বাধীনতার মুক্তির যুদ্ধ। সে যুদ্ধে আমারা বীরদর্পে জিতেছিলাম। তারপর এ জাতির মুক্তির যাত্রা অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তারপর একে একে স্বৈরাচারবিরোধী যুদ্ধ নব্বই ও দুই হাজার চব্বিশ। কোনো যুদ্ধ বা স্বৈরাচার এ জাতিকে দমাতে পারেনি। বুকের রক্ত দিয়ে তরুণ প্রজন্মে জাতির স্বপ্নকে এগিয়ে নিয়েছে। এবারের যুদ্ধ অন্য এক সমৃদ্ধ দেশ গড়ার যুদ্ধ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যুদ্ধ। ভালো মানুষ, ভালো দেশ, সুস্থ মানুষ, দক্ষ মানুষেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। এ যুদ্ধ ভালো মানুষ, আদর্শিক সুস্থ মানুষ গড়ার যুদ্ধ। এ যুদ্ধ সুস্থ, সুন্দর, টোটাল ফিট মানুষ গড়ার। জনশক্তির বোনাস কালের এ সময় দেশে এখন তরুণ জনসংখ্যা বেশি। এ বিশাল তরুণ জনগোষ্ঠীকে লেখাপড়া, মেধায়-মননে, সৃজনশীল, দক্ষ উদার মানসিকতায় গড়ে তোলা যায় দেশ সমৃদ্ধ হবে। আমাদের সম্পদের অভাব নেই।
ইতিহাস বলে, অতীতে আমরা জাতিগতভাবে শুধু প্রাচুর্যবানই ছিলাম না; ছিলাম ভালো মানুষের দেশও। মানুষে মানুষে ছিল একাত্মতা, নিখাদ বিশ্বাস, সম্প্রীতি, সহমর্মিতা-সমমর্মিতা। আমাদের পূর্ব পুরুষরা ছিলেন ধ্যানী-জ্ঞানী, সমমর্মী, সদালাপী, সামাজিক ও সৎ। বাংলার প্রতিটি প্রান্তর, প্রতিটি ঘর ছিল প্রতিটি মানুষের জন্য নিরাপদ। এখন আমাদের স্বপ্ন প্রাচুর্যে অগ্রসরই শুধু না, নৈতিকগুণে গুণান্বিত মানুষে গড়া এক দেশ হবে বাংলাদেশ।
এ এক নৈতিক, মানবিক ও আত্মিক পুনর্জাগরণের স্বপ্নের যাত্রা। জরাব্যাধি বিজয়ী, নিরাপত্তা ও সুখের চারণভূমি এক দেশ। যে দেশে মানুষ একে অন্যের প্রতি হবে সমমর্মী; একের কথা কাজ বা আচরণ হবে না অন্যের ক্ষতির কারণ। মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে অন্যদের। যেখানে রাতদুপুরেও একজন নারী নির্ভয়ে চলাচল করতে পারবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যে কোনো স্থানে অবাধ বিচরণ করবে ভয়-ভীতি আশঙ্কা ছাড়া। তাকে একাকী ছেড়ে দিয়ে অস্বস্তি বা দুশ্চিন্তায় থাকবে না তার আপনজন।
দেশকে স্বর্গভূমি বানানোর মূল উপকরণই হলো ‘ভালো মানুষ’। কারণ একটি দেশ ‘ভালো দেশ’ তখনই হবে যখন দেশের মানুষ ভালো হবে। মানুষ ভালো হলে এবং ভালো মানুষের সংখ্যা বেড়ে গেলেই ভালো সমৃদ্ধ দেশ গড়া সম্ভব, দেশকে রূপান্তর করা সম্ভব বৈষম্যমুক্ত সমৃদ্ধ মানবিক মর্যাদাপূর্ণ স্বর্গভূমিতে। আসলে কেবল প্রাচুর্যবান হলেই মানুষ সুখী হয় না, সুখী হতে হলে নৈতিক ও আত্মিক দিক থেকেও ফিট থাকতে হয়। আর একজন ‘ভালো মানুষ’ ঠিক তা-ই!
