শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪১, ২৭ নভেম্বর ২০২৬

এআই শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ফেরায় চাঙা বৈশ্বিক পুঁজিবাজার

এআই শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ফেরায় চাঙা বৈশ্বিক পুঁজিবাজার

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহ বাড়ায় চলতি মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সংকেত হিসেবে দেখা হচ্ছে। এ খাতে অব্যাহত মূলধনি বিনিয়োগও পুঁজিবাজারে ইতিবাচক মনোভাব তৈরির অন্যতম কারণ।

তবে, এআই খাতে বিনিয়োগের লাভজনকতা নিয়ে প্রশ্ন এবং আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ার সম্ভাবনা থাকায় পুঁজিবাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৬ বেসিস পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে। মুদ্রাবাজারে ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিনিয়োগকারীরা। আগামী এপ্রিলের মধ্যে আরও এক দফা সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে। এতে ডলার সূচক ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৮ পয়েন্টে উঠেছে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি বাড়ার ইঙ্গিত দেওয়া মূল ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচক এবং প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধির তথ্য ফেডের মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনাকে জোরালো করেছে।

এদিকে, স্বর্ণের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৮ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এআই খাতের শেয়ারগুলোতে ব্যাপক দরপতনের সময় লোকসান সামাল দিতে কিংবা নগদ অর্থের প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীরা স্বর্ণের বিনিয়োগ থেকে অর্থ তুলে নিয়েছিলেন। এখন এআই শেয়ারে বিক্রির চাপ কমে আসায় স্বর্ণের দাম ইতিবাচক ধারায় ফিরেছে।

অন্যদিকে হরমুজ প্রণালি ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ট্যাংকারে চলমান হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে জানুয়ারি মাসে সরবরাহের জন্য গতকাল ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৬ ডলারে দাঁড়ায়। আজ অবশ্য এ দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

এদিকে, থ্যাংকসগিভিং উপলক্ষে গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ার ও বন্ডবাজার বন্ধ ছিল। দেশটির বাজার অর্ধদিবস খোলা রয়েছে। দিনের শুরুতে দেশটির শেয়ার সূচকের ফিউচার চুক্তিগুলো ইতিবাচক ধারায় লেনদেন শুরু করেছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির তথ্য সংশোধন করে বাড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নির্বাচনের আগে প্রকাশিত অর্থনৈতিক তথ্য ছিল ‘ভুয়া’। এ বিষয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের প্রভাব প্রাথমিক আশঙ্কার তুলনায় অনেক কম হবে-এমন প্রত্যাশায়  ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

এদিকে, ব্রাসেলসে বৈঠকে বসা ইউরোজোনের নেতারা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পরবর্তী প্রেসিডেন্ট পদে স্পেনের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান পাবলো হার্নান্দেজ দে কসকে প্রার্থী হিসেবে মনোনীত করতে একমত হয়েছেন।

নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ফেব্রুয়ারিতে ক্রিস্টিন লাগার্দের স্থলাভিষিক্ত হবেন হার্নান্দেজ দে কস।

অন্যদিকে, গত ২৮ ও ২৯ অক্টোবর ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নিং কাউন্সিলের মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত আগের বৈঠকের তুলনায় জ্বালানি বাজারের পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছে কাউন্সিল। সামপ্রতিক সময়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর দীর্ঘস্থায়ী চাপ তৈরির ঝুঁকি বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে জার্মানির বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকে এবং নুরেমবার্গ ইনস্টিটিউট ফর মার্কেট ডিসিশনসের (এনআইএম) প্রায় ২ হাজার ভোক্তার ওপর পরিচালিত জরিপের ফল প্রকাশ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, নভেম্বরে ভোক্তা আস্থা সূচক ছিল ঋণাত্মক ৩০ দশমিক ৯ পয়েন্ট। আগের মাসের তুলনায় ডিসেম্বরে তা ০ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ঋণাত্মক ৩০ দশমিক ২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল সূচকটি প্রায় ঋণাত্মক ৩০ পয়েন্টে থাকবে।

এদিকে, ইতালির ব্যাংকিং গ্রুপ ইউনিক্রেডিটের জার্মান প্রতিদ্বন্দ্বী কমার্জব্যাংক অধিগ্রহণ পরিকল্পনায় চূড়ান্ত নিয়ন্ত্রক অনুমোদন দিয়েছে পোল্যান্ডের আর্থিক তদারকি কর্তৃপক্ষ। ইউনিক্রেডিটের এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি), ফেডারেল রিজার্ভ এবং জার্মানির ফেডারেল ফাইন্যান্সিয়াল সুপারভাইজরি অথরিটির (বাফিন) অনুমোদন পেয়েছিল অধিগ্রহণটি। পোল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের মধ্য দিয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অনুমোদন পাওয়ার পর ফ্রাঙ্কফুর্টভিত্তিক কমার্জব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদকে একটি বিশেষ সাধারণ সভা আয়োজনের অনুরোধ জানিয়েছে ইউনিক্রেডিট।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, সরকারি ঋণের চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর ভবিষ্যৎ আয় নিয়ে অস্থির প্রত্যাশা বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় একযোগে ঝুঁকি তৈরির আশঙ্কা বাড়াচ্ছে বলে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

