রেলওয়ের স্টোর ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়ম
২৬০টি সাপোর্ট বিয়ারিং গায়েব, গচ্চা ৬৭ লাখ ৮০ হাজার টাকা
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের কেনাকাটা ও স্টোর ব্যবস্থাপনায় অনিয়ম এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগ নতুন কিছু নয়। এরই ধারাবাহিকতায় এবার রেলওয়ের কারিগরি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ‘সাপোর্ট বিয়ারিং’ সংরক্ষণে বড় ধরনের অসংগতির তথ্য উঠে এসেছে। নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বন্দর ও কাস্টমস প্রক্রিয়া শেষে রিলিজকৃত ২৬০টি সাপোর্ট বিয়ারিং রেলওয়ের নির্ধারিত স্টোরে জমা দেওয়া হয়নি। এর ফলে সরকারের সরাসরি ৬৭ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি বা অপচয় হয়েছে বলে সরকারি অডিট আপত্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে বাকি ১২২টি সাপোর্ট বিয়ারিং কোথায় আছে বা সেগুলো আদৌ স্টোরে জমা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনো সন্তোষজনক জবাব বা দালিলিক প্রমাণক উপস্থাপন করা হয়নি। নিরীক্ষা অধিদপ্তর তাদের মন্তব্যে স্পষ্টভাবে জানিয়েছে, অবশিষ্ট ১২২টি বিয়ারিংয়ের বিষয়ে কোনো প্রমাণক না থাকায় পুরো ২৬০টি বিয়ারিং স্টোরে জমার বিষয়টিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
পরিবহন অডিট অধিদপ্তরের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, রেলওয়ের কারিগরি কাজের পর রিলিজকৃত ২৬০টি সাপোর্ট বিয়ারিং নিয়ম অনুযায়ী স্টোরে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেগুলো সঠিকভাবে স্টোরে জমা দেওয়া হয়নি। তবে অডিট আপত্তির পর সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, আপত্তিকৃত ২৬০টি সাপোর্ট বিয়ারিংয়ের মধ্যে ১১০টি (৫৫ জোড়া) সহ মোট ১৩৮টি বিয়ারিং দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় পাঠানো হয়েছে।
এদিকে অডিট ও ক্রয়সংক্রান্ত নথির হিসাব বিশ্লেষণে দেখা যায়, ২৬০টি সাপোর্ট বিয়ারিংয়ের মোট ক্রয়মূল্য ধরা হয়েছে ৬৭ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসাবে প্রতিটি সাপোর্ট বিয়ারিংয়ের গড় মূল্য পড়েছে প্রায় ২৬ হাজার ৭৭ টাকা।
রেলওয়ের প্রকৌশল বিভাগের তথ্যমতে, সাপোর্ট বিয়ারিং হলো রেল ইঞ্জিনের (লোকোমোটিভ) ট্রাকশন মোটর ও এক্সেলের মধ্যকার একটি অতি সংবেদনশীল ও অপরিহার্য যন্ত্রাংশ। ট্রেন চলাচলের সময় এটি ইঞ্জিনের ভারী ওজন বহন করে, চাকার ঘূর্ণন গতি স্বাভাবিক রাখে এবং অতিরিক্ত ঘর্ষণজনিত তাপ কমিয়ে ইঞ্জিনকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে আমদানিকৃত এই যন্ত্রাংশগুলো বন্দর থেকে খালাস (রিলিজ) হওয়ার পরপরই রেলওয়ের কেন্দ্রীয় বা আঞ্চলিক স্টোরের লেজারে অন্তর্ভুক্ত হওয়ার কথা। কিন্তু রিলিজ হওয়ার পরও সেগুলো স্টোরে জমা না হওয়ায় যন্ত্রাংশগুলোর প্রকৃত অবস্থান নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
