সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২৩:২১, ১৯ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তরা

সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তরা

ছবি সংগৃহীত

ব্রোকারেজ হাউস কর্তৃক অর্থ আত্মসাতের কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে প্রত্যেক বিনিয়োগকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এজন্য বাংকো সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাই করা ও অনিষ্পন্ন দাবির বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল সোমবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানকে পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেনের ব্রোকার হিসেবে নিবন্ধন দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াধীন নয়টি আর্থিক প্রতিষ্ঠানের অধীন ১২টি পুঁজিবাজার-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখা এবং ঘাটতি পূরণে সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন পেয়েছে ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো—সোহেল সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বি রিচ, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ।
প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিবন্ধন সনদ দেওয়ার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে অভিপ্রায়পত্র বা লেটার অব ইনটেন্ট ইস্যু করা হবে।
পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজারে ব্রোকার হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়ায় এ সিদ্ধান্তকে প্রাথমিক অনুমোদন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে চারটি প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাই করা এবং এখনো নিষ্পত্তি না হওয়া দাবির বিপরীতে বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের বিধান অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেক 
বিনিয়োগকারী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।
তবে বিজ্ঞপ্তিতে ক্ষতিপূরণ বিতরণের নির্দিষ্ট সময়সীমা বা মোট কতজন বিনিয়োগকারী এ সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংক নয়টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের অধীন মোট ১২টি পুঁজিবাজার-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুটি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং দুটি মার্চেন্ট ব্যাংকার প্রতিষ্ঠানের নিট সম্পদ পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি কয়েকটি মূল্যায়ন সূচকেও তাদের অবস্থা সন্তোষজনক হওয়ায় এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।