বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

রামিসা রহমান

প্রকাশ: ২১:০৭, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১০, ২৬ নভেম্বর ২০২৬

বিটিআরসির অনুমোদন ছাড়াই চলছে ‘Cirkle’ ব্র্যান্ড

বিটিআরসির অনুমোদন ছাড়াই চলছে ‘Cirkle’ ব্র্যান্ড

শেয়ার বিজ

এয়ারটেল ব্র্যান্ডের পরিবর্তে ‘Cirkle’ নামে নতুন ব্র্যান্ড চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ইতোমধ্যে নতুন ব্র্যান্ডের আওতায় সেবা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। তবে ব্র্যান্ডটি চালুর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পূর্বানুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশনের কারণ দর্শানোর নোটিশে পূর্বানুমোদন ছাড়া ব্র্যান্ড ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ২০১৬ সালে রবি ও এয়ারটেলের একীভূতকরণের সময় নির্ধারিত শর্তের সঙ্গে নতুন ব্র্যান্ড চালুর বিষয়টি সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

অন্য প্রতিষ্ঠানের ব্র‍্যান্ড নাম নিজেদের নামে ব্যবহারের নজির রবির জন্য নতুন কিছু নয়। রেড ডট মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠান নিবন্ধিত থাকার পরও ২০২০ সালে রেড ডট ডিজিটাল লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে। বিষয়টি নিয়ে রেড ডট মাল্টিমিডিয়া আরজেএসসিসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ জানায়।

গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকসেবা কেন্দ্রে নিজস্ব নামে একটি ব্র‍্যান্ড থাকলেও রবি কাস্টমার কেয়ারে দুটি ব্র‍্যান্ডের সমান উপস্থিতি দেখা যায়। বিষয়টি ২০১৬ সালের রবি-এয়ারটেলের মার্জার শর্তের লঙ্ঘন হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা।

বিটিআরসির নোটিশে বলা হয়েছে, কমিশনের পূর্বানুমোদন ছাড়াই রবি ‘Cirkle’ নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি এ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হবে না কেন, সে বিষয়েও জানতে চেয়েছে কমিশন। ফলে নতুন ব্র্যান্ড চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট করার প্রয়োজন দেখা দিয়েছে।

টেলিযোগাযোগ খাতে কার্যক্রম পরিচালনাকারী একটি অপারেটর নতুন ব্র্যান্ড চালুর আগে বিটিআরসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলে তা অনুসরণ করেছিল কি না, যদি অনুমোদন নেওয়া না হয়ে থাকে, তাহলে কোন প্রক্রিয়ায় ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হলো এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান বা লাইসেন্সের শর্ত মানা হয়েছে কি না, তা জানতে চায় সংশ্লিষ্ট মহল। রবির পক্ষ থেকে এ বিষয়ে কী ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

এয়ারটেল ব্র্যান্ডের পরিবর্তে ‘Cirkle’ চালুর বিষয়টি ২০১৬ সালে রবি ও এয়ারটেলের মার্জার বা একীভূতকরণের শর্তের আলোচনাও সামনে এনেছে। ওই সময় দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের অনুমোদনের সঙ্গে ব্র্যান্ড ব্যবহার, পরিচালনা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক শর্ত কীভাবে নির্ধারিত হয়েছিল, তা পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে এয়ারটেল ব্র্যান্ডের পরিবর্তে নতুন ব্র্যান্ড চালুর ক্ষেত্রে কোনো পূর্বানুমোদন বা নির্দিষ্ট শর্ত ছিল কি না, তা স্পষ্ট হওয়া জরুরি। যদি এমন শর্ত থেকে থাকে, তাহলে ‘Cirkle’ চালুর ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

বিষয়টি শুধু নতুন একটি ব্র্যান্ডের নাম ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে রয়েছে বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া ব্র্যান্ড ব্যবহারের অভিযোগ, অন্যদিকে রয়েছে রবি-এয়ারটেল মার্জারের সময় নির্ধারিত শর্তের সঙ্গে নতুন ব্র্যান্ড চালুর সামঞ্জস্যের প্রশ্ন। এ দুটি বিষয় আলাদাভাবে যাচাই করলেই বোঝা যাবে, ব্র্যান্ড চালুর প্রক্রিয়ায় কোনো নিয়ন্ত্রক শর্তের ব্যত্যয় ঘটেছে কি না।

এর মধ্যে ‘Cirkle’ নামের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক। এ বছর গত ৮ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা দীর্ঘদিন ধরে ‘Circle Network’ নামে দেশব্যাপী ইন্টারনেট সেবা পরিচালনা করছে। রবির নতুন ব্র্যান্ড ‘Cirkle’-এর সঙ্গে তাদের প্রতিষ্ঠানের নামের উচ্চারণগত, বানানগত ও দৃশ্যগত সাদৃশ্য রয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

