দেশে প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার
রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি উদ্বোধন করল ওমেরা
রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি উদ্বোধন করল ওমেরা
বাংলাদেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি (RFS) উদ্বোধন করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাটির উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ মহসিন উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ সারওয়ার (অব.) এবং বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান।
অনুষ্ঠানে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী, সিওও মাথিন্দ্রা ডি জয়সা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এলপিজি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওমেরার এক দশকের পথচলা নিয়ে একটি অডিওভিজ্যুয়াল উপস্থাপনা, নতুন স্থাপনার কারিগরি কার্যক্রমের পরিচিতি এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন ও ফিতা কাটার পর প্রধান অতিথিসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা আরএফএস স্থাপনা এবং ওমেরার মোংলা টার্মিনাল পরিদর্শন করেন।
মোংলা থেকে দেশজুড়ে ওমেরার এক দশকের পথচলা
২০১৫ সালে মোংলায় এলপিজি টার্মিনাল স্থাপনের মাধ্যমে ওমেরার যাত্রা শুরু। দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানি পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে।
পরবর্তী সময়ে ঘোড়াশাল, মিরসরাই ও শেরপুরে কার্যক্রম সম্প্রসারণ করে ওমেরা। একই সঙ্গে গড়ে তোলে দেশব্যাপী বিস্তৃত সরবরাহ ও বিতরণব্যবস্থা, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে ওমেরার এলপিজি।
অবকাঠামো উন্নয়ন, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী বিতরণব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় ওমেরা আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ এলপিজি অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এক দশকের এই পথচলায় ওমেরার দায়িত্ব এখন শুধু এলপিজি সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহকের কাছে জ্বালানি পৌঁছে দেওয়ার পাশাপাশি সেই জ্বালানি বহনকারী সিলিন্ডারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
সিলিন্ডার সংস্কার ও পুনরায় যোগ্যতা যাচাই কেন জরুরি
এলপিজি সিলিন্ডার দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে বারবার পরিবহন, ওঠানামা এবং বিভিন্ন পরিবেশে ব্যবহারের কারণে সিলিন্ডারে মরিচা, আঘাতজনিত ক্ষতি, ভালভের সমস্যা কিংবা অন্যান্য ত্রুটি দেখা দিতে পারে।
প্রযোজ্য নিরাপত্তাবিধি অনুযায়ী নির্ধারিত মেয়াদে, সাধারণত ১০ বছর পর পুনরায় যোগ্যতা যাচাইয়ের পর্যায়ে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে সিলিন্ডারটি আরও ব্যবহার করা নিরাপদ কি না।
রিফারবিশমেন্ট বা সংস্কার প্রক্রিয়ায় নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ সিলিন্ডারের প্রয়োজনীয় মেরামত, অনুমোদিত যন্ত্রাংশ পরিবর্তন ও সুরক্ষামূলক কাজ করা হয়। অন্যদিকে রিকোয়ালিফিকেশন প্রক্রিয়ায় কারিগরি পরীক্ষা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সিলিন্ডারটি পুনরায় ব্যবহারের উপযুক্ত কি না, তা নিশ্চিত করা হয়।
অর্থাৎ, পুরোনো সিলিন্ডারে শুধু নতুন রং করাই যথেষ্ট নয়। প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সঠিক পরীক্ষা, সংস্কার ও পুনরায় যোগ্যতা যাচাই। যেসব সিলিন্ডার নির্ধারিত নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেগুলো পুনরায় ব্যবহার করা যায়। আর অনুপযুক্ত সিলিন্ডারগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার থেকে সরিয়ে নিতে হয়।
পুরো এলপিজি খাতের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ
মোংলা ও হবিগঞ্জে রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন সুবিধা গড়ে তোলার মাধ্যমে ওমেরা দেশে প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার সংস্কার ও পুনরায় যোগ্যতা যাচাইয়ের সমন্বিত ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মোংলায় স্থাপিত আরএফএস কেন্দ্রটি ওমেরার নিজস্ব সিলিন্ডারের পাশাপাশি দেশের অন্যান্য এলপিজি অপারেটরদের সেবা দেওয়ার জন্যও তৈরি করা হয়েছে। এর ফলে দেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার এবং পুনরায় ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে।
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন সিলিন্ডারের নিরাপত্তা ও নিয়মনীতি মেনে চলার বিষয়টি আরও জোরদার হবে, অন্যদিকে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ সিলিন্ডার যথাযথ সংস্কারের মাধ্যমে পুনরায় ব্যবহার করা সম্ভব হলে অপ্রয়োজনীয় অপচয়ও কমবে।
২০১৫ সালে নিরাপদ ও পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের যে অঙ্গীকার নিয়ে ওমেরার যাত্রা শুরু হয়েছিল, এক দশক পর সেই অঙ্গীকার আরও বিস্তৃত হলো। এখন লক্ষ্য শুধু দেশের প্রতিটি প্রান্তে এলপিজি পৌঁছে দেওয়া নয়, বরং সিলিন্ডারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
নিরাপদ সিলিন্ডার, নিরাপদ গ্রাহক—আর সেই লক্ষ্যেই আরও নিরাপদ বাংলাদেশ গড়তে ওমেরার এই উদ্যোগ।