বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৮:৫৪, ২০ আগস্ট ২০২৬

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

ছবি সংগৃহীত

এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। গত ১৯ আগস্ট, তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন চৌধুরী তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, টেকসই প্রবৃদ্ধি ও ব্যবসায়িক রূপান্তরে সফল নেতৃত্বের জন্য সুপরিচিত।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে চৌধুরী ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা অর্জন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একইসঙ্গে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী হয়।

তিনি ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ প্রতিষ্ঠানটির ভিত্তি আরও সুদৃঢ় করতে সংস্কার কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তিনি তদারকি করেছেন।

চৌধুরী ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীকালে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন।

এবি ব্যাংকে নিয়োগ প্রসঙ্গে আরিফ বিল্লাহ আদিল চৌধুরী বলেন, ‘এবি ব্যাংকের বর্তমান এই গুরুত্বপূর্ণ অভিযাত্রায় নিজেকে যুক্ত করতে পেরে সত্যিই গৌরব বোধ করছি। আমার লক্ষ্য থাকবে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা জোরালোকরণ এবং আমাদের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের বিশ্বাসকে আরও মজবুত করা। সবশেষে, এই প্রতিষ্ঠানকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের গ্রাহকগণের আস্থা দীর্ঘমেয়াদে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে।’

জনাব চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।বিজ্ঞপ্তি