সার্কেল নেটওয়ার্কের দাবি, বিটিআরসির কাছ থেকে ন্যাশনওয়াইড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স নিয়ে তারা দেশব্যাপী সেবা দিয়ে আসছে। ২০১৬ সালের ১ মার্চ লাইসেন্স পাওয়ার পর থেকে ‘Circle Network’ নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। লাইসেন্স নবায়ন, কমিশনের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, ট্যারিফ অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রমেও এই নাম ব্যবহূত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, ইংরেজি বানানে পার্থক্য থাকলেও ‘Circle’ ও ‘Cirkle’ নামের উচ্চারণ প্রায় একই। বাংলায় উভয় নামই ‘সার্কেল’ হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। গ্রাহকরা প্রতিষ্ঠান দুটিকে একই ব্যবসায়িক গোষ্ঠীর অংশ, অংশীদার বা পরস্পরের সঙ্গে সম্পর্কিত সেবা প্রদানকারী হিসেবে মনে করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

সার্কেল নেটওয়ার্কের ভাষ্য, দীর্ঘদিন ধরে একই নামে ব্যবসা পরিচালনার মাধ্যমে তাদের একটি প্রতিষ্ঠিত পরিচিতি, সুনাম ও গ্রাহকভিত্তি তৈরি হয়েছে। নতুন ব্র্যান্ডের সঙ্গে নামের সাদৃশ্যের কারণে সেই পরিচিতি ও ব্যবসায়িক সুনামের ওপর প্রভাব পড়তে পারে। এ কারণে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

তবে চিঠিতে সার্কেল নেটওয়ার্ক জানিয়েছে, রবির বৈধ টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনার অধিকার নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের অভিযোগ মূলত ‘Circle Network’ নামের দীর্ঘদিনের ব্যবহার এবং রবির ‘Cirkle’ ব্র্যান্ডের সঙ্গে সম্ভাব্য বিভ্রান্তি নিয়ে। এ বিষয়ে তারা নিজেদের ন্যাশনওয়াইড আইএসপি লাইসেন্স, ট্রেডমার্কের অনুলিপি এবং রবির নতুন ব্র্যান্ড চালু ও প্রচার-প্রচারণাসংক্রান্ত সংবাদ ও প্রচারসামগ্রীর কপি বিটিআরসিতে জমা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, রবির ‘Cirkle’ ব্র্যান্ড ব্যবহারের বিষয়ে কমিশনের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি কমিশনের সংশ্লিষ্ট বিভাগ পর্যালোচনা করছে। নতুন ব্র্যান্ড ব্যবহারের ক্ষেত্রে পূর্বানুমোদনের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট লাইসেন্স ও মার্জার-সংক্রান্ত শর্ত অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সার্কেল নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম ফারহাদ শেয়ার বিজকে বলেন, নাম দুটির বানানে কিছুটা পার্থক্য থাকলেও উচ্চারণ ও ধ্বনিগত দিক থেকে প্রায় একই রকম। বাংলাতেও নাম দুটি একইভাবে উচ্চারিত হয়।

তিনি আরও বলেন, ‘রবির অনেক গ্রাহক ভুলবশত আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে ফোন করে বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন। তারা মনে করছেন, রবির কাস্টমার কেয়ারে যোগাযোগ করছেন। রবির বিভিন্ন সেবাসংক্রান্ত সমস্যার জন্য আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিদের গালিগালাজও করছেন। এতে গ্রাহকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে সার্কেল নেটওয়ার্ক এতদিন ধরে যে সুনাম ও সুনির্দিষ্ট পরিচিতি গড়ে তুলেছে, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এ বিষয়ে রবি আজিয়াটার কাছে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো উত্তর দেয়নি। বাংলালিংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, মোবাইল অপারেটরদের ব্র্যান্ড পরিচিতি পরিবর্তন বা নতুন ব্র্যান্ড চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও প্রচলিত নীতিমালা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান পরিচিতির সঙ্গে কোনো বিরোধ তৈরি হচ্ছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

গ্রামীণফোনের এক কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, টেলিযোগাযোগ খাতে ব্র্যান্ড পরিবর্তন বা নতুন ব্র্যান্ড চালুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো ও অনুমোদনের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। বিশেষ করে একীভূতকরণের মাধ্যমে গঠিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে পূর্বনির্ধারিত শর্ত ও অনুমোদনের বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা জরুরি।

সার্কেল নেটওয়ার্কের অভিযোগের বিষয়টি নতুন ব্র্যান্ড ব্যবহারের নিয়ন্ত্রক অনুমোদন নিয়ে ওঠা প্রশ্নের পাশাপাশি আলোচনায় এসেছে। তবে প্রতিষ্ঠানটির নামের সঙ্গে রবির ব্র্যান্ডের সাদৃশ্য এবং বিটিআরসির পূর্বানুমোদন-সংক্রান্ত অভিযোগ দুটি পৃথক বিষয়। একটি ক্ষেত্রে নামের ব্যবহার ও গ্রাহক বিভ্রান্তির আশঙ্কা তুলে ধরা হয়েছে, অন্য ক্ষেত্রে নতুন ব্র্যান্ড চালুর আগে কমিশনের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সেটিই মূল প্রশ্ন।