শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

​​​​​​​চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২:১৬, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু

চট্টগ্রামে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল  বিক্রি শুরু

ছবি সংগৃহীত

পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে চট্টগ্রামে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরু করেছে সরকার। এর আওতায় শুক্রবার থেকে নগরের ১০টি কেন্দ্রে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হচ্ছে। একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টসের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি।

কর্মসূচির আওতায় চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নির্ধারিত কারখানার শ্রমিকদের কাছে চাল বিক্রি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরের ১০টি নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি হচ্ছে। কেন্দ্রগুলো হলো বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে, অক্সিজেন রেলগেটের পাশে, দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে, কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে, বাহির সিগন্যালের রেললাইনের উত্তর পাশে, বায়েজিদ রুবি গেটের সামনে, বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে, উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে, সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে।

প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট পোশাক কারখানার নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে কারখানাভিত্তিক শ্রমিকদের জন্য নির্দিষ্ট স্থান থেকে চাল সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে জুমার নামাজের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো ট্রাকে চাল অবিক্রীত থাকলে পরদিন শনিবার তা বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জেও এ কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশে ৭৫টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন মোট ৩৭৫ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে খোলাবাজারে চাল ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ কর্মসূচি নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে শ্রমিকদের সংসার খরচ সামলাতে এ উদ্যোগ কিছুটা সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।