ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা
ছবি সংগৃহীত
ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, পণ্য ও কাঁচামাল ক্রয় এবং সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদানের লক্ষ্যে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর যৌথ উদ্যোগে ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মডিউল চূড়ান্তকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
ওয়াইডব্লিউডিআরসি এর বনশ্রীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সহজবোধ্য, কার্যকর, বাস্তবভিত্তিক ও প্রয়োগযোগ্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ মডিউল পর্যালোচনা ও চূড়ান্ত করা। প্রস্তুতকৃত প্রশিক্ষণ মডিউলটি কর্মশালায় উপস্থাপন করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। মডিউল প্রণয়নে সহযোগিতা করেন নারী উন্নয়ন শক্তির স্বেচ্ছাসেবী জারিন তাসনিম। কর্মশালায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
সভাপতির বক্তব্যে ড. আফরোজা পারভীন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা টেকসই ও লাভজনকভাবে পরিচালনার জন্য শুধু উৎপাদন ও বিক্রয় সম্পর্কে জ্ঞান থাকা যথেষ্ট নয়। পণ্য ও কাঁচামাল সংগ্রহ, উপযুক্ত সরবরাহকারী নির্বাচন, মূল্য নিয়ে আলোচনা, মজুত ব্যবস্থাপনা, পরিবহন এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের মতো বিষয়েও বাস্তব জ্ঞান থাকা জরুরি। তিনি বলেন, বাস্তবভিত্তিক ও সহজবোধ্য প্রশিক্ষণ মডিউল ক্ষুদ্র উদ্যোক্তাদের সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসা পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞপ্তি