বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ  

প্রকাশ: ১৮:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১২০ কোটি টাকায় নতুন রূপ পাবে শহীদ জিয়া হল

১২০ কোটি টাকায় নতুন রূপ পাবে শহীদ জিয়া হল

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঐতিহ্যবাহী শহীদ জিয়া হল নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নকশা অনুযায়ী, প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাংস্কৃতিক ও নাগরিক কমপ্লেক্স হিসেবে হলটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এতে থাকবে ৯০০ আসনের অডিটোরিয়াম, লাইব্রেরি, আর্ট গ্যালারি, মিনি থিয়েটার, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস রুমসহ নানা সুবিধা।

নগরভবনের অডিটোরিয়ামে শহীদ জিয়া হলের স্থাপত্য নকশা উপস্থাপন বিষয়ক সভায় মঙ্গলবার এসব তথ্য জানানো হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সভায় সভাপতিত্ব করেন। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

সভায় স্থপতি জাহিদুল ইসলাম খান প্রস্তাবিত ভবনের নকশা উপস্থাপন করেন। এ সময় ভবন দুটির অ্যানিমেটেড চিত্রও দেখানো হয়। নকশা অনুযায়ী, শহীদ জিয়া হলের নতুন ভবনে ৮০টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। থাকবে ৯০০ আসনের অডিটোরিয়াম, জিয়া গ্যালারি, লাইব্রেরি, মাল্টিপারপাস রুম, মিনি থিয়েটার, ক্যাফেটেরিয়া, রেস্টিং এরিয়া ও পাবলিক স্পেস।

এ ছাড়া সেমিনার কক্ষ, নাট্যশালা, রিহার্সেল রুম, নামাজের জায়গা, আর্ট গ্যালারি, ফুডকোর্ট ও ভিআইপি রেস্টরুম রাখার পরিকল্পনাও রয়েছে। ভবনের নকশায় প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান স্থপতি জাহিদুল ইসলাম খান।

নাসিক সূত্রে জানা গেছে, শহীদ জিয়া হল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহূত হয়ে আসছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যচর্চা, সভা-সেমিনার, প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী শহীদ জিয়া হলের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। প্রস্তাবিত নকশা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে চাষাঢ়ার গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিকদের বিভিন্ন আয়োজনের জন্যও ব্যবহার করা যাবে।