নদীভাঙন ও বন্যা মোকাবিলায় বরাদ্দ ১ হাজার ৪০০ কোটি টাকা
ছবি সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কার্যক্রমের জন্য এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ বরাদ্দ থেকে দেশের নদীভাঙন ও বন্যা মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করার সুযোগ রয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের উত্তরে তিনি এ বিষয়ে জানান।
প্রশ্নে মো. শহিদুল ইসলামের পক্ষে এস এম জাহাঙ্গীর হোসেন জানতে চান, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিশাল অংশ পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে প্রতিবছর নদীগর্ভে বিলীন হয়ে যায়। চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আগামী বাজেটে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে কিনা?
জবাবে মন্ত্রী বলেন, চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির জন্য আগামী অর্থবছরের (২০২৭-২৮) বাজেটে ফরিদপুর জেলায় একটি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন ‘পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’ শীর্ষক প্রকল্পের অনুকূলে গত ১১ আগস্ট ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় দরকারি জনবলের জন্য সুপারিশ করা হয়েছে। উক্ত প্রকল্পের অনুকূলে আগামী অর্থবছরে ডিপিপিতে ১২০ কোটি ৭৫ লাখ টাকা ধরা আছে।
তিনি আরও বলেন, এ ছাড়া সারাদেশে নদী-তীরবর্তী কোনো এলাকায় সাধারণত নদীভাঙন বা বন্যার আশঙ্কা দেখা গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বাপাউবোর অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে মোট এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত বরাদ্দ হতে ফরিদপুর জেলার নদীভাঙন ও বন্যা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।