রেলের সক্ষমতা উপেক্ষা
বেসরকারি প্রতিষ্ঠান পেল যন্ত্রাংশ তৈরির কাজ, নেপথ্যে কী
ছবি সংগৃহীত
প্রতিবছর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে হাজার কোটি টাকা বরাদ্দ নেওয়া হলেও ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের (ইঞ্জিন) সাধারণ যন্ত্রাংশ তৈরিতে এখন বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ‘আমদানি বিকল্প’ (ইমপোর্ট সাবস্টিটিউট) উৎস সৃষ্টির নামে ঢাকার কেরানীগঞ্জের একটি সাধারণ ওয়ার্কশপকে লোকোমোটিভের স্পর্শকাতর যন্ত্রাংশের নমুনা তৈরির অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দেশের রেলওয়ের নিজস্ব কারখানা এবং দক্ষ জনবল থাকার পরও কেন কোটি কোটি টাকার যন্ত্রাংশ তৈরির কাজ তুলে দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে? তবে কি সরকারি এই প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা আজ প্রশ্নের মুখে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো সমীকরণ?
রেলওয়ের মতো একটি বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহাড়তলী ও সৈয়দপুরে বিশাল সব কারখানা রয়েছে, যেখানে প্রতিবছর আধুনিকায়ন ও যন্ত্রপাতি কেনার নামে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। রেলের নিজস্ব সক্ষমতা উপেক্ষা করার আসল কারণ কী এবং এতে রাষ্ট্রের লাভ হচ্ছে নাকি ক্ষতি?
রেলওয়ের নিজস্ব আধুনিক কারখানা, প্রকৌশলী ও জনবল থাকা সত্ত্বেও বাইরের ছোট প্রতিষ্ঠানের ওপর এই নির্ভরতা সংস্থার নিজস্ব সক্ষমতা ও বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। যন্ত্রাংশ তৈরির জন্য বাইরের প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে হচ্ছে, তা নিয়ে জনমনে ও সংশ্লিষ্ট মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। বিশেষ করে লোকোমোটিভের মতো সংবেদনশীল ও নিরাপত্তাসংশ্লিষ্ট যন্ত্রাংশ সাধারণ ওয়ার্কশপে তৈরি হলে ইঞ্জিনের স্থায়িত্ব এবং যাত্রী নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলভবনের যুগ্ম মহাপরিচালকের (লোকো) কার্যালয় থেকে গত ১৮ আগস্ট (২০২৬) জারি করা এক চিঠিতে দেখা যায়, কেরানীগঞ্জের চর কালীগঞ্জ এলাকার ‘আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামক একটি প্রতিষ্ঠানকে লোকোমোটিভের দুটি যন্ত্রাংশ—‘ভিপি ফুট সুইচ’ (পার্ট নং ৮৪৯৮৮১১) এবং ‘ওয়্যার প্লেট’ (পার্ট নং ৯০৮৯৫৫১) তৈরির জন্য নমুনা (স্যাম্পল) সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপের কর্মব্যবস্থাপককে পাঠানো ওই চিঠিতে ৪০ দিনের মধ্যে নমুনা তৈরি করে জমা দেওয়ার শর্ত দেওয়া হয়।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২৪ জুন রেলভবনে অনুষ্ঠিত এক সভায় ‘আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-সহ মোট তিনটি প্রতিষ্ঠানের আবেদন যাচাই-বাছাই করা হয়। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেরানীগঞ্জের ওই প্রতিষ্ঠানটিতে মাত্র সাত প্রকৌশলী ও কারিগর এবং একটি করে লেদ, সেপার, ড্রিল ও ওয়েল্ডিং মেশিন রয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচটি যন্ত্রাংশের জন্য আবেদন করলেও কমিটি মাত্র দুটি যন্ত্রাংশ তৈরির সুপারিশ করে। সিসিএসের পিআর অনুযায়ী, এই দুটি যন্ত্রাংশের একক মূল্য যথাক্রমে ১১ হাজার ৯০৫ টাকা এবং ৩ হাজার ২০ টাকা।
এদিকে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব বিশাল কারখানা ও প্রকৌশল বিভাগ থাকা সত্ত্বেও ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের যন্ত্রাংশ তৈরির নমুনা (স্যাম্পল) সরবরাহের জন্য তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৯ জুলাই (২০২৬) প্রকাশিত এক সভার কার্যবিবরণীতে দেখা যায়, রেলভবনের পরিচালক (এলএম) মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিচালক (মেক.), অতিরিক্ত সিসিএস (পাহাড়তলী) এবং যুগ্ম মহাপরিচালকের (লোকো) স্বাক্ষর ও অনুমোদনে জাপান সোলারটেক, আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং বেঙ্গল কার্বন টেকনোলজীসকে এই সুযোগ দেওয়া হয়েছে।