এসব ঘটনার প্রভাবে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ৭৫ শতাংশ, জার্মানির ডিএএক্স ৪০ সূচক ২ দশমিক ০৮ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৬১ শতাংশ এবং ইতালির এফটিএসই এমআইবি সূচক ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

গতকাল শুক্রবার দিনের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের ফিউচার চুক্তিগুলোও ইতিবাচক ধারায় লেনদেন শুরু করেছে।

এদিকে, ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘমেয়াদি বাজেটের আকার নিয়ে একমত হতে পারেননি জোটের ২৭টি সদস্যদেশের নেতারা। জার্মানিসহ সাতটি দেশ বাজেটে আরও কাটছাঁটের দাবি জানিয়েছে। তবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, প্রস্তাবিত ব্যয় সংকোচন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় ইউরোপের সক্ষমতা দুর্বল করবে। আগামী ১৭ ডিসেম্বর বাজেট নিয়ে আবারও আলোচনা করবেন নেতারা।

প্রযুক্তি খাতের শেয়ারগুলোতে বিক্রির চাপ কমে আসা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়ায় আজ এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

আজ প্রকাশিত তথ্যে দেখা গেছে, জাপানের টোকিওর নভেম্বরের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে এ প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম। অন্যদিকে খাদ্য ও জ্বালানির মতো অস্থির উপাদান বাদ দিয়ে হিসাব করা টোকিওর মূল ভোক্তা মূল্যসূচক ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের জুলাইয়ের পর এটি সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি।

এ তথ্য জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানের (বিওজে) সুদের হার বাড়ানোর প্রত্যাশাকে জোরালো করেছে। চীনে অক্টোবরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেড়েছে। গত মে মাসের পর এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধি।

অন্যদিকে বাজার স্থিতিশীল রাখতে চীনের অর্থনৈতিক প্রশাসন অতিরিক্ত নীতিগত পদক্ষেপ নিতে যাচ্ছে-এমন খবর দেশটির শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়িয়েছে। এসব ঘটনার প্রভাবে লেনদেনের শেষ দিকে জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৯ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৮ শতাংশ, হংকংয়ের হ্যাং সেং সূচক ০ দশমিক ৯ শতাংশ এবং চীনের সাংহাই কম্পোজিট সূচক ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জে (বিআইএসটি) বেশির ভাগ সময় ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। দিন শেষে বিআইএসটি ১০০ সূচক ০ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০ হাজার ৭৪৩ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায়। ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জের ফিউচারস অ্যান্ড অপশনস মার্কেটে (ভিআইওপি) বিআইএসটি ৩০ সূচকভিত্তিক ডিসেম্বরের ফিউচার চুক্তির দাম গতকাল সন্ধ্যার লেনদেনে স্বাভাবিক সেশনের সমাপনী দামের তুলনায় ০ দশমিক ৮০ শতাংশ কমেছে।

ডলার-তুর্কি লিরার বিনিময় হার ৫০ দশমিক ৬৭৭৭-এ অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করে। তবে আন্তঃব্যাংক বাজারে লেনদেন শুরুর সময় এ হার আগের সমাপনী দামের তুলনায় ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৭৭৮০ হয়েছে।

অন্যদিকে ফান্ডবিষয়ক এক সভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ বলেছেন, আজকের মধ্যে সাধারণ ফান্ড প্রক্রিয়ার সব অর্থ পরিশোধ করা হবে এবং সাধারণ ফান্ড অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি জানান, ১৩১টি ফান্ডের মধ্যে ১২২টিকে মোট ১৯৯ দশমিক ২৫ বিলিয়ন লিরা পরিশোধ করা হবে। এ সময়ে সাধারণ ও বিশেষ-উভয় ধরনের পরিশোধ মিলিয়ে প্রায় ২০০ বিলিয়ন লিরা দেওয়া হয়েছে।

ইলমাজ আরও বলেন, আগামী সোমবার তারা বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ‘বেসরকারি খাতের পরিস্থিতি ও দাবির প্রতি আমরা উদাসীন থাকতে পারি না।’

তুরস্কের অর্থ ও অর্থমন্ত্রী মেহমেত শিমশেক জানিয়েছেন, ক্যাপিটাল মার্কেটস বোর্ডের (এসপিকে) কার্যক্রম আরও কার্যকর করতে একটি ‘প্রযুক্তিগত রূপান্তর প্রকল্প’ প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, ‘এই কাঠামোর আওতায় কারসাজি প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা-সমর্থিত আগাম সতর্কীকরণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।’