৪৮ কোটি টাকার কেয়ারগিভিং প্রকল্প
প্রশিক্ষণের আড়ালে ভ্রমণ ও কেনাকাটায় অসংগতির ছায়া
ছবি সংগৃহীত
দেশের বেকার যুবসমাজকে দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘কেয়ারগিভিং ও বিদেশি ভাষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থান’ শীর্ষক একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে সমাজসেবা অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ‘কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ (সিআইবি)’। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদি এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তবে প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় বিভাজন বিশ্লেষণে কেনাকাটা, বৈদেশিক ভ্রমণ ও অবকাঠামোগত ব্যয়ে বেশ কিছু অসংগতি ও অস্বাভাবিক প্রস্তাবনার চিত্র উঠে এসেছে।
প্রকল্পের ব্যয় বিভাজন ও কেনাকাটায় অসংগতি
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ৪৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার টাকার এই প্রকল্পের ৮০ শতাংশ, অর্থাৎ ৩৮ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকা জোগান দেবে সরকার (জিওবি)। বাকি ২০ শতাংশ বা ৯ কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকা দেবে সহযোগী সংস্থা সিআইবি। প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের সারসংক্ষেপ বিশ্লেষণে কয়েকটি খাতে ব্যয়ের অসামঞ্জস্য চোখে পড়ে—
আসবাবপত্রের দরে গড়মিল: ডিপিপির ৯ নম্বর অনুচ্ছেদে ১৪৫টি আসবাবপত্র কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার টাকা, যেখানে প্রতিটির গড় একক দর দাঁড়ায় ২৪ হাজার ৪৫০ টাকা। অথচ একই নথির ২০ নম্বর অনুচ্ছেদে ‘আইটেমভিত্তিক ব্যয় প্রাক্কলনের ভিত্তি ও তারিখে’ আসবাবপত্রের একক দর দেখানো হয়েছে মাত্র ছয় হাজার টাকা (০.০৬ লাখ টাকা)। একই নথিতে একই পণ্যের দরের এই আকাশ-পাতাল পার্থক্য কেনাকাটায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বিদেশভ্রমণ ও প্রচারণায় বড় অঙ্ক: প্রকল্পের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ হলেও ‘বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ অন্বেষণ করার জন্য’ ১০০ জনের পেছনে ১ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ জনপ্রতি ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার টাকা। এ ছাড়া ২৭৬টি প্রচার ও বিজ্ঞাপন বাবদ ১ কোটি ৫৯ লাখ ৪ হাজার টাকা এবং সেমিনার-কনফারেন্স বাবদ ১১ লাখ ৬২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
মাসিক ব্যয়ের অস্বাভাবিক হিসাব: ২৪ মাসের এই প্রকল্পে ‘অন্যান্য মনিহারি’ বাবদ প্রতি মাসে ৩৩ হাজার ৮৬০ টাকা করে মোট ৮ লাখ ১৩ হাজার টাকা এবং আপ্যায়ন বাবদ প্রতি মাসে ৯৭ হাজার ৫০০ টাকা করে মোট ২৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। পাশাপাশি ট্রান্সপোর্ট হায়ারিং বা যানবাহন ভাড়া বাবদ রাখা হয়েছে ৫০ লাখ ৪০ হাজার টাকা।
অভিজ্ঞতা ও মূল্যায়নহীনতা: ডিপিপির ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই প্রকল্পের কোনো আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ (এনপিভি, বিসিআর বা আইআরআর) করা হয়নি এবং সেখানে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করা হয়েছে। এমনকি সমজাতীয় কোনো প্রকল্প থেকে অর্জিত জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতাও বাস্তবায়নকারী সংস্থার নেই বলে নথিতে স্বীকার করা হয়েছে।
অসংগতির অভিযোগ থাকলেও প্রকল্পটির মূল উদ্দেশ্য সময়োপযোগী বলছেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, এই প্রকল্পের আওতায় দেশের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার দুটি উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সি পাঁচ হাজার বেকার যুবক-যুবতীকে কেয়ারগিভিং ও বিদেশি ভাষা (ইংরেজি, জাপানি, কোরিয়ান, জার্মান ও আরবি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জাপান, কানাডা, জার্মানি ও মধ্যপ্রাচ্যের মতো বয়োবৃদ্ধ জনসংখ্যাপ্রধান দেশগুলোতে দক্ষ কেয়ারগিভারের ব্যাপক চাহিদা রয়েছে।
এছাড়া নথিতে উল্লেখ করা হয়েছে, মাত্র তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে বিদেশে চাকরি পেলে প্রথম কয়েক মাসের আয়েই প্রশিক্ষণের খরচ উঠে আসবে, যা দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়ক হবে। এছাড়া দেশের ভেতরেও হাসপাতাল ও প্রবীণ নিবাসগুলোতে দক্ষ সেবাদানকারীর সংকট দূর হবে।
অসুবিধা ও ঝুঁকিসমূহ: প্রকল্পটি বাস্তবায়নে বেশ কিছু কাঠামোগত ঝুঁকি রয়েছে। প্রথমত, ২০ শতাংশ অর্থায়নকারী বেসরকারি সংস্থা সিআইবির সমজাতীয় প্রকল্প পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। দ্বিতীয়ত, প্রশিক্ষণের মূল ব্যয় (৩১ কোটি ২১ লাখ টাকা) পুরোটাই সরকারি কোষাগার থেকে নেওয়া হচ্ছে, অথচ বেসরকারি সংস্থার নিজস্ব অর্থ ব্যয় হচ্ছে মূলত তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন (৬ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা) ও অফিস ভাড়া (২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা) বাবদ। ফলে সরকারি অর্থে বেসরকারি সংস্থার অবকাঠামো ও জনবল পোষার একটি ঝুঁকি তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতামত: উন্নয়ন অর্থনীতিবিদ ও জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নের প্রকল্পে অর্থের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডিপিপিতে আসবাবপত্রের দরের গরমিল এবং অর্থনৈতিক বিশ্লেষণ না থাকার বিষয়গুলো প্রকল্প যাচাই-বাছাই পর্যায়ে খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞরা মনে করেন, বিদেশ ভ্রমণ ও আপ্যায়নের মতো অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রশিক্ষণার্থীদের শতভাগ বিদেশ গমন নিশ্চিত করার বিষয়টি প্রকল্পে বাধ্যতামূলক করা উচিত। অন্যথায় বিশাল অঙ্কের এই সরকারি অর্থের অপচয় হওয়ার আশঙ্কা থেকে যাবে।