নথি অনুযায়ী, কর্মকর্তারা ‘আমদানি বিকল্প’ (ইমপোর্ট সাবস্টিটিউট) উৎস সৃষ্টির দোহাই দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে কাজ দিচ্ছেন। অথচ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের প্রতিবেদনে দেখা যায়, কেরানীগঞ্জের ‘আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-এর মতো প্রতিষ্ঠানে মাত্র সাত কারিগর এবং একটি করে সাধারণ লেদ ও ওয়েল্ডিং মেশিন রয়েছে।
সংশ্লিষ্ট মহলের প্রশ্ন—রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুরে শত শত কোটি টাকা ব্যয়ে আধুনিক কারখানা থাকার পরও কেন বাইরের সাধারণ ওয়ার্কশপের ওপর নির্ভর করতে হচ্ছে? অভিযোগ উঠেছে, নিজস্ব কারখানায় উৎপাদন বাড়ালে কর্মকর্তাদের ব্যক্তিগত লাভের সুযোগ থাকে না। বিপরীতে, বাইরে থেকে যন্ত্রাংশ কেনা বা ‘ট্রায়াল অর্ডার’-এর নামে বেসরকারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার পেছনে কমিশন বাণিজ্য ও একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।
কর্মকর্তারা দাবি করছেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পকে উৎসাহিত করতেই নিয়ম মেনে নমুনা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, নিজস্ব কারখানা অকার্যকর রেখে নামমাত্র সক্ষমতার বাইরের প্রতিষ্ঠানের প্রতি কর্মকর্তাদের এই অতি-উৎসাহ রেলের অর্থ অপচয় ও নিরাপত্তা ঝুঁকি বাড়াবে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের নমুনা ইস্যু সুপারিশ কমিটির আহ্বায়ক ও পরিচালক (এলএম) মোহাম্মদ সাইফুল ইসলামের দপ্তর সূত্রে জানানো হয়, বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির নির্ভরতা কমাতে এবং দেশীয় ‘ইমপোর্ট সাবস্টিটিউট’ উৎস তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানগুলোর বিসিক নিবন্ধন, কারখানার যন্ত্রপাতি এবং আর্থিক সক্ষমতা যাচাই করেই প্রাথমিকভাবে নমুনা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। তৈরি করা নমুনার মেটাল কম্পোজিশন রিপোর্ট ও গুণগত মান যাচাই না করে কোনো যন্ত্রাংশই লোকোমোটিভে সংযোজন করা হবে না।
তবে রেলওয়ের এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পরিবহন ও অবকাঠামো বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন যন্ত্রকৌশল বিশেষজ্ঞ বলেন, ‘রেলওয়ের নিজস্ব ওয়ার্কশপগুলোয় যে পরিমাণ অবকাঠামো ও সরকারি বরাদ্দ রয়েছে, তাতে এই ধরনের সাধারণ যন্ত্রাংশ অনায়াসেই সেখানে তৈরি করা সম্ভব। নিজস্ব কারখানাগুলোকে অকার্যকর রেখে বা সক্ষমতা না বাড়িয়ে বাইরের ছোট প্রতিষ্ঠানের ওপর নির্ভর করা মূলত প্রশাসনিক দুর্বলতা এবং আমদানিনির্ভরতার পরিবর্তে নতুন কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার প্রবণতাকে ইঙ্গিত করে।’
বিশ্লেষকদের মতে, প্রতিবছর বাজেটে রেলের উন্নয়ন ও মেরামত খাতে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও তার সুফল মিলছে না। নিজস্ব কারখানায় দক্ষ জনবল নিয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত না করে বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে যন্ত্রাংশ তৈরির এই প্রক্রিয়া একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের অপচয় বাড়াবে, অন্যদিকে রেলের নিজস্ব কারিগরি সক্ষমতাকে আরও পঙ্গু করে দেবে। তাই বাইরের প্রতিষ্ঠানের মুখাপেক্ষী না হয়ে রেলের নিজস্ব কারখানাগুলোকে পূর্ণাঙ্গভাবে সচল করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।