সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মোঃ আনোয়ার পারভেজ  কুমিল্লা জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১৯:১২, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:১২, ৫ অক্টোবর ২০২৬

চান্দিনায় বিএনপির সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সমর্থন ফর্ম বিতরণ

চান্দিনায় বিএনপির সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সমর্থন ফর্ম বিতরণ

দলীয় সমর্থন ফর্ম বিতরণ

কুমিল্লার চান্দিনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থন ফর্ম বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এসব ফর্ম বিতরণ করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ফর্ম বিতরণকালে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থন ফর্ম বিতরণের দায়িত্ব দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এ ফর্ম বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের অবস্থান সুস্পষ্ট। দল যাকে সমর্থন দেবে, দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হলে অথবা দল সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে কাজ না করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এলাকায় সুনাম, গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হবে। দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও কোনো ব্যক্তির এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা থাকলে দল তাঁকেও সমর্থন দিতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ, জনাব, মো. শাহাজাহান চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবু তাহের, অধ্যাপক গিয়াস উদ্দীন ভূঁইয়া, অধ্যাপক সাইফুল ইসলাম বাবর, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ শিমুলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।