শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২৭, ৩ অক্টোবর ২০২৬

সিনহা সিকিউরিটিজকে ডিএসইর কড়া বার্তা

আর্থিক হিসাবে বড় সংশোধন ফের প্রকাশের নির্দেশ

আর্থিক হিসাবে বড় সংশোধন ফের প্রকাশের নির্দেশ

ছবি সংগৃহীত

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস সিনহা সিকিউরিটিজ লিমিটেডের আর্থিক বিবরণী নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীতে থাকা তুলনামূলক তথ্য সংশোধন করে আগের সময়ের তথ্যও সংশোধিত আকারে পুনঃপ্রকাশের নির্দেশ দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। শুধু হিসাব সংশোধন করেই দায় শেষ হচ্ছে না; সংশোধনের প্রতিটি বিষয়ের প্রকৃতি, কারণ, আর্থিক প্রভাব, সংশ্লিষ্ট দলিলপত্র এবং হিসাব সমন্বয়ের বিস্তারিত বিবরণও দাখিল করতে বলা হয়েছে।
সংশোধিত আর্থিক বিবরণী স্ট্যাচুটরি অডিটের মাধ্যমে যাচাই ও সত্যায়িত করার নির্দেশও দিয়েছে ডিএসই। পাশাপাশি প্রযোজ্য আন্তর্জাতিক হিসাবরক্ষণ মান (আইএএস), আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) এবং অন্যান্য আইন ও নিয়ন্ত্রক বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
সম্ক্রতি সিনহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ডিএসইর এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির গত ১২ আগস্ট দেওয়া একটি চিঠির পরিপ্রেক্ষিতে ডিএসই এ নির্দেশনা দিয়েছে। এর আগে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর সিনহা সিকিউরিটিজের আর্থিক বিবরণী পর্যালোচনা করে বিভিন্ন পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দিয়েছিল ডিএসই। এবার আগের পর্যবেক্ষণ যথাযথভাবে পরিপালন এবং প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসইর নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সিনহা সিকিউরিটিজকে ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীর তুলনামূলক তথ্য সংশোধন করে তা রেট্রোস্কেকটিভ বা পূর্ববর্তী সময়ের তথ্য সংশোধন করে পুনঃপ্রকাশ করতে হবে।
অর্থাৎ কোনো হিসাব বা আর্থিক তথ্যের মধ্যে ভুল, অসংগতি কিংবা সংশোধনের প্রয়োজন থাকলে শুধু সর্বশেষ আর্থিক বিবরণীতে নতুন অঙ্ক বসিয়ে বিষয়টি শেষ করা যাবে না। সংশ্লিষ্ট পূর্ববর্তী সময়ের তুলনামূলক তথ্যেও তার প্রয়োজনীয় প্রভাব দেখাতে হবে। ফলে আর্থিক বিবরণী ব্যবহারকারী বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ যেন সংশোধনের আগে ও পরের আর্থিক অবস্থার পার্থক্য বুঝতে পারেন, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।
আর্থিক বিবরণীতে কোনো পরিবর্তন আনা হলে তার কারণ এবং আর্থিক প্রভাব স্কষ্টভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছে ডিএসই। সংশোধনের আগে হিসাব কী ছিল, সংশোধনের পর কী হয়েছে এবং কেন পরিবর্তন করা হয়েছে—এসব বিষয় যথাযথ সমন্বয় বিবরণীর মাধ্যমে উপস্থাপন করতে হবে।
এতে সিনহা সিকিউরিটিজের ওপর শুধু সংশোধিত আর্থিক বিবরণী জমা দেওয়ার দায় থাকছে না; বরং সংশোধনের পেছনের কারণ, সংশ্লিষ্ট হিসাবের প্রকৃতি এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ওপর এর প্রভাবও নথিপত্রসহ ব্যাখ্যা করতে হবে। ডিএসইর চিঠিতে আর্থিক বিবরণীর প্রতিটি সংশোধনের পক্ষে পর্যাপ্ত প্রমাণপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ হিসাবের কোনো অঙ্ক বা তথ্য পরিবর্তন করা হলে সেই পরিবর্তনের ভিত্তি কী, সংশ্লিষ্ট লেনদেন বা হিসাবের সমর্থনে কী দলিল রয়েছে এবং কেন আগের তথ্য সংশোধনের প্রয়োজন হয়েছে—এসব বিষয় নথির মাধ্যমে প্রমাণ করতে হবে।
এ ধরনের নির্দেশনার ফলে আর্থিক বিবরণী সংশোধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ প্রক্রিয়া, সংশ্লিষ্ট নথিপত্র এবং আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা আরও নিবিড়ভাবে যাচাইয়ের আওতায় আসবে।
একই সঙ্গে সংশোধনের আগে ও পরের হিসাবের মধ্যে পার্থক্য তুলে ধরে যথাযথ সমন্বয় বিবরণী দিতে হবে। কোনো সংশোধনের ফলে আয়, ব্যয়, সম্কদ, দায়, মুনাফা বা লোকসান কিংবা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থানের অন্য কোনো সূচকে পরিবর্তন হলে তার প্রভাবও স্কষ্টভাবে দেখাতে হবে।
