শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ২২:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সভাপতির দপ্তরে নতুন দায়িত্বে জাইমা রহমান

জাতিসংঘ সভাপতির দপ্তরে নতুন দায়িত্বে জাইমা রহমান

জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

জাতিসংঘের সরকারি তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন নির্বাহী পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। এর মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন। অন্য পাঁচজন হলেন আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা।

লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান কার্যালয়ের বিভিন্ন আইনি বিষয় দেখভাল করবেন। আব্দুল আলিম দায়িত্ব পালন করবেন ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে। দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় থাকা আব্দুল আলিম এর আগে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনেও দায়িত্ব পালন করেছেন।

মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করবেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন জাইমা। পরবর্তী সময়ে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন তিনি। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন।

খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সংস্থাটির সরাসরি কর্মী নন এবং জাতিসংঘ থেকে নিয়মিত বেতনও পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়িভাড়াসহ বিভিন্ন ব্যয় সাধারণত সংশ্লিষ্ট দেশ বা সরকার বহন করে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও এসব ব্যয় মেটানো হয়।

খলিলুর রহমানের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় সদস্য দেশগুলোর স্বেচ্ছা অনুদানে একটি ট্রাস্ট ফান্ডও রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি দেশ ওই তহবিলে মোট ১২ লাখ ৮৮ হাজার ২৩৭ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।