ভুয়া ওসি পরিচয়ে সাংবাদিককে ফোন, অভিযোগের পর মিলল না অস্তিত্ব
গাজীপুর
‘উত্তরা পশ্চিম থানার ওসি শাহীন’ পরিচয়ে ফোন করে দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেনকে বলা হয়, তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একজন পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এমন অভিযোগ তুলে তাকে চাপ দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেন দেলোয়ার হোসেন।
হঠাৎ এমন ফোনে বিস্মিত হন তিনি। তার দাবি, তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কাউকে ফোন করে গালিগালাজ করার প্রশ্নই ওঠে না। ফোনদাতাকে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার সত্যতা যাচাই করতে দেলোয়ার হোসেন বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ‘শাহীন’ নামে ওই পরিচয়ে উত্তরার পশ্চিম থানায় কোনো ওসি নেই। এতে ফোনদাতার পরিচয় নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নাম ও পরিচয়ে অনুসন্ধান করলে ‘মহসিন’ নামে পুলিশের পরিচয়সংবলিত একটি ফেসবুক প্রোফাইল পাওয়া যায়। তবে প্রোফাইলটির সঙ্গে ফোনদাতার সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।
দেলোয়ার হোসেন বলেন, পুলিশ পরিচয়ে এভাবে ফোন করে কাউকে ভয় দেখানো বা চাপ সৃষ্টি করা হলে তা উদ্বেগজনক। এ ধরনের প্রতারণার মাধ্যমে পরে অর্থ আদায়সহ নানা ধরনের হয়রানির চেষ্টা হতে পারে। সবাইকে পরিচয় যাচাই ছাড়া এমন ফোনে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।