বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, অপ্রচলিত বাজারে বেড়েছে
শেয়ার বিজ
নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বিশেষ করে তুরস্কের বাজারে পোশাক রপ্তানি এক বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। একই সময়ে জাপান ও অস্ট্রেলিয়ার বাজারেও রপ্তানি বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। আর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের চাহিদা বাড়ায় তুরস্ক, জাপান ও অস্ট্রেলিয়ার মতো বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সামলানো নিয়ে উদ্বেগও রয়েছে পোশাক খাতের উদ্যোক্তাদের।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে তুরস্কের বাজার থেকে।
ইপিবি ও বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তুরস্কে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি ওই সময়ে দেশের মোট রপ্তানি আয়ের ১ দশমিক ৭১ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে দেশটিতে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৯৯ দশমিক ৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে তুরস্কে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
এই প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন বাজারে ব্যবসা সমপ্রসারণের সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রচলিত কয়েকটি বাজারের বাইরে রপ্তানি বাড়ানোর যে চেষ্টা চলছে, তুরস্কের বাজারে এই অগ্রগতি তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম সম্ভাবনাময় অপ্রচলিত বাজার জাপান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে মোট পণ্য রপ্তানি হয়েছে ৫১০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ২ দশমিক ৯৯ শতাংশ।
জাপানে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে তৈরি পোশাক। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে পোশাক রপ্তানি হয়েছে ৪৩৭ দশমিক ৩০ মিলিয়ন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ৪২৭ দশমিক ০৫ মিলিয়ন ডলার।
সে হিসাবে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ।
জাপানের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা ধরে রাখা এবং নতুন পণ্যের মাধ্যমে বাজার সমপ্রসারণ করা গেলে ভবিষ্যতে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ৩০৫ দশমিক ৬০ মিলিয়ন ডলারের। এটি দেশের ওই সময়ের মোট রপ্তানি আয়ের ১ দশমিক ৭৯ শতাংশ।
এর মধ্যে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ২৬৪ দশমিক ০২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি হয়েছিল ২৫৬ দশমিক ৩২ মিলিয়ন ডলারের।
এক বছরের ব্যবধানে অস্ট্রেলিয়ার বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে তিন শতাংশ।
জাপান, তুরস্ক ও অস্ট্রেলিয়ার বাজারে এই প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে বাজার বৈচিত্র্যের গুরুত্ব আরও স্পষ্ট করেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রধান দুই বিভাগ নিট ও ওভেন পোশাক রপ্তানিতেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৭ হাজার ৭২৯ দশমিক ০৪ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭ হাজার ২৩৭ দশমিক ৮০ মিলিয়ন ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট পোশাক রপ্তানি আয় বেড়েছে ৪৯১ দশমিক ২৪ মিলিয়ন ডলার।
অন্যদিকে একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬ হাজার ১৭ দশমিক ৩০ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ খাতে রপ্তানি আয় ছিল ৫ হাজার ৭৫২ দশমিক ৫৬ মিলিয়ন ডলার।
সে হিসাবে ওভেন পোশাক রপ্তানি আয় বেড়েছে ২৬৪ দশমিক ৭৪ মিলিয়ন ডলার।
নিট ও ওভেন উভয় খাতেই রপ্তানি আয় বাড়ায় সামগ্রিক তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়লেও বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে উঠছে।
পোশাক উৎপাদনের খরচ বাড়লেও বিদেশি ক্রেতারা সব সময় পণ্যের দাম বাড়াতে রাজি হচ্ছেন না। বরং বেশি দাম চাওয়া হলে তাঁরা অন্য দেশের উৎপাদকদের কাছ থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। এতে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক সুবিধা ও বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো গেলে বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুবিধা পেতে পারে।
দেশের শীর্ষ তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, জাপানের সঙ্গে ইতোমধ্যে ইপিএ হয়েছে। পাশাপাশি প্রি-ট্রেড অ্যাগ্রিমেন্ট ও বিশেষ চুক্তি নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, নতুন বাজার তৈরি এবং পুরোনো বাজার ধরে রাখতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের বড় রপ্তানি বাজারগুলোর সঙ্গে প্রি-ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে হবে। তার মতে, এসব উদ্যোগ রপ্তানি প্রবৃদ্ধির পূর্বশর্ত।
জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বাড়তে পারে। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী মনে করেন, দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকারকে বাস্তবসম্মত সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের উৎপাদকরা যখন পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন, তখন বিদেশি ক্রেতারা সব সময় দাম কমানোর অনুরোধ করেন না। বরং তারা অন্য দেশে অর্ডার দিয়ে দিচ্ছেন। এতে বাংলাদেশের রপ্তানি বাজার হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে।
তার ভাষ্য, গত কয়েক মাসে রপ্তানি খাতে বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার কী ধরনের কার্যকর সহযোগিতা দিতে পারে, তা নিয়ে এখনই পরিকল্পনা করা প্রয়োজন।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দীর্ঘদিন ধরে কয়েকটি বড় প্রচলিত বাজারের ওপর নির্ভরশীল। ফলে এসব বাজারে চাহিদা কমে গেলে বা বাণিজ্যনীতিতে পরিবর্তন এলে রপ্তানি আয় চাপের মুখে পড়তে পারে।
এ কারণে নতুন ও অপ্রচলিত বাজারে প্রবেশ, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং ম্যানমেড ফাইবারের তৈরি পোশাক উৎপাদনের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তুরস্কে পোশাক রপ্তানির ১০৭ শতাংশ প্রবৃদ্ধি নতুন বাজারে বাংলাদেশের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শুধু নতুন ক্রেতা খুঁজলেই হবে না। উৎপাদন খরচ নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তির উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তির সুবিধা নিশ্চিত করাও জরুরি।
খাতসংশ্লিষ্টদের মতে, সরকার ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করতে পারলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে প্রচলিত বাজারেও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে।