পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চট্টগ্রাম বন্দরের
ছবি সংগৃহীত
পণ্য খালাসের নিরাপত্তা জোরদার, সেবার মান বাড়ানো ও জালিয়াতি প্রতিরোধে অনলাইন ই-চালান ব্যবস্থায় দুটি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। নতুন এ ব্যবস্থায় শুল্ক-কর এবং বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই করা যাবে। এতে বন্দর থেকে পণ্যবাহী যানবাহন বের করার আগে সংশ্লিষ্ট পাওনা পরিশোধ নিশ্চিত করা সহজ হবে।
সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে টার্মিনাল পরিচালনা ব্যবস্থার আওতায় অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির ‘আর নম্বর’ ও ‘সিপি নম্বর’ যুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘আর নম্বর’ দিয়ে শুল্ক ও কর পরিশোধের তথ্য যাচাই করা যাবে। অন্যদিকে ‘সিপি নম্বর’ ব্যবহার করে বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই করা সম্ভব হবে।
নতুন ব্যবস্থার ফলে বন্দর থেকে পণ্যবাহী যানবাহন বের হওয়ার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগগুলো সহজেই কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের পাওনা পরিশোধের বিষয়টি যাচাই করতে পারবে। এতে অর্থ পরিশোধসংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ হবে।
বন্দর থেকে পণ্য সরবরাহ এবং প্রবেশ ও বহির্গমন ফটক দিয়ে যানবাহন বের করার ক্ষেত্রে অনলাইন ই-চালান চূড়ান্ত নথি হিসেবে ব্যবহূত হয়। ফলে এ নথিতে পেমেন্ট নিশ্চিতকরণের দুটি নম্বর যুক্ত করায় প্রযোজ্য শুল্ক, কর, ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাইয়ে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
নতুন এ সুবিধা ব্যবহার করে বন্দরের সেবা গ্রহণের জন্য আমদানিকারক, পণ্যগ্রহীতা, জাহাজ চলাচল-সংশ্লিষ্ট এজেন্ট, পণ্য খালাস ও পরিবহন এজেন্টসহ (সিঅ্যান্ডএফ) অন্যান্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।