সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

শেখ সাদী খান

প্রকাশ: ১৭:০৭, ১৬ নভেম্বর ২০২৬

২৩২ কোটি টাকার যন্ত্রাংশ চুক্তি

নিজস্ব কারখানা থাকতেও বিদেশি প্রতিষ্ঠানের দ্বারস্থ রেলওয়ে

নিজস্ব কারখানা থাকতেও বিদেশি প্রতিষ্ঠানের দ্বারস্থ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে

## প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৮৬ লাখ ৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ১০ লাখ টাকা
## চুক্তির নথিতে পাঁচজন জ্যেষ্ঠ প্রকৌশলী হলেন—মো. আমিনুল হাসান, আশীষ কুমার মণ্ডল, সাজিদ হাসান নির্ঝর, মো. রেজাউল আলম সিদ্দিকী এবং শেখ আসিফ আহমাদ
## কেলোকা শীর্ষ পদে থেকেও ভবিষ্যতে অতিরিক্ত যন্ত্রাংশের খরচ বাদ রেখে চুক্তির পথ খোলা রাখা হয়েছে
##  ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও মেরামত খাতে ৪ হাজার ৫০১ কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানের কাছে ধরনা 
## ইচ্ছাকৃতই নিজস্ব প্রকৌশলীদের দক্ষ করে তোলা হয় না, যাতে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকা যায়
## চুক্তির আড়ালে যান্ত্রিক বিভাগের অদক্ষতার পাশাপাশি এক শ্রেণির কর্মকর্তার কমিশন বাণিজ্য ও ব্যক্তিস্বার্থ কাজ করছে
## বছরের পর বছর সার্ভিস কন্ট্রাক্টের নামে বৈদেশিক মুদ্রা ব্যয় করা অর্থনৈতিকভাবে টেকসই নয়

