বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২৩:২৮, ১ অক্টোবর ২০২৬

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ কমল, বছরে সাশ্রয় ৩০ কোটি টাকা

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ কমল, বছরে সাশ্রয় ৩০ কোটি টাকা

ছবি সংগৃহীত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ২২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ কমিয়েছে সরকার। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বছরে প্রায় ৩০ কোটি ৯ লাখ টাকা সাশ্রয় হবে। চুক্তির অবশিষ্ট মেয়াদে মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে ৪৩১ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঋণ সহযোগিতায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে। কেন্দ্রটি ২০১৫ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড।
বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের ট্যারিফ বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। বিদ্যুৎ খাতে অধিকতর গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বোর্ড সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিদ্যমান প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫ টাকা ৮১ পয়সা ট্যারিফের পরিবর্তে পুনর্নির্ধারিত ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫ টাকা ৭৭ পয়সা নির্ধারণের অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত ট্যারিফ ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। 
প্রস্তাব অনুযায়ী, নতুন ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বছরে প্রায় ৩০ কোটি ৯ লাখ টাকা সাশ্রয় করতে পারবে। চুক্তির অবশিষ্ট মেয়াদে এই সাশ্রয়ের পরিমাণ হবে ৪৩১ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে, আশুগঞ্জের এই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তির অবশিষ্ট ১৪ বছর ৪ মাস ৯ দিন মেয়াদে গ্যাসভিত্তিক পরিচালনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে মোট ১৩ হাজার ৬৭৯ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করতে হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করে। এর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান। ফলে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ বিক্রি করে যে পরিমাণ লভ্যাংশ অর্জন করবে, তা সরকারের লভ্যাংশ হিসেবে গণ্য হবে।