রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৬, ৮ আগস্ট ২০২৬

না.গঞ্জের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ: দিপু ভূঁইয়া

না.গঞ্জের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ: দিপু ভূঁইয়া

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ। ব্যাবসায়ীদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি, এই বার্তাটি আজ সকলের কাছে চলে যাবে। আমরা আপনাদের পরামর্শ নিতে চাই। বয়াবসায়ীরা কীভাবে চললে নারায়ণগঞ্জকে সুন্দর করা যায় এ বিষয়ে আপনাদের পরামর্শ নিবো।

গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে জেলার সংসদ সদস্য ও ব্যাবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নারায়ণগঞ্জ অনেক বড় একটি জায়গা। দেশের জিডিপিতে এই জেলা পাঁচ থেকে সাত শতাংশ অবদান রাখে। এখানে শুধু রূপগঞ্জে ৭৪১টি ফ্যাক্টরি আছে৷ কিন্তু দুঃখের বিষয় হল তারা নারায়ণগঞ্জ চেম্বারের মেম্বার হচ্ছে না। এর ফলে কখনও কোন সমস্যা হলে আমরা সকলকে একটি ছাতার নিচে একত্র করতে পারি না। আমি আশা করবো যদি সকলের নির্বাচনী এলাকায় আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলকে নারায়ণগঞ্জ চেম্বারের অধীনে নিয়ে আসতে পারি তাহলে নারায়ণগঞ্জ চেম্বার ভাল পর্যায়ে যাবে৷ কারও কোন সমস্যা হলে আমরা একসাথে কাজ করতে পারবো।

ব্যবসায়ীদের কিছু দাবী আছে। নিরাপত্তা যেন ব্যবসায়ীরা পায়৷ কিছু জায়গায় ট্যাক্সের জন্য নির্দিষ্ট টাকার চেয়ে অতিরিক্ত টাকা দাবী করা হয়। এই জিনিসটা চেম্বারের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করলে ব্যাবসায়ীদের জন্য অনেক উপকার হবে।

এ সময় নারায়ণগঞ্জ ৩ আসনের (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনের (ফতুল্লা) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর-বন্দর) সংসদ সদস্য আবুল কালাম, বিকেএমইএ’র সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।