লক্ষ্মীপুরে ফলের দোকানে মোবাইল কোর্ট: ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে ফলের দোকানে মোবাইল কোর্ট: ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) শহরের চকবাজার, উত্তর তেমুহনী ও দক্ষিণ তেমুহনী রোডে এই অভিযান পরিচালনা করা হয়।একই সময়ে বাজারের এলপিজি গ্যাস বিক্রয়ের খুচরা দোকানগুলোতেও তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকা, পণ্যের অতিরিক্ত দাম রাখা, মাপে কারচুপি করতে অধিক ওজনের ঠোঙা ব্যবহার করা এবং অনুমোদন ছাড়া শিশু খাদ্য বিক্রির অপরাধ ধরা পড়ে। এসব অপরাধের দায়ে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে উল্লেখিত টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।