সিনহা সিকিউরিটিজের জন্য ডিএসইর আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো—পুনঃপ্রকাশিত আর্থিক তথ্য স্ট্যাচুটরি অডিটের মাধ্যমে যথাযথভাবে যাচাই ও সত্যায়িত করতে হবে।
অর্থাৎ প্রতিষ্ঠান নিজে হিসাব সংশোধন করে তা প্রকাশ করলেই হবে না। সংশোধিত আর্থিক বিবরণী নির্ধারিত অডিট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সংশোধিত তথ্য প্রযোজ্য আইএএস ও আইএফআরএসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
আর্থিক প্রতিবেদন একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থার অন্যতম প্রধান দলিল। বিশেষ করে পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ ধরনের প্রতিবেদনের গুরুত্ব আরও বেশি। কারণ ব্রোকারেজ হাউসের আর্থিক সক্ষমতা, গ্রাহকের অর্থ ও সম্কদ ব্যবস্থাপনা এবং সামগ্রিক কার্যক্রমের সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সরাসরি যুক্ত।
ডিএসইর নির্দেশনায় আর্থিক বিবরণীতে সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি নির্ধারণ ও প্রয়োগের দায়িত্বের বিষয়টিও স্কষ্ট করা হয়েছে। এ দায়িত্ব শুধু প্রতিষ্ঠানের হিসাব বিভাগ বা কোনো নির্দিষ্ট কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদ এবং স্ট্যাচুটরি অডিটর—সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব ও জবাবদিহির বিষয়টি এর সঙ্গে যুক্ত। ফলে আর্থিক বিবরণীতে কোনো অসংগতি ধরা পড়লে কিংবা পরবর্তী সময়ে কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও দায়িত্বও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, আর্থিক বিবরণীতে সংশোধনের নির্দেশ নিজেই কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম প্রমাণ করে না। তবে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ যখন পূর্ববর্তী তথ্য সংশোধন করে পুনঃপ্রকাশ এবং সংশোধনের আর্থিক প্রভাব বিস্তারিতভাবে প্রকাশের নির্দেশ দেয়, তখন আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা স্কষ্ট হয়ে ওঠে।
সিনহা সিকিউরিটিজের আর্থিক বিবরণী নিয়ে ডিএসইর বর্তমান অবস্থানের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগে গ্রাহকদের সমন্বিত হিসাব বা সিসিএ অ্যাকাউন্টে ঘাটতির বিষয়েও নিয়ন্ত্রক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে গত বছরের ডিসেম্বরে সিনহা সিকিউরিটিজের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই সময় প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবে ৯ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকার ঘাটতির তথ্য উঠে আসে।
সিসিএ অ্যাকাউন্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানের কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গ্রাহকদের অর্থ ও সংশ্লিষ্ট সম্কদের সুরক্ষা এবং হিসাবের যথাযথ সমন্বয়ের সঙ্গে এ হিসাব সরাসরি সম্কর্কিত। ফলে কোনো ব্রোকারেজ প্রতিষ্ঠানের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি তৈরি হলে তা নিয়ন্ত্রক সংস্থার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।
ঘাটতি পূরণের জন্য সিনহা সিকিউরিটিজকে একাধিকবার সময় দিয়েছিল বিএসইসি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ওই ঘাটতি পূরণ করতে পারেনি বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। ঘাটতি পূরণ না হওয়ার ধারাবাহিকতায় সিনহা সিকিউরিটিজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় বিএসইসি।
তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ সেপ্টেম্বর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২১তম কমিশন সভায় সিনহা সিকিউরিটিজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের ব্যাংক ও বিও হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বরাবর চিঠি দেয় বিএসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে অনুরোধ জানানো হয়। অর্থাৎ একদিকে আর্থিক বিবরণীর নির্ভুলতা নিয়ে ডিএসইর পর্যবেক্ষণ ও সংশোধনের নির্দেশ, অন্যদিকে অতীতে গ্রাহকের সমন্বিত হিসাবে ঘাটতি নিয়ে বিএসইসির অনুসন্ধান ও পদক্ষেপ—দুটি বিষয়ই প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক পরিপালনের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের