চট্টগ্রাম বন্দরে বাড়ছে কনটেইনার ডিপোর ব্যবসা
প্রবৃদ্ধি বেশি আমদানি কনটেইনারে
ছবি সংগৃহীত
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোর (আইসিডি) ব্যবসা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। তবে গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রপ্তানির তুলনায় আমদানি কনটেইনার ব্যবস্থাপনায় প্রবৃদ্ধির গতি বেশি। চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কনটেইনার ব্যবস্থাপনা বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। বিপরীতে রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনায় প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। আইসিডিগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমদানি-রপ্তানি মিলিয়ে এসব ডিপোর কনটেইনার ব্যবস্থাপনাও বাড়ছে ধারাবাহিকভাবে। ২০২৩ সালে দেশের বেসরকারি ডিপোগুলোয় ৮ লাখ ৭৮ হাজার ২১০ একক (টিইইউ) কনটেইনার ব্যবস্থাপনা করা হয়। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১০ লাখ ১৩ হাজার ৯ এককে। এক বছরে প্রবৃদ্ধি হয় ১৫ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালে কনটেইনার ব্যবস্থাপনা আরও বেড়ে ১১ লাখ ১৬ হাজার ৭৮১ এককে পৌঁছায়। এ বছর প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ২ শতাংশ। অর্থাৎ দুই বছরে আইসিডিগুলোর সামগ্রিক কনটেইনার ব্যবস্থাপনা বেড়েছে ২৭ দশমিক ২ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে এসব ডিপোতে মোট ৯ লাখ ৫৪৫ একক কনটেইনার ব্যবস্থাপনা হয়েছে। ২০২৫ সালের মাসিক গড়ের তুলনায় চলতি বছরের মাসিক গড় ব্যবস্থাপনা বেড়েছে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ। আমদানি ও রপ্তানি কনটেইনারের পৃথক হিসাবেও একই প্রবণতা দেখা যায়। ২০২৫ সালে প্রতি মাসে গড়ে ২৫ হাজার ৭৯৪ একক আমদানি কনটেইনার ব্যবস্থাপনা করেছে ডিপোগুলো। চলতি বছরের প্রথম নয় মাসে মাসিক গড় দাঁড়িয়েছে ৩০ হাজার ১০৯ এককে। অর্থাৎ মাসিক গড় ব্যবস্থাপনা বেড়েছে ৪ হাজার ৩১৫ একক।
অন্যদিকে, ২০২৫ সালে প্রতি মাসে গড়ে ৬৭ হাজার ২৭১ একক রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনা করা হয়েছিল। চলতি বছরের প্রথম নয় মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯৫২ এককে। এতে মাসিক গড় ব্যবস্থাপনা বেড়েছে ২ হাজার ৬৮১ একক।
আগের বছরগুলোর তথ্যেও আমদানি কনটেইনার ব্যবস্থাপনায় বেশি প্রবৃদ্ধির চিত্র পাওয়া যায়। ২০২৩ সালে আইসিডিগুলোয় ২ লাখ ১৬ হাজার ৯৩৮ একক আমদানি কনটেইনার ব্যবস্থাপনা করা হয়েছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৬৭ হাজার ৯ এককে। এক বছরে প্রবৃদ্ধি হয় ২৩ দশমিক ১ শতাংশ। ২০২৫ সালে ব্যবস্থাপনা আরও বেড়ে ৩ লাখ ৯ হাজার ৫২৯ এককে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। একই সময়ে রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনায় প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১২ দশমিক ৮ ও ৮ দশমিক ২ শতাংশ। অর্থাৎ গত কয়েক বছর ধরেই রপ্তানির তুলনায় আমদানি কনটেইনার ব্যবস্থাপনায় প্রবৃদ্ধির হার বেশি।
দেশে বর্তমানে ২১টি বেসরকারি আইসিডি চালু রয়েছে। এসব ডিপোতে একসঙ্গে ১ লাখ ১৬ হাজার একক কনটেইনার ধারণের সক্ষমতা রয়েছে। বছরে রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা ১০ লাখ ৮০ হাজার একক, আমদানির ৬ লাখ এবং খালি কনটেইনারের ১৫ লাখ একক। এ খাতে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের।
বেসরকারি কনটেইনার ডিপোগুলো আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ডিপোতে মূলত কারখানা থেকে রপ্তানি পণ্য এনে কনটেইনারে বোঝাই করা হয়। পরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে জাহাজীকরণের জন্য সেগুলো বন্দরে পাঠানো হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া মোট কনটেইনারের প্রায় ৯০ শতাংশ এসব ডিপোর মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়।
অন্যদিকে, ৬৫ ধরনের আমদানি পণ্য জাহাজ থেকে বন্দরে নামানোর পর ডিপোতে স্থানান্তর করে খালাস করা হয়। এ সেবার বিপরীতে ডিপোগুলো নির্ধারিত মাশুল পায়। এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমের বাইরে খালি কনটেইনার সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমেও আয় করে প্রতিষ্ঠানগুলো।
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে বেসরকারি ডিপোগুলোর সেবার চাহিদাও বাড়ছে। তবে এ খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দরের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করা, পণ্য পরিবহনের সময় কমানো, শুল্কায়ন প্রক্রিয়া সহজ করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তা না হলে বাড়তি কনটেইনার ব্যবস্থাপনার চাপ সামাল দেওয়া কঠিন হবে।
আমদানি-রপ্তানি মিলিয়ে দেশের কনটেইনার ব্যবস্থাপনায় শীর্ষস্থান ধরে রেখেছে কেডিএস লজিস্টিকস লিমিটেড। তবে আমদানি কনটেইনার ব্যবস্থাপনায় এগিয়ে রয়েছে পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে কেডিএস ১ লাখ ৩২ হাজার ৪৫৩ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে। একই সময়ে পোর্টলিংকের ব্যবস্থাপনায় ছিল ১ লাখ ২৬ হাজার ৮৯৮ একক।
আইসিডিগুলোর হ্যান্ডলিংয়ের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনায় প্রথম অবস্থানে রয়েছে কেডিএস। প্রতিষ্ঠানটি ৯১ হাজার ৮০২ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) ব্যবস্থাপনা করেছে ৭৪ হাজার ৬১১ একক। তৃতীয় পোর্টলিংক ৭৩ হাজার ৪৩ একক, চতুর্থ ইস্পাহানি-সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড (আইএসএটিএল) ৭১ হাজার ৭১৩ একক এবং পঞ্চম ইনকনট্রেড ৫৪ হাজার ৯৫২ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে।
অন্যদিকে, আমদানি কনটেইনার ব্যবস্থাপনায় শীর্ষে রয়েছে পোর্টলিংক। প্রতিষ্ঠানটি নয় মাসে ৫৩ হাজার ৮৫৫ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা কেডিএসের ব্যবস্থাপনায় ছিল ৪০ হাজার ৬৫১ একক। তৃতীয় এসএপিএল ২৬ হাজার ২৬ একক, চতুর্থ আইএসএটিএল ২৪ হাজার ৯৯৭ একক এবং পঞ্চম বিএম ২১ হাজার ৬৩০ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বলেন, কনটেইনার ব্যবস্থাপনা বাড়লেও ডিপো পরিচালনার ব্যয়ও বেড়েছে। জ্বালানি, বিদ্যুৎ, শ্রমিকের মজুরি, জমির ভাড়া ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়ছে। ফলে শুধু কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি দিয়ে এ খাতের প্রকৃত ব্যবসায়িক পরিস্থিতি বোঝা যাবে না। আয় ও পরিচালন ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।