বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ২১:৪৪, ২৮ আগস্ট ২০২৬

আইএমএফের পূর্বাভাস

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

ছবি সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের দিক থেকে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশের অর্থনীতিকেও ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে আরও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর সম্ভাব্য আকার এবং ২০৩০ সালে দেশগুলোর অবস্থান সম্পর্কে একটি চিত্র তুলে ধরা হয়। দেশগুলোর মোট জিডিপির আকারের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের জিডিপি দাঁড়াতে পারে প্রায় ৬৭৭ বিলিয়ন ডলারে। একই সময়ে মালয়েশিয়ার অর্থনীতির আকার ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার, ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থাৎ পূর্বাভাস বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি এ তিন দেশের তুলনায় আকারে বড় হয়ে উঠবে।

তালিকায় বাংলাদেশের ওপরে থাকা দেশগুলোর মধ্যে ডেনমার্কের অর্থনীতির আকার ২০৩০ সালে ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। ফলে জিডিপির আকারের হিসাবে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক অর্থনীতির তালিকায় আরও ওপরে উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।

২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষ অবস্থান ধরে রাখবে যুক্তরাষ্ট্র। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ওই সময় দেশটির মোট জিডিপি বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থনীতির আকারে দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। দেশটির জিডিপি প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে তৃতীয় বৃহত্তম অর্থনীতি নিয়ে জার্মানি ও ভারতের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। ২০৩০ সালে দেশ দুটির অর্থনীতির ব্যবধান মাত্র পাঁচ বিলিয়ন ডলার হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ওই বছর জার্মানির জিডিপি দাঁড়াতে পারে ৬ হাজার ১৭৮ বিলিয়ন ডলার এবং ভারতের ৬ হাজার ১৭৩ বিলিয়ন ডলার। ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান নিয়ে ভারত ও জার্মানির মধ্যে খুব সামান্য ব্যবধান থাকবে।

অন্যদিকে যুক্তরাজ্যের অর্থনীতির আকার ২০৩০ সালে প্রায় ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর ফলে যুক্তরাজ্যও বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখবে।

আইএমএফের পূর্বাভাসে আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতির দ্রুত সমপ্রসারণের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট অর্থনীতির আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্ব অর্থনীতির এই প্রবৃদ্ধিতে বড় অর্থনীতিগুলোর পাশাপাশি উদীয়মান অর্থনীতিগুলোর ভূমিকাও বাড়বে। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশের অর্থনৈতিক সমপ্রসারণ বৈশ্বিক প্রবৃদ্ধির কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও জিডিপির আকার বাড়ার পূর্বাভাস সেই বৃহত্তর পরিবর্তনেরই একটি অংশ।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট জিডিপির ৫৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন করে পাঁচটি দেশ। এর মধ্যে এককভাবে বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রের দখলে। অর্থনীতির আকারের দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ভারত ও যুক্তরাজ্যের পাশাপাশি থাকবে জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা।

বাংলাদেশের জন্য ৬৭৭ বিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পূর্বাভাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে অর্থনীতির আকার বাড়ার পাশাপাশি সেই প্রবৃদ্ধি কতটা টেকসই, কর্মসংস্থান ও মানুষের আয় কতটা বাড়ছে এবং জীবনযাত্রার মানে তার প্রভাব কতটা পড়ছে—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। জিডিপির পরিমাণের পাশাপাশি অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদনশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতার উন্নয়নই শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রকৃত চিত্র তুলে ধরবে।