সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ: ২৩:২৪, ১৯ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

ছবি সংগৃহীত

পূজার ছুটি শুরু হওয়ার আগে শেষ কার্যদিবস গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় বেশির ভাগ প্রতিষ্ঠান নাম লেখানোর পাশাপাশি বেড়েছে মূল্যসূচকও। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়া ও কমার তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান থাকলেও মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৬১টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৩২টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ২৩টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। তিনশ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন বেড়ে পাঁচশ কোটি টাকা ছাড়য়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ২ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১ লাখ টাকার। ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আইপিডিসি ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ এবং শার্প ইন্ডাস্ট্রিজ। অন্য পুঁজিবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৪টির দাম কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৭৯ লাখ টাকা।