শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৮, ২৮ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক পরিস্থিতি

লেনদেন-সূচক বাড়লেও কমেছে বাজার মূলধন

লেনদেন-সূচক বাড়লেও  কমেছে বাজার মূলধন

ছবি সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও প্রধান মূল্যসূচক বেড়েছে। দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২০ শতাংশ। লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে ১১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২২০টির।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ সূচক ছিল ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্ট। অর্থাৎ এক সপ্তাহে সূচক বেড়েছে ২০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ।

এছাড়া ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ শূন্য দশমিক ২৪ শতাংশ বা ৫ দশমিক শূন্য ৪ বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসই শরিয়াহ্ ১ দশমিক শূন্য ৪ শতাংশ বা ১১ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে নেমেছে। অন্যদিকে এসএমই খাতের সূচক ডিএসএমইএক্স ১০ দশমিক ৪০ শতাংশ বা ৯৬ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৮০৮ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে গড় লেনদেন বেড়েছে ১৫৯ কোটি ৬৭ লাখ টাকা বা ১৯ দশমিক ৭৪ শতাংশ।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৪৩ কোটি ৬০ লাখ টাকা। এ সময়ে হাত বদল হওয়া শেয়ার ও ইউনিটের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ কোটি ২৭ লাখে, আগের সপ্তাহে যা ছিল ১২২ কোটি ২৩ লাখ।

লেনদেন ও সূচক বাড়লেও বাজার মূলধন কমেছে। গত সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকা। আগের সপ্তাহের শেষে তা ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ টাকা। এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৩ হাজার ১০২ কোটি ৮৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৪৬ শতাংশ।

বাজারের সার্বিক চিত্রেও ছিল দরপতনের আধিক্য। গত সপ্তাহে ১১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৪২টির এবং কমেছে ২২০টির। ৩০টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি। অর্থাৎ প্রধান বাজারে দরপতন হওয়া কোম্পানির সংখ্যা দরবৃদ্ধি পাওয়া কোম্পানির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল বস্ত্র খাতের। ডিএসইর মোট গড় লেনদেনের ২৩ দশমিক ৮৫ শতাংশ এসেছে এ খাত থেকে। গত সপ্তাহে বস্ত্র খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৩০ কোটি ৯১ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪২ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫৯ দশমিক ৬৯ শতাংশ বেশি। মোট লেনদেনে ব্যাংক খাতের অংশ ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১০৭ কোটি ২৩ লাখ টাকা। এ খাতে লেনদেন বেড়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ।

অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ২৪ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৩ কোটি ২৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। সাধারণ বিমা খাতে লেনদেন কমেছে ১০ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, মিউচুয়াল ফান্ড এবং সেবা ও আবাসন খাতেও দরপতনের প্রবণতা দেখা গেছে।

সাপ্তাহিক খাতভিত্তিক রিটার্নের চিত্রে সবচেয়ে ভালো অবস্থানে ছিল সিরামিক খাত। এ খাতের রিটার্ন ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। ব্যাংক খাতে রিটার্ন ছিল ২ দশমিক ৯৫ শতাংশ এবং বিবিধ খাতে ২ দশমিক ৬৭ শতাংশ। বিপরীতে পাট খাতে সর্বোচ্চ ঋণাত্মক রিটার্ন ছিল ৫ দশমিক ০৭ শতাংশ। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ঋণাত্মক রিটার্ন ছিল ৩ দশমিক ৩৮ শতাংশ।

গত সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানির তালিকায় শীর্ষে ছিল মালেক স্পিনিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ টাকার। এরপর রয়েছে বেক্সিমকো, আইপিডিসি, এসিএমই প্ল্যান্টেশন এবং সাইহাম টেক্সটাইল।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল রিজেন্ট টেক্সটাইল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম ২৬ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে ২৪ দশমিক ১১ শতাংশ। বেক্সিমকোর শেয়ারের দাম বেড়েছে ২৩ দশমিক ৫৮ শতাংশ।

অন্যদিকে দরপতনের তালিকায় শীর্ষে ছিল সামিট পাওয়ার। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম ১১ দশমিক ৮৩ শতাংশ কমে ১৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। এরপর রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যাল, আর্গন ডেনিমস ও অ্যাকটিভ ফাইন।

গত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ২২৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া এসএমই বোর্ডে ৫৫ কোটি ৬৯ লাখ টাকা, এটিবি বোর্ডে ৯৬ লাখ ৯০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।