দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে, ছাড়াল ৭৯৮ কোটি টাকা
ছবি সংগৃহীত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে লেনদেন বেড়ে প্রায় ৮০০ কোটি টাকা হয়েছে। এতে প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই মূল্যসূচক বাড়ল।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। কিন্তু দুপুর ১২টার পর বাজারে এক প্রকার ঢালাও দরপতন হয়। এতে এক পর্যায়ে সূচক ঋণাত্মকও হয়ে পড়ে। তবে লেনদেনের শেষদিকে কিছু বড় মূলধনের প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ে। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পরও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১০৯টির দাম কমেছে এবং ১৯টি দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৩১টির দাম কমেছে এবং ৪টি দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া দুটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১৮টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ পয়েন্টে নেমে গেছে।
প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৩৯ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা। এর মাধ্যমে ২৩ সেপ্টেম্বরের পর ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হলো। ২৩ সেপ্টেম্বর লেনদেন হয় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকা। এরপর আর ৮০০ কোটি টাকার লেনদেনের দেখা যায়নি।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ২৪ লাখ টাকার। ২৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—মতিন স্পিনিং, বারাকা পতেঙ্গা পাওয়ার, আইপিডিসি ফাইন্যান্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাহিনপুকুর সিরামিক এবং ব্র্যাক ব্যাংক।
অন্য পুঁজিবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৭২টির দাম কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ৮ লাখ টাকা।