সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন ৭৫৭ কোটি টাকা
ছবি সংগৃহীত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির দাম বেড়েছে, ১৫১টির কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত ছিল।
এদিন ডিএসইতে মোট ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৯৯ কোটি ১৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৬৫৮ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৬ পয়েন্টে। দিনভর সিএসইতে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দাম বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৩১টির দাম অপরিবর্তিত ছিল। এদিন সিএসইতে মোট ১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকা। আর ১৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকার অন্য কোম্পানিগুলো হলো ডরিন পাওয়ার জেনারেশনস, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।
এদিন ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল আমান কটন ফাইবার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এদিন ৬৬৮ বার লেনদেনে কোম্পানিটির ৮ লাখ ৩১ হাজার ১৮৭টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটির ১ হাজার ৭৯ বার লেনদেনে ১২ লাখ ৮১ হাজার ১৮২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২ কোটি ২০ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল গ্রোথ ফান্ডের ইউনিটদর বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটির ৩৪১ বার লেনদেনে ৬২ লাখ ৯৬৮টি ইউনিট হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকার অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমান কটন ফাইবার্স লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ দশমিক ৫২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৭ দশমিক ২৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭ দশমিক ০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৯৭ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৬ দশমিক ৯৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৮০ শতাংশ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ৩৪ বার লেনদেনে কোম্পানিটির ২ হাজার ১৪৮টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ছয় লাখ টাকা।
দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটির ৫১ বার লেনদেনে ৩০ হাজার ৮৭০টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য দুই লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ারদর কমেছে চার শতাংশ। কোম্পানিটির ৮৮ বার লেনদেনে ২ লাখ ২৬ হাজার ৮৬৯টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য পাঁচ লাখ টাকা।
দরপতনের তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩ দশমিক ৮৫ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭০ শতাংশ, কেডিএস অ্যাক্সেসরিজের ৩ দশমিক ৫৮ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ১৫ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ১৪ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৩ দশমিক ১৩ শতাংশ দর কমেছে।