না.গঞ্জে ৩০ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৭৫০০ পোশাক শ্রমিক
ছবি সংগৃহীত
পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে গত দুই শুক্রবার ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হলেও গতকাল শুক্রবার থেকে ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। গতকাল নারায়ণগঞ্জে খোলা ট্রাকে গার্মেন্ট শ্রমিকদের মধ্যে ওএমএসের চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনে আসেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাসিমা আক্তার।
গতকাল থেকে প্রতি শুক্রবার সাড়ে সাত হাজার শ্রমিক পাচ্ছেন ৩০ টাকা দরে ১০ কেজি চাল। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবেন। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১৫টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে। শ্রমিকদের লম্বা লাইনে দাড়িয়ে ওএমএস এর চাল সংগ্রহ করতে দেখা গেছে। চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেওয়ার দাবি শ্রমিকদের।
পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে ওএমএসের চালে তাদের কিছুটা সাশ্রয় হবে। তবে ওএমএসের মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেওয়া হলে তারা উপকৃত হতেন।