শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নূর হোসেন মামুন ও সাখাওয়াত সাব্বির

প্রকাশ: ২১:৪৮, ২৮ নভেম্বর ২০২৬

গ্রামীণ পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

গ্রামীণ পণ্যের প্রদর্শনীতে সীমাবদ্ধ চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে চট্টগ্রামে বসেছে নিম্নমানের ও সাধারণ গ্রামীণ পণ্যের বাজার। বিদেশি প্রতিষ্ঠান ও স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশগ্রহণ তুলনামূলক কম। মেলায় নেই উল্লেখযোগ্য বিদেশি ক্রেতা ও বাণিজ্যিক যোগাযোগের দৃশ্যমান কার্যক্রম। অন্যদিকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগমের জন্য আয়োজন করা এ মেলায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা, জরুরি অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থাও নেই। দর্শনার্থীদের অভিযোগ জানানোর জন্য রাখা হয়নি অভিযোগ বাক্স। স্টল ভাড়া বাড়লেও বাড়েনি অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন ও ব্যবস্থাপনার মান নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থী, ব্যবসায়ী ও ভোক্তা অধিকারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

দুই বছর বিরতির পর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে মেলার পণ্য ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ধরন দেখে একে আন্তর্জাতিক বাণিজ্যিক আয়োজনের চেয়ে সাধারণ পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র বলেই মনে করছেন অনেকে।

গত বৃহস্পতিবার সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে সাধারণ গৃহস্থালি সামগ্রী, প্লাস্টিক পণ্য, পোশাক ও নানা ধরনের ছোটখাটো পণ্যের পসরা সাজানো হয়েছে। এসব পণ্যের অনেকগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে। অথচ আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যতম উদ্দেশ্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি, বিদেশি পণ্যের প্রদর্শন, নতুন বাজার অনুসন্ধান এবং আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি করা। এবারের মেলায় বিদেশি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্র্যান্ডের অংশগ্রহণ তেমন চোখে পড়েনি।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী তাফসির হোসেন বলেন, মেলায় প্রদর্শিত অধিকাংশ পণ্যই সাধারণ ফুটপাতের নিম্নমানের পণ্যের মতো। এসব পণ্যের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামের সামঞ্জস্য খুঁজে পাওয়া কঠিন। নগরের গোলাম রসুল মার্কেটে এসব পণ্যের চেয়ে ভালো মানের পণ্য আরও কম দামে পাওয়া যায়।

সপরিবারে মেলায় আসা বেসরকারি চাকরিজীবী সিয়াম আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক নামের সার্থকতা তখনই থাকে, যখন বিদেশি ব্যবসায়ী ও স্বনামধন্য ব্র্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়। চীনের ক্যান্টন ফেয়ারের মতো আন্তর্জাতিক মানের আয়োজনের পরিবর্তে মেলাটি এখন অনেকটা সাধারণ গ্রামীণ বা ফুটপাতের মেলায় পরিণত হয়েছে। এমনকি দেশের প্রতিষ্ঠিত বড় ব্র্যান্ডগুলোরও তেমন উপস্থিতি নেই।’

নিরাপত্তা ও জরুরি সেবায় ঘাটতি: পণ্যের মান ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের ঘাটতির পাশাপাশি মেলার নিরাপত্তাব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। মাসব্যাপী এ আয়োজনে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হওয়ার কথা। অথচ সরেজমিনে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র, জরুরি অ্যাম্বুলেন্স কিংবা প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা দেখা যায়নি। পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ও সিসিটিভি ক্যামেরার উপস্থিতিও চোখে পড়েনি। জরুরি পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপদে বের হওয়ার পথ নিয়েও প্রশ্ন রয়েছে।

এ ছাড়া দর্শনার্থীদের অভিযোগ জানানোর জন্য কোনো অভিযোগ বাক্স রাখা হয়নি। ফলে পণ্য কেনাবেচা, মূল্য নির্ধারণ কিংবা সেবার মান নিয়ে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা নিয়েও অসন্তোষ রয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সাধারণত মেলাগুলোতে কম দামের পণ্য বেশি দামে বিক্রি এবং নানা ধরনের অনিয়ম দেখা যায়। তবে চেম্বারের মতো একটি নামকরা প্রতিষ্ঠানের আয়োজিত মেলায় এসব হওয়া উচিত নয়। এখানে মানহীন ও নকল পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। অথচ এসব তদারকির কোনো কার্যকর ব্যবস্থা নেই।

তিনি আরও বলেন, মেলায় কার্যকর নজরদারি নেই। অ্যাম্বুলেন্স নেই, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে বের হওয়ার পর্যাপ্ত জরুরি পথও চোখে পড়েনি। প্রস্তুতির অনেক ঘাটতি রয়েছে। আয়োজকেরা অন্যদের দায়িত্ব দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছেন। ঠিকাদারের কাছ থেকে রয়্যালটির টাকা পাওয়ার পর আয়োজকদের আর কোনো দায়দায়িত্ব আছে বলে মনে হচ্ছে না। এতে মনে হচ্ছে, ব্যবসায়িক স্বার্থ ও আয়ের জন্যই মেলার আয়োজন করা হচ্ছে।

ভাড়া বেড়েছে, বাড়েনি সুযোগ-সুবিধা: মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে অসন্তোষ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টলমালিক জানান, দুই বছর আগে যে আকারের স্টল নিতে তাদের এক লাখ টাকা খরচ হয়েছিল, এবার একই আকারের স্টলের জন্য দিতে হয়েছে দেড় লাখ টাকা। অর্থাৎ দুই বছরের ব্যবধানে স্টল ভাড়া বেড়েছে ৩০ শতাংশ। ব্যবসায়ীদের অভিযোগ, স্টল ভাড়া বাড়লেও সে অনুযায়ী মেলার অবকাঠামো, প্রচারণা ও সুযোগ-সুবিধার মান বাড়েনি। দর্শনার্থীর উপস্থিতিও প্রত্যাশার তুলনায় কম। এতে স্টল পরিচালনার ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা।

ক্যাশ মেমো না দেওয়ার অভিযোগ: মেলায় পণ্য কেনাবেচার ক্ষেত্রেও ভোক্তা অধিকার উপেক্ষিত হওয়ার অভিযোগ উঠেছে। দর্শনার্থীদের অভিযোগ, অনেক স্টল থেকে পণ্য কেনার পর বিক্রয় রসিদ বা ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না। এতে পণ্যের প্রকৃত মূল্য যাচাই, বিক্রেতার পরিচয় শনাক্ত এবং ত্রুটিপূর্ণ পণ্য পরিবর্তনের ক্ষেত্রে ক্রেতারা ভোগান্তিতে পড়তে পারেন।

চট্টগ্রাম জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা অভিযান পরিচালনা করব।

মেলার সামগ্রিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার ঘাটতির বিষয়ে জানতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের বাইরে অবস্থান করছেন জানিয়ে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, মেলায় শিগগিরই মেডিকেল ক্যাম্প স্থাপন এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করা হবে। এসব প্রস্তুতি সম্পন্ন হলে দর্শনার্থীদের জন্য মেলা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করছি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্থকতা শুধু পণ্য প্রদর্শন ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। বিদেশি ব্যবসায়ী ও ক্রেতাদের অংশগ্রহণ, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ, মানসম্মত পণ্য এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও এ আয়োজনের গুরুত্বপূর্ণ শর্ত। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।