বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৯:০০, ২৪ আগস্ট ২০২৬

ভুয়া স্লিপে ৪৮ গ্রাহকের ১ কোটি ৫ লাখ টাকা আত্মসাৎ

ভুয়া স্লিপে ৪৮ গ্রাহকের ১ কোটি ৫ লাখ টাকা আত্মসাৎ

ছবি সংগৃহীত

সার্ভারে ত্রুটি’র অজুহাতে ভুয়া জমা স্লিপ প্রদান করে ৪৮ জন গ্রাহকের ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির লক্ষ্মীপুরের মিরিকপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটে ঘটা এ প্রতারণার প্রধান অভিযুক্ত ও আউটলেটের মালিক মো. নাছির উদ্দিন প্রকাশ খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  সোমবার ২৪ আগস্ট বিকেলে পিবিআই এ তথ্য নিশ্চিত করে।

তদন্ত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে নাছির উদ্দিন মিরিকপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের দায়িত্ব পালন করছিলেন। তিনি তার সহযোগী মো. শহিদুল্লাহ প্রকাশ জিয়াকে টেলার হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে এই চক্রটি গ্রাহকদের জমাকৃত আমানত ব্যাংকের মূল হিসাবে না জমা দিয়ে প্রতারণামূলকভাবে নিজেরা আত্মসাৎ করেন।

পিবিআই জানায়, গ্রাহকরা টাকা জমা দিতে এলে অভিযুক্তরা ভুয়া সার্ভারে বায়োমেট্রিক তথ্য নিত। এরপর সিস্টেম বা সার্ভারে কারিগরি ত্রুটি রয়েছে জানিয়ে গ্রাহকদের হাতে হাতে ভুয়া জমা স্লিপ ধরিয়ে দেওয়া হতো এবং বলা হতো পরে টাকা জমা করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেই টাকা ব্যাংকে না পাঠিয়ে নিজেরা আত্মসাৎ করত। এভাবে ৪৮ জন গ্রাহকের কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার পর গ্রাহকরা হিসাব হালনাগাদ ও টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েন। একপর্যায়ে আউটলেটে চরম অসন্তোষ তৈরি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

ঘটনার পর ডাচ্-বাংলা ব্যাংকের লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১ জুলাই ২০২৫ লক্ষ্মীপুর সদর থানায় দ্লবিধির ৪০৬/৪০৮/৪০৯/৪২০ ধারায় মামলা রুজু হয়।

পরবর্তীতে ২০২৫ সালের ৩ আগস্ট পুলিশ আসামি নাছিরকে গ্রেপ্তার করলেও দীর্ঘসময়ে মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালত মামলাটি নোয়াখালী পিবিআই-এর ওপর ন্যস্ত করেন।

পিবিআই-এর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামাল আব্বাস আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নাছির অর্থ আত্মসাতের বিস্তারিত ছক প্রকাশ করেন। গত ২২ আগস্ট ২০২৬ তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কাজ অব্যাহত রয়েছে।