অন্যতম প্রধান ভিত্তি হলো কোম্কানি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রকাশিত আর্থিক তথ্য। আর্থিক বিবরণীতে তথ্যের অস্কষ্টতা, ভুল বা পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক অবস্থার মূল্যায়ন কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ব্রোকারেজ হাউসের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। কারণ এসব প্রতিষ্ঠান শুধু নিজেদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে না; বিপুলসংখ্যক বিনিয়োগকারীর অর্থ, সিকিউরিটিজ ও লেনদেন ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত থাকে।
এ কারণে আর্থিক বিবরণীতে কোনো সংশোধন প্রয়োজন হলে তা কী কারণে করা হয়েছে, সংশোধনের ফলে কতটুকু আর্থিক প্রভাব পড়েছে এবং সংশোধিত তথ্য কীভাবে যাচাই করা হয়েছে—এসব বিষয় স্কষ্টভাবে প্রকাশ করা বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডিএসইর বর্তমান নির্দেশনায় এ বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু সংশোধিত হিসাব জমা দেওয়ার পরিবর্তে সংশোধনের প্রকৃতি, কারণ, আর্থিক প্রভাব, প্রমাণপত্র ও সমন্বয় বিবরণী দাখিলের নির্দেশের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্যের পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাওয়া হয়েছে। সিনহা সিকিউরিটিজকে দেওয়া ডিএসইর নির্দেশনা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক পরিপালনের ওপর বাড়তি নজরদারির বিষয়টিও সামনে এনেছে।
একটি ব্রোকারেজ হাউসের আর্থিক বিবরণী শুধু প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব নয়। এর সঙ্গে মূলধন সক্ষমতা, পরিচালন ব্যয়, সম্কদ ও দায়, গ্রাহক হিসাব এবং প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার নানা বিষয় জড়িত। ফলে আর্থিক বিবরণীতে কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে তা যথাযথভাবে যাচাই করা জরুরি। সিনহা সিকিউরিটিজের ক্ষেত্রে ডিএসইর নির্দেশনা অনুযায়ী সংশোধিত তথ্য পুনঃপ্রকাশ, পূর্ববর্তী সময়ের তুলনামূলক তথ্য সংশোধন, সংশোধনের কারণ ও আর্থিক প্রভাব ব্যাখ্যা, প্রমাণপত্র দাখিল এবং স্ট্যাচুটরি অডিটের মাধ্যমে যাচাই—সবগুলো প্রক্রিয়াই সম্কন্ন করতে হবে। এর ফলে প্রতিষ্ঠানটির পরবর্তী আর্থিক বিবরণীতে সংশোধনের প্রভাব কীভাবে প্রতিফলিত হয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
পুঁজিবাজারে আস্থার সংকট দীর্ঘদিনের। সেখানে তালিকাভুক্ত বা সদস্যভুক্ত কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য নিয়ে সংশোধনের নির্দেশ এলে বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হতে পারে। তবে কোনো হিসাব সংশোধনের নির্দেশকে সরাসরি আর্থিক অনিয়মের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। সংশোধনের প্রকৃতি, কারণ ও আর্থিক প্রভাব নির্ধারণের পরই বিষয়টির প্রকৃত তাৎপর্য স্কষ্ট হবে।
বর্তমানে সিনহা সিকিউরিটিজের ক্ষেত্রে ডিএসইর নির্দেশনার মূল বিষয় হচ্ছে আর্থিক বিবরণীর তথ্য যথাযথ হিসাবরক্ষণ মান ও নিয়ন্ত্রক বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং সংশোধনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও নথিপত্র নিশ্চিত করা।
অন্যদিকে অতীতে সিসিএ অ্যাকাউন্টে ৯ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকার ঘাটতির বিষয়টি নিয়ে বিএসইসির অনুসন্ধান ও পরবর্তী পদক্ষেপ প্রতিষ্ঠানটির ওপর নিয়ন্ত্রক নজরদারির আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ফলে এখন ডিএসইর আর্থিক বিবরণী সংশোধনের নির্দেশ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি কতটা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
সিনহা সিকিউরিটিজের সামনে এখন শুধু একটি আর্থিক বিবরণী সংশোধনের কাজ নয়; বরং সংশোধিত তথ্যের নির্ভুলতা প্রমাণ, পূর্ববর্তী তথ্যের সঙ্গে সমন্বয়, অডিটের মাধ্যমে সত্যায়ন এবং সংশ্লিষ্ট সব নথি উপস্থাপনের একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া রয়েছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও গ্রাহক স্বার্থ সুরক্ষার প্রশ্নে এ প্রক্রিয়ার বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।