বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

ইমতিয়াজ আহমেদ , নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৮, ২৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে লোডশেডিংয়ের নেপথ্যে অটোর গ্যারেজে বিদ্যুৎ চুরি

নারায়ণগঞ্জে লোডশেডিংয়ের নেপথ্যে অটোর গ্যারেজে বিদ্যুৎ চুরি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে বৈধ অটোরিকশার সংখ্যা প্রায় সাড়ে ১৮ হাজার। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তিনটি অঞ্চলের হিসাব অনুযায়ী, বৈধ ও অবৈধ মিলিয়ে শহরজুড়ে অটোরিকশার সংখ্যা ৭০ হাজারের বেশি। বিপুলসংখ্যক এসব অটোরিকশার গ্যারেজ ও চার্জিংকেন্দ্রে দিনরাত চলছে বিদ্যুতের ব্যবহার। অভিযোগ রয়েছে, এর একটি বড় অংশই অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত। এতে একদিকে বিদ্যুৎ বিভাগের রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে বৈধ গ্রাহকদের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ।

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার গ্যারেজে প্রকাশ্যেই একসঙ্গে বহু অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। কোথাও আবাসিক সংযোগ ব্যবহার করে, আবার কোথাও সরাসরি অবৈধ সংযোগ নিয়ে চলছে এসব চার্জিং কার্যক্রম। বিদ্যুতের তার টেনে গ্যারেজ পর্যন্ত সংযোগ নেওয়ার অভিযোগও রয়েছে। রাতের বেলায় এসব গ্যারেজে একসঙ্গে বিপুলসংখ্যক অটোরিকশা চার্জ হওয়ায় বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন এলাকায় অটোরিকশার গ্যারেজ গড়ে উঠলেও বিদ্যুৎ চুরির অভিযোগে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা দেখা যায় না। মাঝে মধ্যে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হলেও কিছুদিন পর একই এলাকায় আবারও সংযোগ চালু হয়ে যায়। ফলে এসব অভিযানকে অনেকেই লোক দেখানো বলে মনে করেন।

নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য গ্যারেজ। এসব গ্যারেজে অটোরিকশা রাখা, মেরামত এবং ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত চার্জিং কার্যক্রম বাড়ে। ফলে এ সময় বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। অভিযোগ রয়েছে, অনেক গ্যারেজে বিদ্যুতের অনুমোদিত লোডের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, একটি অটোরিকশার ব্যাটারি নিয়মিত চার্জ দিতে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। হাজার হাজার অটোরিকশা প্রতিদিন চার্জ হলে এর প্রভাব বিদ্যুৎ ব্যবস্থাপনায় পড়ার কথা। কিন্তু এসব চার্জিংকেন্দ্রের কতগুলো বৈধ সংযোগে চলছে এবং কতগুলো অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে, তার পূর্ণাঙ্গ তালিকা বা সমন্বিত নজরদারি নেই্তএমন অভিযোগ রয়েছে।

অটোরিকশার সংখ্যা নিয়েও রয়েছে বড় ধরনের অসামঞ্জস্য। নাসিকের হিসাবে শহরে বৈধ অটোরিকশার সংখ্যা সাড়ে ১৮ হাজার হলেও বৈধ-অবৈধ মিলিয়ে তিন অঞ্চলে মোট সংখ্যা ৭০ হাজারের বেশি। অর্থাৎ বৈধ যানবাহনের তুলনায় কয়েক গুণ বেশি অটোরিকশা নগরীর সড়কে চলাচল করছে। এর ফলে যানজট, সড়কে বিশৃঙ্খলা এবং বিদ্যুতের অতিরিক্ত ব্যবহারের পাশাপাশি নগর ব্যবস্থাপনায়ও তৈরি হচ্ছে বাড়তি চাপ।

নগরবাসীর প্রশ্ন, এত বিপুলসংখ্যক অটোরিকশার গ্যারেজ কোথায়, কারা পরিচালনা করছে এবং সেখানে কীভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছ্তেএসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির বাইরে থাকবে কেন? অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ থাকলে গ্যারেজভিত্তিক তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে না কেন, সেটিও জানতে চান তারা।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিভিন্ন সময়ে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানালেও স্থানীয়দের অভিযোগ, এসব অভিযান নিয়মিত না হওয়ায় স্থায়ী সমাধান হচ্ছে না। একটি গ্যারেজে অভিযান চালানোর পর সেটি পুনরায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকায় চুরি বন্ধ হচ্ছে না।

নগরবাসীর দাবি, শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, অটোরিকশার গ্যারেজগুলোকে চিহ্নিত করে বৈধ-অবৈধ সংযোগের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। একই সঙ্গে অনুমোদিত লোডের বাইরে বিদ্যুৎ ব্যবহার, সরাসরি সংযোগ এবং মিটারবিহীন চার্জিংকেন্দ্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নাসিক, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান চালানোরও দাবি উঠেছে।

অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, গ্যারেজ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ চুরি বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে নগরীর বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই প্রশ্ন উঠেছ্তে৭০ হাজারের বেশি অটোরিকশার নগরীতে বিদ্যুৎ চুরির অভিযোগ বন্ধে কবে দৃশ্যমান ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে?