রেড লেডি পেঁপেতে স্বপ্ন দেখছে রানা
ছবি সংগৃহীত
সারিবদ্ধ গাছ। নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে পেঁপে। কোনো গাছের ফলে গাঢ় সবুজ রং, আবার কোনো পেঁপেতে ফুটে উঠেছে লালচে আভা। দূর থেকে তাকালে মনে হয়, সবুজের ভেতর ছোট ছোট ফলের সারি দিয়ে সাজানো এক বাগান। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গোমতী ইউনিয়নের মাহবুব মেম্বার পাড়ায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।
এই বাগানের প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে মেহেদী হাসান রানার স্বপ্ন। নিজের জমি নেই। তাই দুই বছরের জন্য দেড় লাখ টাকায় জমি লিজ নিয়ে দুই একর জায়গায় গড়ে তুলেছেন তাইওয়ানের উচ্চফলনশীল ‘রেড লেডি’ জাতের পেঁপের বাগান। বাগান তৈরি, চারা, সেচ ও পরিচর্যায় এখন পর্যন্ত তার বিনিয়োগ হয়েছে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। গত মাস থেকে পেঁপে বিক্রি শুরু করেছেন। এরই মধ্যে বিক্রি করেছেন প্রায় চার লাখ টাকার ফল। সবকিছু ঠিক থাকলে মৌসুম শেষে বিক্রির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা হতে পারে—এমন হিসাব রানার।
রানা উপজেলার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া এলাকার বাসিন্দা। পাহাড়ি জনপদে প্রচলিত চাষাবাদের বাইরে গিয়ে বাণিজ্যিক কৃষিতে যুক্ত হওয়ার আগ্রহ থেকেই তার এই উদ্যোগ।
ইউটিউবের ভিডিও থেকে বাগানে: ২০২২-২৩ সালের দিকে ইউটিউবে কৃষিবিষয়ক বিভিন্ন ভিডিও দেখতেন রানা। সেখানে পেঁপে চাষ, পরিচর্যা ও বাজারজাতকরণ দেখে আগ্রহ তৈরি হয় তার। শুধু আগ্রহে থেমে থাকেননি। কীভাবে বাণিজ্যিকভাবে চাষ করা যায়, তা নিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এরপর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও কারিগরি সহায়তা নিয়ে মাঠে নামেন। খাগড়াছড়ির জিরো মাইল এলাকার এগ্রোসেল নার্সারি থেকে প্রায় দুই হাজার ‘রেড লেডি’ জাতের পেঁপের চারা সংগ্রহ করেন। নিজের জমি না থাকায় লিজ নেন দুই একর জমি।
শুরুটা সহজ ছিল না। জমি প্রস্তুত থেকে চারা রোপণ, সেচ, সার প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ—সবকিছুতেই প্রয়োজন হয়েছে নিয়মিত শ্রম ও অর্থ। মালচিং পদ্ধতি অনুসরণ করে গাছের পরিচর্যা করেছেন তিনি। জৈব সার ব্যবহার এবং সময়মতো সেচ দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন। ফলন আসার পর সেই পরিশ্রমের প্রতিফলন এখন বাগানের প্রতিটি গাছে। থোকায় থোকায় ঝুলছে পেঁপে। গত মাস থেকে শুরু হয়েছে সংগ্রহ ও বিক্রি।
চার লাখ টাকা বিক্রি, সামনে আরও বড় হিসাব: রানার বাগান থেকে বর্তমানে প্রতি কেজি পাকা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকার পাইকার এসে বাগান থেকেই পেঁপে সংগ্রহ করছেন। ফলে আলাদা করে বাজারে নিয়ে গিয়ে বিক্রির ঝামেলাও কমছে।
রানা বলেন, এ পর্যন্ত বাগান প্রস্তুত, চারা, সেচ ও পরিচর্যায় প্রায় আট থেকে ৯ লাখ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে প্রায় চার লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। মৌসুমের বাকি সময়ে আরও ফলন পাওয়ার আশা করছেন তিনি।
তার হিসাব, বাজারদর অনুকূলে থাকলে পুরো মৌসুমে ১৫ থেকে ১৬ লাখ টাকার পেঁপে বিক্রি হতে পারে। অর্থাৎ একই জমি থেকে উৎপাদন, বাজার ও দামের ওপর নির্ভর করে বিনিয়োগের তুলনায় উল্লেখযোগ্য আয় করার সম্ভাবনা দেখছেন তিনি। রানা বলেন, ‘পাহাড় ও সমতল—দুই জায়গাতেই পেঁপের চাহিদা রয়েছে। সঠিক সেচ, জৈব সার ও নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। গাছ পরিপক্ব হলে ফলন আরও বাড়বে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পেঁপে চাষ করতে চাই।’
পাহাড়ি কৃষিতে নতুন সম্ভাবনা: মাটিরাঙায় রানার মতো উদ্যোক্তার সংখ্যা বাড়লে অনাবাদি বা কম ব্যবহূত জমিতে বাণিজ্যিক ফল চাষের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে কৃষি বিভাগ। বিশেষ করে বাজারে চাহিদা রয়েছে এমন ফলের উৎপাদন বাড়লে কৃষকের আয়ও বাড়ার সুযোগ থাকে।
মাটিরাঙা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় ৬৫ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। চলতি মৌসুমে এসব জমি থেকে ২ হাজার ৬০০ টন পেঁপে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, মেহেদী হাসান রানা একজন আগ্রহী ও পরিশ্রমী উদ্যোক্তা। পেঁপে চাষে আগ্রহী হওয়ায় তাকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। তার বাগান এলাকার অন্য কৃষকদেরও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে উৎসাহিত করবে বলে আশা করছেন তারা।
মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাব উদ্দিন আহমেদ বলেন, ‘রেড লেডি’ জাতের পেঁপে বাণিজ্যিক চাষের জন্য সম্ভাবনাময়।
মাটিরাঙার মাটি ও আবহাওয়াও পেঁপে চাষের উপযোগী। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে কৃষকেরা ভালো ফলন ও আয় করতে পারেন।
রানার বাগানে এখন প্রতিদিনই নতুন হিসাব। গাছ থেকে নামছে পাকা পেঁপে, আসছেন পাইকার, হচ্ছে বিক্রি। কয়েক বছর আগে ইউটিউবের পর্দায় দেখা কৃষির সম্ভাবনা এখন তার নিজের জমিতে বাস্তব। আট-নয় লাখ টাকার বিনিয়োগ পেরিয়ে ১৫-১৬ লাখ টাকার বিক্রির যে স্বপ্ন তিনি দেখছেন, তার বড় অংশই এখন নির্ভর করছে ফলন, বাজারদর ও মৌসুমের ওপর। আর সেই স্বপ্নের সাক্ষী হয়ে দুই একর জমিতে দাঁড়িয়ে আছে সারি সারি ‘রেড লেডি’ পেঁপে গাছ।