শেখ সাদী খান
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়া আধুনিক ৬৬০০ সিরিজের লোকোমোটিভ (ইঞ্জিন) রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আবারও নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ‘প্রোগ্রেস রেল’-এর সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ‘মেইনটেন্যান্স অ্যান্ড সার্ভিস কন্ট্রাক্ট’-এর আওতায় ১৮৬টি আইটেমের সংশোধিত যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) তালিকা চূড়ান্ত করা হয়েছে, যার প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৫ হাজার মার্কিন ডলার (১৮ হাজার ৬০৫ হাজার ডলার)। বাংলাদেশ ব্যাংকের বিনিময় হার (প্রতি ডলার ১২৪.৭৫ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩২ কোটি ১০ লাখ টাকা।
নথিতে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের ৬৬০০ সিরিজের লোকোমোটিভ মেরামতে যুক্তরাষ্ট্রের ‘প্রোগ্রেস রেল’-এর সঙ্গে ১৮৬টি যন্ত্রাংশের সংশোধিত চুক্তির নথিতে পাঁচজন জ্যেষ্ঠ প্রকৌশলীর নাম রয়েছে। তারা হলেন—পর্যালোচনাকারী ও প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিম) মো. আমিনুল হাসান, কমিটির আহ্বায়ক ও কেলোকার কর্মব্যবস্থাপক (উৎপাদন) আশীষ কুমার মণ্ডল, সদস্য সাজিদ হাসান নির্ঝর (কর্মব্যবস্থাপক-মেরামত), মো. রেজাউল আলম সিদ্দিকী (কর্মব্যবস্থাপক-ডিজেল) এবং সদস্য সচিব ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (পাকশী) শেখ আসিফ আহমাদ।
রেল সূত্রে জানা যায়, এই প্রক্রিয়ায় কর্মকর্তাদের কারিগরি ও প্রশাসনিক দুর্বলতা স্পষ্ট হয়েছে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) শীর্ষ পদে থেকেও তারা নিজস্ব প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন বা প্রযুক্তি হস্তান্তরের (টেকনোলজি ট্রান্সফার) কোনো রূপরেখা দেননি। উল্টো প্রতিবেদনে নিয়মিত শিডিউল মেরামতের (৯০ দিন থেকে ৩ বছর) কিট লিস্ট এবং ভবিষ্যৎ অতিরিক্ত যন্ত্রাংশের খরচ বাদ রেখে চুক্তির পথ খোলা রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিজস্ব কারখানাকে সক্ষম না করে বারবার বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল থাকার এ প্রবণতায় দাপ্তরিক দায় এড়ানোর চেষ্টা ও বড় অঙ্কের বৈদেশিক ক্রয়-সংশ্লিষ্ট স্বার্থের প্রশ্নটি সামনে আসছে।
পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) ও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলীর দপ্তর থেকে সম্প্রতি রেলভবনে পাঠানো এক প্রতিবেদনে এ ব্যয়ের চিত্র উঠে এসেছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা ও প্রকৌশল বিভাগ থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশি কোম্পানির মাধ্যমে ইঞ্জিন মেরামতের এ উদ্যোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কী আছে প্রতিবেদনের নথিতে?
রেলওয়ের নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে নির্মিত ৩ হাজার ২৫০ অশ্বশক্তির ৪০টি ব্রডগেজ (৬৬০০ সিরিজ) লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হয়। এসব ইঞ্জিন নিরবচ্ছিন্নভাবে সচল রাখতে প্রোগ্রেস রেলের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির উদ্যোগ নেওয়া হয়। শুরুতে চলতি বছরের জানুয়ারিতে গঠিত চার সদস্যের একটি কমিটি ৪৪৫টি আইটেমের যন্ত্রাংশের তালিকা তৈরি করেছিল; যার প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৯০ লাখ ২২ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৮৬ কোটি ৮০ লাখ টাকা।
পরবর্তী সময়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের মাধ্যমে ক্রয় প্রক্রিয়াধীন যন্ত্রাংশগুলো বাদ দিয়ে এবং অধিকতর গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা-সংশ্লিষ্ট যন্ত্রাংশ রেখে গত জুনে পাঁচ সদস্যের সংশোধিত কমিটি ১৮৬টি আইটেমের তালিকা চূড়ান্ত করে। প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে—এই তালিকায় ৯০ দিন বা ১৮০ দিনের হালকা শিডিউল এবং ১, ২ ও ৩ বছর মেয়াদি ভারী শিডিউল রক্ষণাবেক্ষণের ‘কিট লিস্ট’ অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ভবিষ্যতে অতিরিক্ত কোনো যন্ত্রাংশের প্রয়োজন হলে তা এ ব্যয়ের বাইরে থাকবে। ফলে প্রকৃত খরচ ২৩২ কোটি টাকা ছাড়িয়ে আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে।
হাজার কোটি টাকার বাজেট, তবুও কেন পরনির্ভরশীলতা?