অসংক্রামক রোগে বাড়ছে মৃত্যু
বাংলাদেশে বর্তমানে ৭০ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। এর মধ্যে ৩৪ শতাংশ মৃত্যুর কারণ হূদরোগ এবং দ্বিতীয় প্রধান কারণ ক্যান্সারসহ নানা ধরনের অসংক্রামক রোগ। ডায়াবেটিসের অবস্থাও উদ্বেগজনক। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। প্রাপ্তবয়স্কদের প্রতি ৫ জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। অর্থাৎ সামগ্রিক পরিস্থিতি মোটেও ভালো নয়। ১৯৮৬ সালে মোট মৃত্যুর মাত্র ৮ শতাংশের কারণ ছিল এসব অসংক্রামক রোগ। ২০১৪ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৫৯ শতাংশে। ২০১৭ সালে তা হয় ৬৭ শতাংশ। আর বর্তমানে ৭০ শতাংশে। যে পরিবারের একজন এসব রোগে আক্রান্ত হচ্ছে চিকিৎসা করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।
প্রশ্ন হলো, এর মূল কারণ কী? উত্তরটি খুবই সহজ খুবই সরল—জীবনধারা বা লাইফস্টাইলের সমস্যা। এসব রোগকে একত্রে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ আমাদের জীবনযাপনের ধরনই এখানে গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনযাত্রায় সচেতন হলেই এসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানুষ
ড. মাহবুব উল হক (১৯৩৪-১৯৯৮) ছিলেন একজন বিশ্বখ্যাত পাকিস্তানি অর্থনীতিবিদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) উপদেষ্টা। তিনি ১৯৯০ সালে বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে যৌথভাবে ‘মানব উন্নয়ন সূচক’ (Human Development Index-HDI) এবং ‘মানব উন্নয়ন প্রতিবেদন’ (Human Development Report) প্রবর্তন করেন। মানব উন্নয়নের ধারণার মূল ভিত্তি হলো: মানুষই একটি জাতির প্রকৃত সম্পদ। উন্নয়নের মৌলিক লক্ষ্য এমন অনুকূল পরিবেশ সৃষ্টি করা, যেখানে মানুষ দীর্ঘ, সুস্থ ও সৃজনশীল জীবন উপভোগ করতে পারে। মানব উন্নয়ন মানুষের পছন্দ ও সম্ভাবনার পরিধি সম্প্রসারণের একটি প্রক্রিয়া। উন্নয়নের চূড়ান্ত উদ্দেশ্য শুধু উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা নয়; বরং প্রত্যেক মানুষের জন্য সম্ভাব্য বিকল্প ও সুযোগের ক্ষেত্র প্রসারিত করাও। মানব উন্নয়ন একই সঙ্গে একটি প্রক্রিয়া ও একটি ফলাফল। এটি যেমন মানুষের বিকল্প ও সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দেয়, তেমনি সেই সম্প্রসারিত সুযোগ-সুবিধার বাস্তব ফলাফলের প্রতিও সমান গুরুত্ব দেয়।
মানব উন্নয়নের ধারণা সম্পর্কে মাহবুব উল হক তিনটি মৌলিক বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতেন। প্রথমত, মানুষের বিকল্প ও সুযোগ তখনই বিস্তৃত হয়, যখন তারা অধিকতর সক্ষমতা অর্জন করে এবং সেই সক্ষমতা কাজে লাগানোর জন্য পর্যাপ্ত সুযোগ পায়। মানব উন্নয়ন এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেয়। যদি সক্ষমতা ও সুযোগের মধ্যে অসামঞ্জস্য থাকে, তাহলে মানুষের মধ্যে হতাশা ও বঞ্চনার সৃষ্টি হতে পারে।
দ্বিতীয়ত, মানব উন্নয়নের দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপকরণ, কিন্তু কখনোই উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য নয়। আয় তখনই অর্থবহ অবদান রাখে, যখন তার সুফল মানুষের জীবনের মান উন্নয়নে প্রতিফলিত হয়। কেবল আয়ের বৃদ্ধি কোনো লক্ষ্য হতে পারে না। উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষকে।
তৃতীয়ত, মানুষের চয়নের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে মানব উন্নয়ন ধারণা স্বীকার করে যে মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং সেই সিদ্ধান্তের নজরদারি—প্রতিটি পর্যায়েই মানুষের অংশগ্রহণ থাকা অপরিহার্য। চূড়ান্ত বিচারে মানব উন্নয়ন হলো মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন।
মানুষের উন্নয়ন বলতে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধি বোঝায়। মানুষের জন্য উন্নয়ন বলতে বোঝায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই মানুষের যাপিত জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেবে। আর মানুষের দ্বারা উন্নয়ন জোর দেয় যে মানুষের জীবনকে প্রভাবিত করে এমন প্রক্রিয়াগুলোয় তাদের সক্রিয় অংশগ্রহণ ও প্রভাব বিস্তার নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন মতে, একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে মানুষের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নকে উন্নয়নের মূল মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করেন। এ ধারণা অনুসরণ করে আমরা এখন কয়েকটি প্রতিবেদন করব মানুষের আত্মিক উন্নয়ন, শারীরিক-মানসিক উন্নয়ন ও দক্ষতার উন্নয়ন। এর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদসহ সমাজের বিশিষ্টজনের সাক্ষাৎকার, মতামত তুলে ধরতে পারি। এর সঙ্গে এসব বিষয়ে ধর্মের নির্দেশনা তুলে ধরা যায়।