বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রতিনিধি, (বাঁশখালী) চট্টগ্রাম

প্রকাশ: ১৮:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২

বাঁশখালীতে রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে ছাত্রদল নেতা পরিচয়ে এক বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল করা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ী ও জনতার সহায়তায় পুনরায় দখলমুক্ত করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত খোরশেদ ও বোরহান নামে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার মার্কেটের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) মিজানুর রহমান কাজল বাদী হয়ে ছাত্রদল নেতা পরিচয় দেওয়া স্থানীয় রিফাত ও গিয়াস উদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতানুল গণি চৌধুরী ওরফে লেদু মিয়ার দুই তলাবিশিষ্ট মার্কেটের দোকান ও বোর্ডিং জোরপূর্বক দখল করে টিনের ঘেরা দেয় রশিদ আহমদ ও তার লোকজন। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা পরিচয়ে স্থানীয় রিফাত ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে গত শুক্রবার উপজেলার প্রেমবাজারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট ঘেরাও করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভবনটি দখল করে নেয়। এবং কয়েকদিন তারা ভবনটি দখলে রাখে। পরে স্থানীয় ব্যবসায়ীরা মার্কেটটি উদ্ধার করে।

মার্কেটের কেয়ারটেকার ও মামলার বাদী মিজানুর রহমান কাজল বলেন, ‘অভিযুক্ত গিয়াস উদ্দিন বীর মুক্তিযোদ্ধার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় গত শুক্রবার রাতে লোকজন নিয়ে এসে মার্কেটটি দখল করে নেন। এ ঘটনায় ৬ জনকে আসামি করা চাঁদাবাজি মামলা করা হয়। পরে ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে ভবনটি উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা গিয়াস উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।’

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘দোকানপাট দখল ও টিনের বেড়া নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে জড়িত দুইজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’