প্রতিবছর রেলওয়ের উন্নয়ন ও পরিচালন ব্যয়ের বিপরীতে রাষ্ট্রের কোষাগার থেকে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরেও রেলপথ মন্ত্রণালয়ের অনুকূলে মোট ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে; যার মধ্যে কেবল পরিচালন ও মেরামত খাতে ৪ হাজার ৫০১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৫ হাজার ৪৪০ কোটি টাকা রয়েছে। বিপুল এই বাজেট এবং পার্বতীপুর ও পাহাড়তলীতে আধুনিক কারখানা থাকা সত্ত্বেও কেন বিদেশি প্রতিষ্ঠানের কাছে ধরনা দিতে হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রেলওয়ের যান্ত্রিক (মেকানিক্যাল) বিভাগে দীর্ঘদিন ধরে দক্ষ জনবল সংকট, আধুনিক ডায়াগনস্টিক সরঞ্জামের অভাব এবং প্রযুক্তি হস্তান্তরে (টেকনোলজি ট্রান্সফার) উদাসীনতা রয়েছে। ৬৬০০ সিরিজের ইঞ্জিনগুলো মাইক্রোপ্রসেসর-নিয়ন্ত্রিত  এবং এসি ট্র্যাকশন মোটরসমৃদ্ধ হওয়ায় এর সফটওয়্যার ও জটিল যন্ত্রাংশ মেরামতে দেশীয় প্রকৌশলীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি।
ট্রেন চলাচলে বিঘ্ন ও রাজস্ব ক্ষতির শঙ্কা
রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের মতে, যথাসময়ে যন্ত্রাংশ সরবরাহ ও মেরামত নিশ্চিত না হলে পশ্চিমাঞ্চলের ব্রডগেজ রুটে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল মারাÍকভাবে বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। বর্তমানে রেলওয়ের বহরে থাকা ইঞ্জিনগুলোর একটি বড় অংশ মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬৬০০ সিরিজের এই ৪০টি ইঞ্জিনই দূরপাল্লার আন্তঃনগর ও পণ্যবাহী ট্রেনের মূল ভরসা। যন্ত্রাংশের অভাবে কিংবা বিদেশি কোম্পানির দীর্ঘসূত্রতায় ইঞ্জিনগুলো কারখানায় বসিয়ে রাখতে হলে শিডিউল বিপর্যয় ঘটবে; যা সরাসরি রেলওয়ের টিকিট বিক্রি ও পণ্য পরিবহন খাতের রাজস্ব আয়ে বড় ধরনের ধস নামাবে। এ ছাড়া দেশীয় কারখানায় মেরামত করা গেলে যে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো, বিদেশি চুক্তির কারণে সরকার সেই রাজস্ব ও রিজার্ভের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সক্ষমতার দুর্বলতা নাকি ব্যক্তিস্বার্থ?
রেলওয়ে সংশ্লিষ্টদের একটি অংশ মনে করেন, এ চুক্তির আড়ালে যান্ত্রিক বিভাগের অদক্ষতার পাশাপাশি এক শ্রেণির কর্মকর্তার কমিশন বাণিজ্য ও ব্যক্তিস্বার্থ কাজ করছে। অভিযোগ রয়েছে, দেশীয় কারখানার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিলে বড় অঙ্কের বিদেশি ক্রয় ও সার্ভিস চুক্তির সুযোগ কমে যায়। তাই ইচ্ছাকৃতভাবেই নিজস্ব প্রকৌশলীদের দক্ষ করে তোলা হয় না; যাতে বছর বছর বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকা যায়।
অন্যদিকে, রেলওয়ের যান্ত্রিক বিভাগের কর্মকর্তারা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। কমিটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৬৬০০ সিরিজের ইঞ্জিনগুলো অত্যন্ত আধুনিক ও উচ্চক্ষমতাসম্পন্ন হওয়ায় এর নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে মূল নির্মাতা প্রতিষ্ঠান  প্রোগ্রেস রেলের কারিগরি সহায়তা অপরিহার্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক যন্ত্র প্রকৌশলী জানান, ইঞ্জিনগুলোর প্রোপ্রাইটরি সফটওয়্যার ও স্পর্শকাতর সেন্সর-মডিউল মূল নির্মাতা ছাড়া অন্য কোথাও থেকে সংগ্রহ বা মেরামত করলে ইঞ্জিন বিকল হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া প্রাথমিক ৪৪৫টি আইটেমের তালিকা কাটছাঁট করে ১৮৬টিতে নামিয়ে আনার মাধ্যমে প্রায় ২৫৪ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিশেষজ্ঞদের মতামত
যোগাযোগ ও অবকাঠামো বিশেষজ্ঞদের মতে, সাময়িক প্রয়োজনে নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া দোষের কিছু নয়, তবে তা দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এ প্রসঙ্গে শেয়ার বিজকে বলেন, ‘বিদেশ থেকে শত শত কোটি টাকায় ইঞ্জিন কেনার সময়ই চুক্তিতে আমাদের নিজস্ব প্রকৌশলীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং কারখানার সক্ষমতা বৃদ্ধির শর্ত রাখা উচিত ছিল। তা না করে বছরের পর বছর সার্ভিস কন্ট্রাক্টের নামে বৈদেশিক মুদ্রা ব্যয় করা অর্থনৈতিকভাবে টেকসই নয়।’
বিশেষজ্ঞরা মনে করেন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে আধুনিকায়ন এবং যান্ত্রিক বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে প্রতিবছর হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েও রেলওয়ের পরনির্ভরশীলতা ও লোকসান কমানো সম্ভব হবে না।