শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:০৫, ১৬ আগস্ট ২০২৬

পুরোনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি

পুরোনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি

ছবি সংগৃহীত

বাজেট ঘোষণার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দেশের তামাক কোম্পানিগুলো এখনো পুরোনো দামের সিগারেট নতুন দামে বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এসআরও তে বলা হয়েছে, পূর্বের সর্বোচ্চ খুচরা মূল্য মুদ্রিত সিগারেটের প্যাকেটে সিল দ্বারা নতুন সর্বোচ্চ খুচরা মূল্য মুদ্রণ করে দিতে হবে। কিন্তু প্যাকেটে নতুন দামের সিল না দিয়েই বাজারে প্রকাশ্যে সব সিগারেট আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এনবিআর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব জেনেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যা তামাক কোম্পানির অপকৌশলকে সহায়তা করার নামান্তর।

রোববার ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর সম্মেলন কক্ষে ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাক কর নীতি’ শীর্ষক একটি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক মাসুদা ইয়াসমিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক। কর্মশালায় ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ, প্রপাগান্ডা ও বাস্তবতা’ বিষয়ক সেশনে বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য এবং সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা এবং ‘বাংলাদেশের তামাক কর ব্যবস্থা’ বিষয়ক সেশনে বিএনটিটিপির প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল সহায়ক হিসেবে ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিইআরের তামাক কর প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিল। বিজ্ঞপ্তি