অডিট আপত্তির এই বিষয়ে রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টিকে সরাসরি দুর্নীতি বলতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের ঊর্ধ্বতন এক প্রকৌশলী জানান, অনেক সময় জরুরি ভিত্তিতে ইঞ্জিন মেরামতের প্রয়োজনে বন্দর থেকে যন্ত্রাংশ রিলিজ হওয়ার পর সরাসরি কারখানায় (ওয়ার্কশপ) পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে স্টোরের খাতায় এন্ট্রি করতে দেরি হলে অডিট অধিদপ্তর সেটিকে ‘স্টোরে জমা হয়নি’ বা ‘আর্থিক ক্ষতি’ হিসেবে আপত্তি তোলে।
রেলপথ মন্ত্রণালয়ের অডিট ও হিসাব শাখা সূত্রে জানা গেছে, সরকারি হিসাব নিরীক্ষা অধিদপ্তর থেকে উত্থাপিত আপত্তিগুলো নিষ্পত্তির জন্য নিয়মিত ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে মালামাল ব্যবহারের স্বপক্ষে প্রমাণপত্র ও ওয়ার্কশপের রিসিভ কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যথাযথ প্রমাণ দেখাতে ব্যর্থ হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং অর্থ আদায়ের বিধান রয়েছে।
রেলওয়ের এই স্টোর অব্যবস্থাপনা ও অডিট আপত্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন ও সুশাসন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক শেয়ার বিজকে জানান, রেলওয়ের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে যন্ত্রাংশ কেনাকাটা এবং স্টোর ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের অভাবই এ ধরনের অনিয়মের মূল কারণ। তিনি বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে যন্ত্রাংশ আনা হচ্ছে, অথচ সেগুলো স্টোরে ঢুকল কি না তার কোনো স্বচ্ছ ট্র্যাকিং নেই। এটি কেবল কাগজের ভুল হতে পারে না; এর পেছনে যন্ত্রাংশ পাচার বা খোলাবাজারে বিক্রির মতো সিন্ডিকেট সক্রিয় থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’
অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রেলওয়েতে অডিট আপত্তি ওঠা এবং বছরকে বছর তা ঝুলে থাকা একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। ৬৭ লাখ ৮০ হাজার টাকার যন্ত্রাংশ স্টোরে না থাকার অর্থ হলো সরাসরি রাষ্ট্রীয় সম্পদের তছরুপ। যদি এটি জরুরি কাজে ব্যবহারও হয়ে থাকে, তবে তার স্বচ্ছ নথিপত্র থাকতে হবে। তা না হলে সংশ্লিষ্ট স্টোর কর্মকর্তা ও ক্রয় কমিটির সদস্যদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
অন্যদিকে সরকারি অডিট ও হিসাবরক্ষণ বিশেষজ্ঞরা মনে করেন, কেবল চিঠিপত্র আদান-প্রদানের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। যে ১২২টি বিয়ারিংয়ের কোনো প্রমাণক পাওয়া যাচ্ছে না, সেগুলোর দায়িত্বে কোন কোন কর্মকর্তা ছিলেন তা চিহ্নিত করা জরুরি এবং যদি সংশ্লিষ্ট দপ্তর সরেজমিনে স্টোর লেজার ও গ্রহণ রশিদসহ প্রমাণক দেখাতে ব্যর্থ হয়, তবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি অর্থ আত্মসাতের বা ক্ষতির দায়ে তাদের কাছ থেকে এই অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া উচিত।
রেলওয়ের অভ্যন্তরীণ সূত্রমতে, ২০২৫ সালের সেপ্টেম্বরের এই চালানটির অডিট আপত্তি এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রেলওয়ের লোকসান কমাতে হলে কেবল নতুন প্রকল্প গ্রহণ নয়, বরং বিদ্যমান স্টোর ব্যবস্থাপনা ও যন্ত্রাংশ সংরক্ষণে কঠোর নজরদারি ও আধুনিক সফটওয়্যারভিত্তিক ইনভেন্টরি সিস্টেম চালু করা জরুরি।